নর্দেকেই শুধু রুখতে পারেনি সকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সকার মাঠে সবই করল, কিন্তু পারল না শুধু সনি নর্দেকে রুখতে। তাই মাঠে অনুজ্জ্বল থাকলেও নয় কোটি টাকার দলকে জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয়নি। সনি প্রতিপক্ষের বাধার দেয়াল ভেঙে ঠিকই একটা গোল করে শেখ জামালকে জেতালেন (১-০)। প্রত্যাশিতভাবেই ফেডারেশন কাপে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল।
উত্তর বারিধারার বিপক্ষে আগের ম্যাচে নর্দে করেছিলেন দুই গোল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকারের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটা পেলেন ১৭ মিনিটে। মোবারকের সাজিয়ে দেওয়া বলে জোরালো শটে করলেন লক্ষ্যভেদ।
আগেই শেষ আটে উঠে যাওয়ায় কাল হেরেও হতাশা ছিল না সকারের। বরং কোচ ওমর সিসে তাঁর খেলোয়াড়দের প্রশংসাই করলেন। এই সিসে শেখ জামালের একাডেমির কোচ ছিলেন। সেই শেখ জামালকেই মাত্র এক গোলে আটকে রাখা তাঁর জন্য একটা জয়ও। কথার মধ্যে একটা খোঁচা ছিল, কিন্তু সিসে ভুলও বলেননি, ‘আমি এই ম্যাচে শেখ জামালের কোচ হলে অন্তত পাঁচ গোলে জিততাম। ম্যাচে সবই করলাম, নর্দেকেই শুধু আমরা আটকাতে পারিনি।’