নস্টালজিয়ার লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় আবাহনী-মোহামেডানের লড়াই আলোড়ন তুলত দেশময়। পুরো দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ত নিজ নিজ সমর্থিত দলের সাফল্যের প্রত্যাশায়। একেকটি পরিবারও বিভক্ত হয়ে যেত দুই ভাগে। কেউ আবাহনী আবার কেউ মোহামেডান। পাড়া-মহল্লা ছেয়ে যেত দুই ক্লাবের নীল-হলুদ কিংবা সাদা-কালো পতাকায়। ম্যাচের সময় চরম উত্তেজনায় ফাঁকা হয়ে যেত ঢাকার পথ-ঘাট। টেলিভিশন কিংবা রেডিওর সামনে বসে উত্তেজনায় টগবগ করতে করতে নখ কামড়াতে থাকতেন সমর্থকেরা। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের গ্যালারিতে থাকত দুই প্রধানের সমর্থকদের উত্তেজনার ঢেউ। ম্যাচ শেষে জয়ী দলের দিগ্বিজয়ী উল্লাস আর বিজিতের মৃত্যুসম শোক মাঝেমধ্যে সংঘর্ষের সূত্রপাত করত। তবে এসবই দূর অতীতের স্মৃতি। অন্তত একটি প্রজন্মের কাছে। বর্তমান প্রজন্মের কাছে এ সবকিছু রূপকথার গল্পের মতোই শোনায়। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বিতা, দ্বৈরথ যে এককালে বাংলাদেশেও ছিল, তা ভাবতে পারেন না এই প্রজন্মের অনেকেই। আজ সুপার কাপের কোটি টাকার লড়াইয়ে আবাহনী-মোহামেডান আবার মুখোমুখি। কালের স্রোতে জৌলুস হারিয়ে আবাহনী-মোহামেডান দ্বৈরথ এখন কেবলই ‘আরেকটি ফুটবল ম্যাচ’। ২০০৯ সালে সুপার কাপের প্রথম আসরে এমনই একটি আবাহনী-মোহামেডান ফাইনালে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিণত হয়েছিল জনসমুদ্রে। আজ তেমনই কিছু হবে কিনা, সেটা বলা না গেলেও মানুষ আবার এই ম্যাচকে ঘিরে মাঠমুখী হবে—এমন প্রত্যাশা করেন সবাই।আবাহনী-মোহামেডানের আজকের এই লড়াইয়ের আগে চলুন না ফিরে যাই সেই আনন্দময় অতীতে। দারুণ উত্তেজনার কয়েকটি আবাহনী-মোহামেডান ম্যাচের কথা মনে করার চেষ্টা করি। আজকের ‘ঢাকা ডার্বি’র আগে এ দেশের ফুটবলপ্রিয় মানুষকে একটু নস্টালজিয়ার পরশ বুলিয়ে দেওয়ার জন্যই ‘প্রথম আলো অনলাইন’-এর এই আয়োজন...• মাঠে গোলমাল, জেলহাজতে খেলোয়াড়েরা, লিগ লড়াই ১৯৮২আবাহনী ও মোহামেডানের মধ্যকার সবচেয়ে নাটকীয় লড়াই। ১৯৮২ সালের ফুটবল লিগের প্রথম পর্বের শেষ খেলা ছিল সেটি। মোহামেডান ১-০ গোলে এগিয়ে থাকার সময় সালাউদ্দিনের একটি হেড মোহামেডানের তরুণ গোলরক্ষক মহসীন গোললাইন থেকে ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়েরা তাতে গোলের দাবি জানান। রেফারি তা বাতিল করে দিলে সংঘর্ষে জড়িয়ে পড়েন খেলোয়াড়েরা। সেই সংঘর্ষ ধারণ করে ভয়াবহ আকার। ম্যাচটি পণ্ড হয়ে যায়। সেই রাতেই সামরিক বাহিনী ও পুলিশ গ্রেপ্তার করে আবাহনীর চার তারকা খেলোয়াড় সালাউদ্দিন, চুন্নু, হেলাল ও আনোয়ারকে। দেশে তখন সামরিক শাসন চলছিল। সামরিক আদালতে এই চার তারকার বিচার করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ দেশের ফুটবল তো বটেই খেলোয়াড়দের কারাদণ্ড দেওয়া বিশ্ব ফুটবলেরই এক নজিরবিহীন ঘটনা।• সালাউদ্দিনের বিদায়ী ম্যাচ, ১৯৮৪সেদিন ছিল বাংলাদেশের ফুটবল কিংবদন্তি কাজী সালাউদ্দিনের বিদায়ী ম্যাচ। তাঁর জীবনের শেষ আবাহনী-মোহামেডান দ্বৈরথ। ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। সেদিনই উত্থান হয়েছিল বাংলাদেশের ফুটবলের আরেক কিংবদন্তি স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলামের। প্রথমার্ধে আবাহনী আসলামের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সালাম মুর্শেদী গোল শোধ করে দেন। জোসির গোলে মোহামেডান আবার এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে গাফফারের একটি থ্রো থেকে দুরন্ত হেডে গোল করে আবাহনীর পরাজয় এড়ান শ্রীলঙ্কান ডিফেন্ডার পাকির আলী।