নর্দেকে রাখতে পারবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি নর্দে
সনি নর্দে

এই দেশের ফুটবলেই একটা সময় খেলে গেছেন বিশ্বকাপে খেলা ফুটবলাররা। ইরাকের সামির শাকির, করিম মোহাম্মদ আলভি, ইরানের নাসের হেজাজি আর নাইজেরিয়ার এমেকা ইজিউগো ঢাকা মাঠে খেলে যাওয়ার আগে-পরে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এই দেশে খেলে গেছেন উজবেকিস্তানের জাতীয় দলের আজামত আবদু রহিমত এবং রাশিয়ার বরিস কুজনেতসভ। কুজনেতসভ ১৯৯১-৯২ মৌসুমে মোহামেডানের হয়ে খেলার পর ’৯২-এর ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি ছিলেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া সোভিয়েত রাষ্ট্রগুলোর সম্মিলিত দলে। সের্গেই জুকভের কথাও না বললেই নয়। ইরানি নালজেগার, বোরহানজাদেহ, ভিজেন তাহিরি, মোর্তজার মতো ফুটবলারদের স্মৃতি আজও নস্টালজিয়ায় আক্রান্ত করে এ দেশের ফুটবলপ্রেমী মানুষকে।

অবতরণিকায় উল্লিখিত ফুটবলাররা এখন অতীত দিনের নস্টালজিয়া। বর্তমানে এ দেশের ফুটবলে যে বিদেশিরা খেলছেন, তাঁদের নিম্নমান নিয়ে নতুন করে বলার কিছু নেই। এসব বিদেশির বৈদেশিক মুদ্রা খরচ করে এ দেশের ক্লাবগুলো কেন খেলায়, এ দেশের ফুটবলের অনেক রহস্যের একটি হচ্ছে তা।

দেশি-বিদেশি ফুটবলারদের নিম্নমান, এ দেশের ফুটবলকে খাদের কিনারায় টেনে নিয়ে গেছে। এসব কারণেই ফুটবলের খবর রাখার মানুষ এখন এ দেশে কম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের পর দিন খেলা হয়ে যায়, কিন্তু কজন তার খবর রাখেন? গ্ল্যামারহীন দেশের ফুটবলের এই দুঃখজনক অবস্থায় সাম্প্রতিক সেনসেশন এক হাইতিয়ান ফুটবলারকে নিয়ে। গত দুই মৌসুম ধরে এই ফুটবলার আপন ক্রীড়াশৈলী দিয়েই নিজেকে চিনিয়েছেন আলাদা করে। মানহীন ফুটবলের মঞ্চে ওই হাইতিয়ান ইতিমধ্যেই চলে এসেছেন সবার মনোযোগের কেন্দ্রে।

তাঁর নাম সনি নর্দে। খেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। গত মৌসুমে শেখ রাসেল কেসির গাঢ় নীল-সাদা জার্সি গায়েই নিজেকে চিনিয়েছিলেন তিনি। আর্জেন্টিনার বোকা জুনিয়ার্স একাডেমির এই ফুটবলার গুণে ও মানে নিজেকে অন্য মাত্রার এক খেলোয়াড় হিসেবেই প্রমাণ করেছেন। এ বছর বিগ বাজেটের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখিয়েও নর্দে সেই পুরোনো রূপেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি এখন এক আতঙ্কের নাম। কিন্তু উঁচু মানের এই ফুটবলারকে কত দিন রাখতে পারবে বাংলাদেশ?

কলকাতায় আইএফএ শিল্ডে এই সনি নর্দেই এখন সবচেয়ে বড় তারকা। তাঁর গোলেই দুই দিন আগে শেখ জামাল ধানমন্ডি হারিয়েছে প্রবল প্রতিপক্ষ মোহনবাগানকে। শিল্ডের প্রথম দিন থেকেই নর্দের পারফরম্যান্স কলকাতার ফুটবল বোদ্ধাদের এতটাই মুগ্ধ করেছে যে আগামী মৌসুমে কলকাতার যেকোনো একটি বড় দলে খেলার ব্যাপারটি নাকি মোটামুটি ঠিকই হয়ে গেছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে নাকি ওই মোহনবাগানই। নর্দে নিজেও নাকি কলকাতায় খেলার ব্যাপারে নিজের আগ্রহের ব্যাপারটি প্রকাশ করেই ফেলেছেন। একটি বাংলা দৈনিককে কলকাতায় ফুটবল নিয়ে মাতামাতিতে মুগ্ধ হয়েই তিনি বলেছেন, ‘আমার গোলে যে দল ছিটকে গেল সেই দলের সমর্থকেরাই আমাকে নিয়ে মাতামাতি করছে। বাংলাদেশে ফুটবল নিয়ে তো কোনো ক্রেজই নেই। এখানে এসে মেক্সিকোর সান লুইস পাতোসির কথা মনে হচ্ছে। তাদের সমর্থকদের মতোই কলকাতার মানুষ ফুটবল-পাগল।’

নর্দে ঠিকই বলেছেন, এ দেশের ফুটবলে কোনো ক্রেজ নেই। ফুটবল নিয়েই যেন মাথাব্যথা নেই কারোর। কিন্তু নর্দে বোধ হয় জানেন না, এ দেশের এই মিইয়ে যাওয়া ফুটবলই একদিন উন্মাতাল করে দিত এ দেশের খেলা-পাগল মানুষকে।

নর্দেকে আগামী মৌসুমে কলকাতার ক্লাবগুলোর ছোবল থেকে রক্ষা করার কোনো উদ্যোগ কি ঢাকার ক্লাবগুলোর আছে? তাঁকে কি রেখে দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত শেখ জামাল? এ দেশের ফুটবলের স্বার্থেই নর্দেকে একটু বেশিই প্রয়োজন ঢাকার মাঠে।