নর্দেদের আগুনে পুড়ল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব প্রতিরোধ ভেঙে গোলের জন্য ছুটছেন সনি নর্দে। কাল আবাহনীর বিপক্ষে সেমিফাইনালেও ২ গোল করে ব্যবধান গড়ে দিয়েছেন শেখ জামালের এই হাইতিয়ান ফরোয়ার্ড   প্রথম আলো
সব প্রতিরোধ ভেঙে গোলের জন্য ছুটছেন সনি নর্দে। কাল আবাহনীর বিপক্ষে সেমিফাইনালেও ২ গোল করে ব্যবধান গড়ে দিয়েছেন শেখ জামালের এই হাইতিয়ান ফরোয়ার্ড প্রথম আলো

হাইতিয়ান প্লে-মেকার নর্দে একাই জেতাতে পারেন ম্যাচ। এটা জানাই। কিন্তু তাঁর স্বদেশি ওয়েডসন যা করলেন, সেটিও ভয়ংকর। এই দুজনের পাশে জ্বললেন নাইজেরিয়ান ডার্লিংটন। এই ত্রিমূর্তির ‘অগ্নিকাণ্ডে’ পুড়ে ছারখার আবাহনী। শেখ জামালের অল্প কিছু সমর্থকের উল্লাসের পাশে কাল সন্ধ্যায় ভরা গ্যালারির আবাহনী সমর্থকেরা ছিলেন বাকরুদ্ধ।
মোহামেডানের বিপক্ষে দুই গোল করে দলকে সেমিতে তোলা সনি নর্দে চোট পেয়েছিলেন ওই ম্যাচে। চোটমুক্ত হয়ে সেমিতে নেমেও দুরন্ত নর্দের পায়ে দুটি গোল। মজার ব্যাপার, শেখ জামালের ১০ নম্বর হলেন নর্দে, আর আবাহনীর ১০ নম্বর শাহেদ নামের এক তরুণ, যাঁর ঠিকানা বেশির ভাগ ম্যাচেই বেঞ্চ। এখানেই ব্যবধানটা বোঝা যায়। পেনাল্টি মিস না করলে তো নর্দের এদিন হ্যাটট্রিকই হয়ে যায়। ম্যাচের পর মাঠ থেকেই ফেসবুকে আপডেট দিলেন নর্দে। দুই গোলেই ২৪ বছরের তরুণ খুশি।
তবে নর্দে নন, ওয়েডসন খুলেছেন গোলের খাতা। নর্দে, ডার্লিংটনের সঙ্গে যিনি শেখ জামালের ৪-৩-৩ আক্রমণাত্মক ছকের অন্যতম বড় অস্ত্র। এই তিন অস্ত্রই জ্বলে ওঠায় ৩৯ মিনিটের মধ্যেই ৩-০। ফেড কাপের প্রথম সেমিতে তখন আবাহনী থরথর কাঁপছে। প্রেসবক্সে রসিকতা, ‘ওরে আজ তো ছয়-সাত গোলও খেতে পারে অমলেশ-রুপুর আবাহনী!’
কাগজের শক্তিতে এ মৌসুমে শেখ জামাল এক, আবাহনী দুইয়ে। মৌসুমসূচক এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তিন ম্যাচেও পোস্ট অক্ষত। কিন্তু আসল পরীক্ষার দিনে শেখ জামাল বোঝাল দুইয়ের সঙ্গে কয় মাইল তাদের ব্যবধান।
শুধু রক্ষণকে দোষারোপ করে কপাল চাপড়ে লাভ নেই আবাহনী পরিবারের। নর্দেরা আবাহনীর রক্ষণ আসলে ভেঙে ছত্রখান করেছেন। প্রথমার্ধে আবাহনীকে লাগল পাড়ার টিম। সামান্য চোট থাকায় ডিফেন্ডার সুজন খেলেননি। ফিরেছেন ওয়ালি ফয়সাল। মিডফিল্ডার ইয়োকো এলেন সেন্টারব্যাকে। কিন্তু শেখ জামালের ক্ষুরধার আক্রমণভাগের সামনে এই রক্ষণ বালির বাঁধের মতো ভেঙে পড়ল।
ম্যাচের চার মিনিট পরই ডার্লিংটনের একটা চিপ ধরতে আবাহনী গোলরক্ষক সোহেল ব্যর্থ। দ্বিতীয় পোস্টে আড়াআড়ি বল তুলে দিলেন ওয়েডসন (১-০)। কুড়ি মিনিটে নর্দের পরিপূর্ণ জ্বলে ওঠা। মিশুর ব্যাকপাস ধরতে পারেননি সোহেল। অন্য ডিফেন্ডাররা তখন কেউ ‘দিল্লি’, কেউ ‘ব্যাংকক’, কেউ ‘লন্ডনে’! নর্দে কোনাকুনি শটে বল পাঠান জালে (২-০)। নর্দের শটে তৃতীয় গোলটা ৩৯ মিনিটে, আবাহনীর রক্ষণকে ঘোল খাইয়ে নর্দে-ওয়েডসন ‘শো’-এর সেরা প্রদর্শনী।
গোল আরও পেতে পারত যোসেফ আপুসির দল। তৃতীয় গোলটার আগে ওয়েডসনের জোরালো শট লাগে আবাহনীর পোস্টে। শেষ মুহূর্তে নর্দে নষ্ট করলেন পেনাল্টি। তাঁকেই বক্সে ফাউল করেছিলেন ইয়েকো। অতি আত্মবিশ্বাসী নর্দে পেনাল্টি মারেন পোস্টের বাইরে। টানা চতুর্থবার ফেডারেশন কাপে ফাইনালে ওঠা শেখ জামাল ওই পেনাল্টি মিসটাকে অবশ্য মনে রাখেনি।
প্রথমার্থে ছন্নছাড়া আবাহনী দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ালেও জামালের গোলরক্ষক জিয়া হয়ে ওঠেন দুর্ভেদ্য। বলা হচ্ছিল, ম্যাচটা নর্দে বনাম মরিসন লড়াইয়ের বিজ্ঞাপন হতে পারে। কিন্তু আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকার মরিসন এদিন যেন ভোঁতা অস্ত্র। শুধু একবারই একটা ভালো হেড নেন পোস্টে, সেটিও প্রতিহত জিয়ার দেয়ালে।
এই মৌসুমের জন্য প্রায় তিন মাস প্রস্তুতি নিয়েছে শেখ জামাল। আবাহনী অল্প কয়েক দিন। উপরন্তু ফেড কাপ শুরুর আগের দিন অস্ট্রেলিয়ান কোচ নাথান হলকে বিদায় দিয়েছে আবাহনী। দল উজ্জীবিত নয়। শেখ জামালের ফিটনেস ট্রেনার আছে। আবাহনীর নেই। ফিটনেসেই আবাহনী অনেক পিছিয়ে। দুই ব্রাজিলিয়ান খেলোয়াড় ডি কাস্ত্রো ও ডি সুজা নিখোঁজই রইলেন ম্যাচে!
‘ধানমন্ডি ডার্বিতে’ ৩-০ গোলে আবাহনীর উড়ে যাওয়া তাই স্বাভাবিক পরিণতি! সমর্থকেরা হাহাকার করা ছাড়া আর কী
করবে!