• মনুর সেই গোল, ১৯৮৬১৯৮৬ সাল। আবাহনী তখন দুর্দান্ত দল। লিগ লড়াইয়েও মোহামেডান থেকে এগিয়ে আছে পয়েন্টের ব্যবধানে। শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে জিতলেই কেবল শিরোপা ঘরে যাবে মোহামেডানের। এমন একটি পরিস্থিতিতে অপেক্ষাকৃত দুর্বল একটি দল নিয়ে আবাহনীর মুখোমুখি হয় তারা। আবাহনী শিরোপার জন্য আটঘাট বেঁধেই মাঠে নামে। ভারত থেকে সেই ম্যাচের জন্য নিয়ে আসে চিমা ওকেরিসহ ভারতের জাতীয় দলের তিন তারকাকে। কিন্তু সেই ম্যাচে মনু ও ইলিয়াসের দেওয়া দুই গোলে আবাহনীকে পরাভূত করে মোহামেডান। মনুর দেওয়া গোলটি স্মৃতিতে থাকতে পারে অনেকেরই। প্রায় মধ্যমাঠ থেকে গোলরক্ষককে বাইরে দেখে একটি চিপ করেন সেসময়ের দ্রুতগতি সম্পন্ন এই উইঙ্গার। বলটি সোজা আবাহনীর ভারতীয় গোলরক্ষককে বোকা বানিয়ে ঢুকে যায় জালে। মনুও ঢুকে যান ইতিহাসের পাতায়।• আবাহনী-মোহামেডান ম্যাচ ইরাক-ইরান লড়াই... ১৯৮৭সে ম্যাচেও আবাহনী দুই পয়েন্টের অগ্রগামী সুবিধা নিয়ে মোহামেডানের বিপক্ষে খেলতে নামে। আবাহনীর একাদশ আলোকিত করেন ১৯৮৬-এর মেক্সিকো বিশ্বকাপে খেলা দুই ইরাকি তারকা সামির শাকির ও করিম মোহাম্মদ আলভী। মোহামেডানেও ছিল ইরানি তারকাদের মেলা। কোচ ছিলেন ১৯৭৮ সালের বিশ্বকাপে ইরানের গোলবার আগলানো নাসের হেজাজি। ছিলেন মর্তুজা ইয়াক্কেহ, নালজেগার ও বোরহানজাদেহ। ম্যাচটিতে মোহামেডান ৩-২ গোলে জিতে লিগ শিরোপার লড়াইয়ে টিকে যায়। প্রথমে মোহামেডান মর্তুজার গোলে এগিয়ে যায়। আসলাম পরক্ষণেই গোল শোধ করে দেন। প্রেমলালের গোলে পরবর্তী সময়ে এগিয়ে যায় আবাহনী। মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার এমেকা পেনাল্টি থেকে গোল শোধ করেন। খেলা শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে দীর্ঘ ১১ বছর আবাহনীতে খেলে সেই মৌসুমেই মোহামেডানে যোগ দেওয়া খুরশিদ বাবুল এক দুর্দান্ত গোল করে জিতিয়ে দেন মোহামেডানকে।• এফ আই কামাল নায়ক, ফেডারেশন কাপ ১৯৮৮এফ আই কামালের একমাত্র গোলে শক্তিশালী মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে সেবারের ফেডারেশন কাপ জিতে নেয় আবাহনী। এই ম্যাচটি স্মরণীয় এই কারণে যে, নাসের হেজাজির প্রশিক্ষণে দেশীয় ও ইরানি খেলোয়াড়দের সমন্বয়ে মোহামেডান তখন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী দল। ভালো খেলেই আবাহনী সেই ম্যাচ জিতে মোহামেডানকে নামিয়ে আনে মাটিতে।• হঠাত্ মোস্তাকিম! ফেডারেশন কাপ ১৯৯০ফেডারেশন কাপের সেই ফাইনালে আবাহনী রুমির দেওয়া গোলে এগিয়ে ছিল অনেকক্ষণ। অন্তত ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। ৮৮ মিনিটের সময় মোহামেডানের নবীন খেলোয়াড় মোস্তাকিম চকিতে এক গোল করে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন মোহামেডানকে। খেলাটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের সময় সেই মোস্তাকিম আবার নায়ক। মোহামেডানের জয় ২-১ গোলে। চরম উত্তেজনার এই লড়াই শেষে মিরপুর স্টেডিয়াম সেদিন পরিণত হয়েছিল রণক্ষেত্রে। প্রাণ হারিয়েছিলেন জাহাঙ্গীর নামের এক মোহামেডান অন্তঃপ্রাণ সমর্থক।• আলমগীরের লম্বা থ্রো, গাউসের হেড ! বিটিসি ক্লাব কাপ ১৯৯১ঢাকা ও কলকাতার তিন প্রধানদের নিয়ে আয়োজিত হয়েছিল সেই টুর্নামেন্ট। ফাইনালে খেলেছিল ঢাকার আবাহনী ও মোহামেডান। ফাইনালে ৭০ হাজার দর্শকের সামনে উত্তেজনার এ লড়াইটি যেন পরিণত হয়েছিল উপমহাদেশের সেরা ক্লাব হওয়ার লড়াই। সেই ম্যাচে পুরো ৮৯ মিনিট একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছিল মোহামেডান। কিন্তু শেষ মিনিটে আবাহনী আলমগীরের এক অতিমানবীয় লম্বা থ্রো এসে পড়ে মোহামেডানের গোলমুখে। তা থেকে দারুণ এক হেডে গোল করে মোহামেডান গ্যালারিকে শোক-স্তব্ধ করে দেন তরুণ স্ট্রাইকার গোলাম গাউস।