না থাকাতেই শক্তি
ব্রাজিলীয়রা কাকে সমর্থন দেবে আজ? তাদের জন্য সমস্যাটা হলো, ৭-১ গোলের ক্ষত ভুলে জার্মানিকে সমর্থন দেওয়া যায় না। আর আর্জেন্টিনাকে দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু নিজেদের দেশে বিশ্বকাপ ফাইনালে তো হাত-পা গুটিয়ে বসে থাকার জো নেই। পাবলো জাবালেতার অনুমান, প্রতিবেশী দেশ হলেও আর্জেন্টিনাকে বাদ দিয়ে ইউরোপের দিকেই ঝুঁকবে ব্রাজিলের সমর্থন। পুরো টুর্নামেন্টে ব্রাজিলের দর্শকদের অন্যপক্ষকে সমর্থন করতে তো দেখেছেনই, ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও নাকি আর্জেন্টিনার বিপক্ষে ছিল ব্রাজিলের দর্শক। তাতে কোনো আপত্তি নেই আর্জেন্টিনা ডিফেন্ডারের, ‘এই দেশে খেলা আমাদের জন্য বিশেষ কিছু। বিশেষ করে ব্রাজিলের সমর্থকেরা যখন এই বিশ্বকাপে আমাদের বিপক্ষেই ছিল। যখন সবাই আপনার বিপক্ষে চলে যাবে তখন দেখবেন নিজেকে আরও শক্তিশালী মনে হচ্ছে। আমার মনে হয় হল্যান্ডের সঙ্গেই সেটা আমরা দেখিয়েছি।’ ডেইলি মেইল।