না থেকেও আছেন মরিনহো
রিয়াল মাদ্রিদই এখন তাঁর ধ্যানজ্ঞান। তবে সাবেক দুই ক্লাব চেলসি ও ইন্টার মিলানকে হোসে মরিনহো ভুলে যাননি। এখনো তাঁর হূদয়ের অনেকটা জায়গাজুড়ে আছে এই ক্লাব দুটি। চেলসি ও ইন্টারের দুরবস্থা তাঁকেও তাই ব্যথিত করে। কিন্তু কী-ই বা করতে পারেন তিনি! এই দুঃসময়ে ইন্টার ও চেলসি সমর্থকদের প্রতি আহ্বান জানালেন দল ও কোচের পাশে থাকার।ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে চেলসি। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে। চ্যাম্পিয়নস লিগে জায়গা ধরে রাখা নিয়েই এখন সংশয়। ইন্টারের অবস্থা আরও খারাপ। প্রথম ৭ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেয়ে নেমে যেতে হয়েছিল পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। ক্লদিও রানিয়েরি আসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সর্বশেষ তিন ম্যাচেই পরাজয় আবার ‘গেল গেল’ রব তুলে দিয়েছে ইন্টার শিবিরে। মরিনহোর সময়ে ‘ট্রেবল’জয়ী ইতালিয়ান পরাশক্তিরা এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে।সাফল্যপিয়াসী এই দুই দলের এমন দুরবস্থায় দুই কোচই আছেন প্রচণ্ড চাপে। চেলসি ও ইন্টারের সমর্থকেরা একই সুর তুলছে কণ্ঠে, ‘মরিনহোকে ফিরিয়ে আনা হোক।’ গত শুক্রবার বোলোনিয়ার কাছে ৩-০ গোলে হারা ম্যাচে ইন্টার সমর্থকেরা মরিনহোর নামে স্লোগান দিয়েছে। শনিবার এফএ কাপে দ্বিতীয় বিভাগের দল বার্মিংহামের সঙ্গে ড্রও চেলসির সমর্থকেরা মেনে নিতে পারেনি। ‘স্পেশাল ওয়ান, স্পেশাল ওয়ান’ বলে গলা ফাটিয়েছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে আজ নাপোলির সঙ্গে খেলা চেলসির। নেপলসের মাঠে এই ম্যাচকে মনে করা হচ্ছে কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের অগ্নিপরীক্ষা। খারাপ কিছু ঘটলে তরুণ পর্তুগিজ কোচকে স্টামফোর্ড ব্রিজ থেকে বিদায়ের প্রস্তুতিই হয়তো নিতে হবে। ভিলাস-বোয়াসের মনে এই শঙ্কা থাকলেও মুখে সেটির প্রকাশ নেই। নাপোলির সঙ্গে ম্যাচটা তাঁর জন্য জীবন-মরণের প্রশ্ন কি না এই প্রশ্নের জবাবে বলেছেন, ‘না, না বিষয়টা তা নয়। তা ছাড়া সিদ্ধান্ত তো আমি নেব না। আপনারা বরং সঠিক ব্যক্তিটির কাছেই প্রশ্নটা করুন।’ সেই ‘সঠিক ব্যক্তি’ চেলসির মালিক রোমান আব্রামোভিচ। তাঁর সমর্থন পাচ্ছেন বলেই দাবি ভিলাস-বোয়াসের। তবে মরিনহো ও আনচেলত্তিকে জিজ্ঞেস করলেই তরুণ পর্তুগিজ কোচ জানতে পারবেন, সাফল্যের ব্যাপারে কোনো আপস নেই রুশ ধনকুবেরের।মরিনহো ইন্টার মিলানকে ঐতিহাসিক ‘ট্রেবল’ জিতিয়েছিলেন ২০১০ সালে। এর আগে ২০০৫ ও ২০০৬ সালে চেলসিকে জেতান লিগ শিরোপা। এই ঘোর অন্ধকারে চেলসি ও ইন্টারের সমর্থকদের মরিনহোর কথা তো মনে পড়বেই। মরিনহো তাদের উদ্দেশে বলেছেন, ‘আমি আমার সাবেক দুই ক্লাব ইন্টার মিলান ও চেলসিকে ভালোবাসি, একই রকম ভালোবাসি সমর্থকদের। তবে আমি চাইব, তারা যেন তাদের দল এবং কোচের পাশেই থাকে।’সঙ্গে মনে করিয়ে দিয়েছেন বাস্তবতাটাও, ‘আমি অতীত, খুব ভালো অতীত। কিন্তু আমি এখন সেখানে নেই। তাদের সবার উচিত একতাবদ্ধ হয়ে লড়াই করা।’ ওয়েবসাইট।