শেখ জামাল ৩: ০ মোহামেডান; আবাহনী ২: ১ বিজেএমসি; চট্ট. আবাহনী ০: ০ ফেনী সকার
নর্দেদের হাতে চূর্ণ মোহামেডান

বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সের সামনে একটা মোটরগাড়ি সাজিয়ে রাখা। প্রতীকী পুরস্কার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দলকে এটির পরিবর্তে বড় একটা গাড়ি দেবে স্পনসর প্রতিষ্ঠান নিটল-টাটা। তা কোন দল ওই গাড়িটা জিতবে?
২৭ ম্যাচের লম্বা লিগে ১৪ ম্যাচ শেষে উত্তর দেওয়া কঠিন। তবে মাঝপথে এসে অনেকটা এগিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি। সনি নর্দেদের ঝলকে মোহামেডানকে কাল ৩-০ গোলে চূর্ণ করে বাংলাদেশ লিগে শিরোপা পুনরুদ্ধারে আরও আত্মবিশ্বাসী যোসেফ আপুসির দল। যেভাবে চিত্রনাট্য এগোচ্ছে, শেখ জামালেরই লিগ জয়ের সম্ভাবনা এবার সবচেয়ে উজ্জ্বল।
পেছনে তাকিয়ে শেখ জামাল নিকটতম প্রতিদ্বন্দ্বীদের দেখছে খানিকটা পেছনে। মোহামেডানের কাছে গত ম্যাচে পরাজিত আবাহনী কাল বিজেএমসিকে ২-১ গোলে হারালেও দুই দলের ব্যবধান ৬ পয়েন্ট। ১৪ ম্যাচে জামাল ৩৪। আবাহনীর ২৮। ২৩ পয়েন্ট নিয়ে মোহামেডান শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে।
মোহামেডান কোচ রুই ক্যাপেলা বাস্তববাদী। তাই লিগ জয়ের তেমন আশা দেখছেন না কালকের হারের পর, ‘আমাদের পক্ষে ÿশিরোপা জেতা হয়তো সম্ভব। তবে শেখ জামালের চেয়ে ১১ পয়েন্ট পেছনে থাকা মানে আমাদের জন্য অনেক কঠিন পথ।’
কক্ষপথে থাকতে এ ম্যাচে জয় জরুরি ছিল মোহামেডানের। ম্যাচটাকে তাই শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। সে হিসেবে যতটা আগুন ঝরানোর কথা এই দ্বৈরথ, সেটির ১০ ভাগও হয়নি। আগুন শুরুতেই নিভিয়ে দিয়েছেন শেখ জামালের ত্রিমূর্তি-নর্দে, ডার্লিংটন, ওয়েডসন। কলকাতার আইএফএ শিল্ড মাতিয়ে আসার পর কালই প্রথম তাঁরা বিষদাঁত বের করে ছোবল হেনেছেন নির্দয়ভাবে। এই ত্রিফলার আক্রমণ বাংলাদেশের কোনো রক্ষণ আটকানোর ক্ষমতা রাখে না, সেটি আবার প্রমাণিত।
বিশেষ করে নর্দে যেদিন খেলেন, প্রতিপক্ষ ছিন্নভিন্ন হয়ে যায়। পুরো ছন্দের নর্দে এদিন ১২ মিনিটে সম্মিলিত একটা আক্রমণ থেকে দারুণ শটে গোলও করলেন। বাকি দুই গোলে রাখলেন বড় অবদান। তৃতীয় গোলের পর পায়ে খানিক চোট নিয়ে মাঠ ছেড়েছেন হাইতিয়ান প্লে-মেকার।
শেখ জামাল দ্বিতীয় গোল পেয়েছে ২২ মিনিটে। বাঁ প্রান্ত থেকে নর্দের ক্রস, গোলের সামনে বল নামিয়ে দেন ওয়েডসন। ডার্লিংটনের টোকায় লক্ষ্যভেদ। তৃতীয় গোলটিও ডার্লিংটনের, যেটি সাজিয়ে দিয়েছিলেন নর্দেই। তাঁর ক্রসে এলোমেলো মোহামেডানের রক্ষণ, ডার্লিংটনের গায়ে লেগে বল জালে।
মোহামেডানের কোচ রক্ষণাত্মক বলে অনেকে সমালোচনা করছিলেন। তবে কাল শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে মরিয়া ক্যাপেলা আক্রমণে রাখেন পাঁচজনকে-সবুজ, ওয়াহেদ, এমিলি, জঙ্গো ও পিন্টো (পর্তুগিজ)। শুরুতে একটা বল বারেও লাগল। তবে পাল্টা-আক্রমণে শেখ জামালের গতির সঙ্গে এঁটে উঠতে পারল না মোহামেডানের রক্ষণ।
আবাহনীকে ভোগাচ্ছিল তাদের আক্রমণভাগ। প্রথমার্ধে গোল না পেয়ে চিন্তায় পড়ে গিয়েিছল আকাশি-নীলরা। ৫৫ মিনিটে মরিসনকে বক্সে ফেলে দেওয়ার সুবাদে পাওয়া পেনাল্টিতে গোল করেন সুয়ারেস। ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ, গোলদাতা শাহেদ। অতিরিক্ত সময়ে ২-১ করেন ইসমাইল বাঙ্গুরা। কাঁপতে কাঁপতে জয় পেল আবাহনী।
চট্টগ্রামে জয়টা বেশি জরুরি ছিল অবনমন অঞ্চলে থাকা চট্টগ্রাম আবাহনীর। কিন্তু ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনী হারাতে পারেনি ফেনী সকারকে (০-০)।