নর্দেকে হারাবে না তো জামাল!

কলকাতায় দলের সঙ্গে থাকা শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদেরের মুঠোফোনের রিংটোনে বাজছিল, ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই...।’ গানটা যেন এই সময়ের প্রতীকীও। কলকাতার মাঠে বাংলাদেশের ফুটবলের জয়গানটা কী দারুণভাবেই না গাইছেন মামুনুল, নর্দে, ওয়েডসন, এমেকারা!
মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনাল। আর সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে উড়িয়ে দিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কলকাতা মাতিয়ে দিয়েছে শেখ জামাল। কলকাতায় এখন সবচেয়ে আলোচিত খেলোয়াড়ের নামও এই দলেরই একজন—সনি নর্দে। হাইতিয়ান ফরোয়ার্ডকে এরই মধ্যে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে মোহনবাগান। অন্যরাও আগামী মৌসুমের জন্য লোভাতুর চোখে তাকিয়ে নর্দের দিকে।
আইএফএ শিল্ড তাই শেখ জামালের জন্য বড় একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে। শিরোপা জয়ের চ্যালেঞ্জের চেয়েও যা কম বড় নয়। তা হলো, সনি নর্দেকে ধরে রাখা। ক্লাবের কর্ণধার মনজুর কাদেরকে অবশ্য একটুও চিন্তিত মনে হলো না, ‘চাইলেই তো ওরা নর্দেকে রেখে দিতে পারবে না। খেলোয়াড় কেনাবেচা-সংক্রান্ত ফিফার নিয়মকানুন আছে। সেটা মানতে হবে।’ শেখ রাসেলে খেলার সময় নর্দের পায়ের জাদু দেখেই তাঁকে রেকর্ড পারিশ্রমিকে দলে টেনেছেন কাদের। এক মৌসুমের জন্য পারিশ্রমিক ৭৩ হাজার ডলার, বাংলাদেশের ফুটবলের জন্য যা অভাবনীয়। টাকাটা যে অপাত্রে ঢালেননি, সেটির প্রমাণ তো নিয়মিতই দিয়ে যাচ্ছেন নর্দে। যেকোনো মূল্যে তাই তাঁকে ধরে রাখতে চান কাদের। উল্টো হুংকারও দিলেন, ‘আমাদের টাকাপয়সা কি ওদের চেয়ে কম আছে?’ দলের ম্যানেজার আবদুল গাফফার বললেন, ‘কাদের ভাইয়ের কাছ থেকে খেলোয়াড় নেওয়া কি এতই সহজ?’
শিল্ডে চার ম্যাচে তিন গোল নর্দের। কলকাতা মোহামেডানের কাছে হারা ম্যাচেও একটা গোল করেছেন। মোহনবাগানের বিপক্ষে তাঁর ফ্রি-কিকের গোলটি তো ছিল বিশ্বমানের। পরশু ইস্ট বেঙ্গলের বিপক্ষেও করেছেন চমৎকার এক গোল। বোকা জুনিয়র্স ‘বি’ টিমের সাবেক ফুটবলারের পারফরম্যান্সের কাছে ম্লান হয়ে গেছেন ইস্ট বেঙ্গলের মগা-চিডিরা। বল নিয়ে নর্দের কারিকুরি দর্শকদের মনে ছড়িয়ে দিয়েছে মুগ্ধতার আবেশ।
ঢাকার চেয়েও কলকাতায় যেন বেশি আলো ছড়াচ্ছেন নর্দে। মনজুর কাদের এই রহস্যের উত্তর খুঁজে পাচ্ছেন কৃত্রিম টার্ফে, ‘অ্যাস্ট্রো টার্ফেই মনে হলো বেশি ভালো খেলে ও। তবে ও একা নয়, টার্ফে চার ম্যাচে আমার দলের প্রতিটি ছেলেই ভালো খেলেছে।’
পুরো শেখ জামাল দলটাই কলকাতায় ভিজছে প্রশংসাবৃষ্টিতে। স্থানীয় গণমাধ্যম ধুয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলকে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘ঐতিহাসিক হার ইস্ট বেঙ্গলের। গতি আর ফিটনেসের কাছে অসহায় আত্মসমর্পণ মগাদের।’ এই সময়-এর শিরোনাম, ‘শেখ জামালের কামাল এই বাংলায়।’ সংবাদ প্রতিদিন-এর শিরোনাম, ‘সাইক্লোনে বিধ্বস্ত ইস্ট বেঙ্গল।’ বর্তমান লিখেছে, ‘ইস্ট বেঙ্গলকে নিয়ে ছেলেখেলা করে শিল্ড ফাইনালে ধানমন্ডি।’
শেখ জামালের পারফরম্যান্স বাংলাদেশের ফুটবলের এমনই বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে যে কলকাতার ক্লাবগুলোও বাংলাদেশে খেলতে আসার আগ্রহ জানাচ্ছে। দুই দেশের বড় ক্লাবগুলোকে নিয়ে ঢাকায় একটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তাও করছেন মনজুর কাদের, ‘দুই দেশের ছয় থেকে আট ক্লাবকে নিয়ে একটি টুর্নামেন্টের পরিকল্পনা আছে আমাদের। মোহনবাগানের এক শীর্ষ কর্মকর্তা আগ্রহও প্রকাশ করেছেন।’ তবে সেটা ভবিষ্যতের ব্যাপার, আপাতত তাঁর স্বপ্নে শুধুই শিল্ড, ‘আমি এখন ওসব নিয়ে ভাবছি না। সবার আগে শিল্ডটা ঢাকায় নিয়ে আসি।’
মনে করিয়ে দিতে ভুললেন না, ‘শেষ ভালো যার সব ভালো তার।’