নর্দের চোখ এখনো ইউরোপেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছ থেকে অগ্রিম পেয়েছেন ৩৫ হাজার ডলার। পুরো টাকাই তুলে দিয়েছেন মায়ের হাতে। মায়ের তৈরি পোশাক বিক্রির দোকান আছে হাইতিতে। ছেলে সনি নর্দের কাজ হলো তাতে তহবিল জোগান দেওয়া। সেটি তিনি ভালোভাবেই করে যাচ্ছেন।গত মৌসুমে অবশ্য অতটা পারেননি। শেখ রাসেলে প্রথম খেলতে এসে পেয়েছেন মাসে চার-পাঁচ হাজার ডলার করে। তখন তো আর হাইতিয়ান প্লে-মেকারকে সেভাবে জানত না কেউ। তার পরও অঙ্কটা ঢাকার ফুটবলের গড়পড়তা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশিই ছিল। সেটি এবার অনেক বেড়ে যাওয়ার কারণ, গত মৌসুমের পারফরম্যান্স। শেখ রাসেলের ‘ট্রেবল’ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল যে তাঁরই।পারিশ্রমিকের অঙ্কটা অনেক বেড়ে যাওয়াতেই আবার ফিরে এসেছেন ঢাকায়। মনজুর কাদের, মানে শেখ জামাল সভাপতির ‘অবদানও’ এতে কম নয়। গত মৌসুমে নর্দের খেলা দেখে মুগ্ধ মনজুর কাদের মৌসুম শেষ হওয়ার আগেই সনিকে ডেকে বললেন, ‘খেলবে আমার দলে?’ প্রস্তাবটা শুনে সনি আগপাছ আর ভাবেননি। ভারতের আই লিগের একটা দলের প্রস্তাবকেও গুরুত্ব দেননি। শেখ জামালের কাছে এক মৌসুমের জন্য ৭৫ হাজার ডলার চেয়ে রফা হয়েছে ৭৩ হাজারে। বাংলাদেশের ফুটবলে এটা এক রেকর্ড। এ দেশে কিছু ব্যতিক্রম বাদ দিলে বিদেশিদের মাসে এক-দুই হাজার ডলারও ঠিকভাবে দিতে পারে না অনেক ক্লাব, সেখানে কিনা সনি অগ্রিমই পেলেন ৩৫ হাজার ডলার!মনজুর কাদের টাকা খরচে উদার, এটা সত্য। কিন্তু এটাও ঠিক, টাকাটা তিনি অপাত্রে ঢালেননি। অনেক বছরের মধ্যে ঢাকার ফুটবলে সেরা বিদেশি বলে সবাই মেনে নিয়েছেন সনিকে। দলের প্রাণভোমরা হয়ে অনেকটা একাই টেনে নেন দলকে। যেটি তিনি শেখ রাসেলের হয়ে দেখিয়েছেন।কিন্তু সনি যে বাংলাদেশে পা রাখার পর থেকেই বলছিলেন, ইউরোপে খেলাই তাঁর স্বপ্ন। বাংলাদেশে এক মৌসুম খেলেই চলে যাবেন। গেলেন না কেন? গত মৌসুম শেষে ইংল্যান্ডে দ্বিতীয় বিভাগের একটা দলে ট্রায়াল দিতে যাওয়ার কথা ছিল। সেটিরই বা কী হলো?এসব প্রশ্ন নিয়ে কাল সনি নর্দের মুখোমুখি হওয়া। শেখ জামাল ক্লাবে সকালের অনুশীলন শেষে মনের অর্গল খুলে দিলেন বেশির ভাগ সময় মিডিয়াকে এড়িয়ে চলতে পছন্দ করা সনি। সেটির একটা কারণ অবশ্য অনুমান করা গেল তাঁর প্রথম কথাটা থেকেই, ‘আমি ভাই ইংরেজি ভালো পারি না। আমাকে মাফ করুন।’মুশকিলে আসান হয়ে এলেন শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসি। দুজনই ফ্রেঞ্চ জানেন। আপুসি ইংরেজিটাও মোটামুটি ভালোই বলতে পারেন। এক পাশে বসিয়ে ইংরেজি অনুবাদে শোনা হলো সনির ফ্রেঞ্চ। বললেন, ‘শেখ জামালের আর্থিক প্রস্তাবটা ওই সময় আমার কাছে ভালো মনে হয়েছে। তাই এই ক্লাবে এসেছি খেলতে।’কিন্তু ইংল্যান্ডে ট্রায়াল দেওয়ার কী হলো? ‘শেখ জামালের সঙ্গে সব চূড়ান্ত হওয়ায় আমি আর ইংল্যান্ডে ট্রায়াল দিতে যাইনি। সেখানে টিকব, এটার নিশ্চয়তা তো ছিল না। তা ছাড়া শেখ জামালের চেয়েও সেখানে বেশি পাব মনে করিনি।’শুধু ৭৩ হাজার ডলার নয়, মনজুর কাদের নাকি সনিকে গোলপ্রতি ২০০ ডলার করেও দিতে চেয়েছিলেন। চ্যাম্পিয়ন হলে প্রাইজমানি-টানিসহ অঙ্কটা প্রায় এক লাখ ডলারে পৌঁছাত!কিন্তু এটা হতে দেননি শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম। ক্লাব লনে বসে অনুশীলন দেখতে দেখতে বলছিলেন, ‘আমরা কাদের ভাইকে ঠেকিয়েছি। কারণ, সনিকে গোলপ্রতি ২০০ ডলার দিলে সেটা দলে বিরূপ প্রভাব ফেলতে পারত। তা ছাড়া তখন সনি নিজেই সব গোল করতে চাইত।’সনি গোল করার চেয়ে গোল করান বেশি। গত মৌসুম শেষে দেশে গিয়ে হাইতি জাতীয় দলের হয়ে ছয়টি প্রীতি ম্যাচ খেলেছেন। চারটি কানাডায় ক্লাব দলের সঙ্গে, দুটি যুক্তরাষ্ট্রে, সেটিও ক্লাবের বিপক্ষে। নিজে তিনটি গোল করেছেন, আর বানিয়ে দিয়েছেন অনেক। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোরিয়ার মাটিতে হাইতির ফিফা প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দলের কোচ সনিকে বলে রেখেছেন। সনি যাবেনও খেলতে।এখন অনেকটা নির্ভার জীবন তাঁর। বছর দুয়েক আগে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়িটা আবার তুলেছেন। মায়ের ব্যবসায় এসেছে সুদিন। তিনি নিজেও ভবিষ্যতে ইউরোপে খেলে আরও সচ্ছল জীবনের স্বপ্ন দেখেন।সেটি যে সনির পক্ষে সম্ভব, আরিয়াল কোলম্যানের এতে কোনো সন্দেহ নেই। বোকা জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা সনিকে আগে থেকেই চেনেন আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার। শেখ জামালে কাজ করতে এসে সেই সনিকে দেখে আপ্লুত কোলম্যান, ‘ও বোকার জুনিয়র দলে খেলেছে। আমি তো মনে করি, বোকার “এ” টিমেও ও খেলার সামর্থ্য রাখে।’কথাটা সনির কানে গেল কোলম্যানের ‘ফ্রেঞ্চ’ হয়ে। সনি হাসেন। সেই হাসিতে লুকিয়ে থাকে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের পর ইউরোপে নাম লেখানোর স্বপ্ন। আপাতলাজুক সনি শেখ জামালে খেললেও চোখটা কিন্তু এখনো সেখানেই রেখেছেন, ‘বাংলাদেশে এবার আরও ভালো খেলে ইউরোপে যেতে চাই’।