নর্দের চোখ কলকাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মঞ্চে নিজেকে আরও মেলে ধরার প্রতিজ্ঞা করেই যেন গিয়েছিলেন কলকাতায়। সনি নর্দে এই মিশনে পুরোপুরি সফল। ফ্রি-কিক থেকে দুটি বিশ্বমানের গোলসহ আইএফএ শিল্ডে চার গোল করে হয়েছেন সেরা খেলোয়াড়। হাইতিয়ান প্লে-মেকারের ওপর তাই চোখ পড়েছে কলকাতার বড় দলগুলোর।
আইএফএ শিল্ড চলার সময়ই মোহনবাগানের ফুটবলপ্রধান স্বপন ব্যানার্জি শেখ জামালের কর্মকর্তাদের বলেছেন, নর্দেকে তাঁদের চাই। মামুনুলের ব্যাপারেও নেওয়ার আগ্রহ দেখিয়েছে মোহনবাগান। এই দুজনের দিকে চোখ পড়েছে কলকাতা মোহামেডান, ইস্ট বেঙ্গলেরও।
নর্দে নিজে কী ভাবছেন? কাল তিনি বললেন, ‘আমি পেশাদার ফুটবলার। কলকাতার ক্লাব আমাকে ঢাকার চেয়ে বেশি টাকা দিলে আমি নিশ্চয়ই তা গ্রহণ করব।’ এ মৌসুমে শেখ জামালের সঙ্গে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আপাতত দলবদলের সুযোগ নেই নর্দের। সেটি জানেন বলেই বলছেন, ‘এখন আমি চাইলেই অন্য ক্লাবে যেতে পারব না। কারণ শেখ জামালের সঙ্গে আমার চুক্তি রয়েছে। তবে সময় হলে কলকাতার প্রস্তাব ভেবে দেখব।’
নর্দেকে ধরে রাখাটা বড় একটা চ্যালেঞ্জই শেখ জামালের জন্য!