না থেকেও আছেন ক্যাবানাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল স্পেনের বিপক্ষে যখন মাঠে নামবে প্যারাগুয়ে, সারি বেঁধে দাঁড়িয়ে, পরম মমতায় যখন জাতীয় সংগীতে কণ্ঠ মেলাবেন সান্তা ক্রুজ, লুকাস ব্যারিয়সরা বুকের কোনোখানে কি একটুও চিনচিনে ব্যথা অনুভব করবেন না সালভাদর ক্যাবানাস?তাঁর তো থাকার কথা ছিল ওই সবুজ মাঠে। এর বদলে তাঁকে খেলা দেখতে হচ্ছে টিভি পর্দায়। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে প্যারাগুয়ে। ইতিহাস গড়ার এই পথে তো তাঁর থাকার কথা ছিল নেতৃত্বে।কিন্তু একটা ঘটনাই ওলটপালট করে দিল সব। গত জানুয়ারিতে, ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়টায় ছিলেন যখন, ঠিক সেই সময়ে ক্লাব আমেরিকার এই স্ট্রাইকার গুলিবিদ্ধ হন। ঘটনাটি মেক্সিকোর একটি নাইট ক্লাবে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারেননি চিকিৎসকেরা। তার পরও বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষায় সেরে ওঠেন ধীরে ধীরে। মৃত্যুর পথ থেকে জীবনের আলোতে ফিরে এসেছেন এই প্যারাগুইয়ান।মাসখানেক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাঁকে। গত ফেব্রুয়ারিতে আইসিইউ থেকে ছাড় মেলে। এমনও শোনা গিয়েছিল, ক্যাবানাস হয়তো ফিরবেন জাতীয় দলে। দলের আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনোও বলেছিলেন, ক্যাবানাসকে তাঁর দরকার। বাছাইপর্বে ৬টি গোল করেছিলেন। প্যারাগুয়ের পক্ষে যেটি ছিল সর্বোচ্চ। কিন্তু চিকিৎসকেরা শেষ পর্যন্ত অনুমতি দেননি মাঠে ফেরার। দেবেন কী করে, ক্যাবানাসের মাথার মধ্যে এখনো যে রয়ে গেছে ঘাতকের বুলেট! এমন জটিলভাবে সেটি আটকে আছে, বুলেটটি বের করার চেষ্টা করা মানেই আরেক বিপদ।চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত সুস্থতার পথে এগোলেও ‘শর্ট টার্ম মেমরি লস’ (সংক্ষিপ্ত সময়ের জন্য স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া) সমস্যায় ভুগছেন তিনি। পুরো সেরে উঠতে লেগে যেতে পারে এক থেকে তিন বছর। জাতীয় দলে তো বটেই, ক্লাব ফুটবলেও আপাতত ফেরা হচ্ছে না তাঁর। অথচ মেক্সিকান ক্লাবটির হয়ে লিগে দুর্দান্ত গোলস্কোরিং রেকর্ড (১১৫ ম্যাচে ৬৬ গোল) দেখে তাঁর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল ভিয়ারিয়াল, সান্ডারল্যান্ডের মতো ইউরোপীয় ক্লাবগুলো।ক্যাবানাস নেই, না থেকেও আছেন। তাঁর দল প্যারাগুয়ে প্রতিটা মুহূর্তে স্মরণ করে ক্যাবানাসকে। তাঁরা মাঠে মৃত্যুর সঙ্গে লড়ে ফেরা ক্যাবানাসের নাম স্মরণ করে। প্যারাগুয়ে তাঁর প্রতিটা জয়, বিশ্বকাপের একেকটি বাধা পেরিয়ে যাওয়ার পরও স্মরণ করে ক্যাবানাসকে। ইতিহাস গড়ার এই বিশ্বকাপটাই প্যারাগুয়ে উৎসর্গ করেছে ক্যাবানাসকে।প্রথমবারের মতো সেরা আটে ওঠার পর দলের পক্ষ থেকে ক্রিস্তিয়ান রিভেরোস জানিয়ে দিয়েছেন, ‘আমরা যা কিছু অর্জন করছি, সবই তার জন্য। গত সপ্তাহেই ফোনে সবার সঙ্গে ওর কথা হয়েছে। আমরা আবারও কথা বলব। ও সব সময় আমাদের চেতনায় থেকে যাবে।’আর তাই ক্যাবানাসের বুকে কোনো চিনচিনে অনুভূতি হওয়ার কথা নয়। আগামীকাল ম্যাচ শুরুর আগে গভীর আবেগ নিয়ে সান্তা ক্রুজ, ব্যারিয়সরা যখন গাইবেন ‘প্যারাগুয়াওস, রিপাবলিকা ও মুয়ের্তে’, পাশেই অদৃশ্য ক্যাবানাসও যে থাকবেন তাঁদের সঙ্গে! ওয়েবসাইট।