না জিতেই পদক পেলেন শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গেমসে অংশ নিলেও কোনো ম্যাচ জেতেননি। তারপরও একটা পদক জিতলেন কুস্তিগির শিরিন সুলতানা। আজারবাইজানের বাকুতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তিতে শিরিন অংশ নেন ৬৯ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল ইভেন্টে। যেখানে কুস্তিগির ছিলেন মাত্র ছয়জন। সেখানে কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে ওঠেন শিরিন। কিন্তু সেমিফাইনালে ১০-০ পয়েন্টে হেরেছেন কাজাখস্তানের জামিলা বাকবারজেনোভার কাছে, ছয় মিনিটের খেলায় হেরেছেন ৪৮ সেকেন্ডেই। আর প্রতিযোগিতার নিয়ম অনুসারে সেমিফাইনাল নিশ্চিত করলেই ব্রোঞ্জ পদক। এই হিসেবেই একটি পদক জিতলেন শিরিন। কাল বাকু থেকে পদক জিতে ভীষণ উচ্ছ্বসিত শিরিন জানালেন, ‘আসলে এটা অনেক বড় একটা প্রতিযোগিতা, এখানে কোনো পদক জিতলে সবারই আনন্দ হয়। একটা পদকের জন্যই এত দিন ধরে দেশে অনুশীলন করেছি, অবশেষে সেটি পেয়েছি। আমাদের নিজস্ব কোনো ভেন্যু নেই, প্র্যাকটিসের সরঞ্জাম নেই, ভালো মানের কোচ নেই। অনেক কষ্ট করে খেলতে হয় আমাদের। বিদেশে এলেই বোঝা যায় আমরা অন্যদের চেয়ে কতটা পিছিয়ে আছি।’
কুস্তিতে পদক মিললেও জুরখানে প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাং ইভেন্টের পুরুষ এককে আলী আমজাদ নয়জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন (৮৮.৫ পয়েন্ট)। ৩২৯ পয়েন্ট পেয়ে দলগত ইভেন্টে আট দেশের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ।