আজকের ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকতে পারতেন তামিম ইকবাল। আগের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির পর আজ কী করবেন বাঁহাতি ওপেনার? কিংবা ম্যাচটার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে মনে করিয়ে দেওয়া যেত, ইংল্যান্ডকে অন্তত একটা ম্যাচে হারানোর লক্ষ্যের কথা। আলোচনায় থাকতে পারতেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনও। বাংলাদেশ সফরে আজই কি তাঁর রানখরা ঘোচার দিন?আলোচনায় এ সবই আসছে, কিন্তু আসছে প্রাসঙ্গিক বিষয় হিসেবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবলই মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি কাটিয়ে প্রায় আট মাস পর দলে ফেরা জাতীয় দলের সাবেক অধিনায়ককে আজকের ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মাশরাফি সেটা মানতে না পেরে বিদায় বলে দিয়েছেন সিরিজটাকেই। আজকের ম্যাচের আগে তাই মাশরাফি-বিতর্কই সবচেয়ে দৃশ্যমান সঙ্গী বাংলাদেশ দলের।বিতর্ক হতে পারে আরেকটা ব্যাপারে। কাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও যতদূর জানা গেছে, মাশরাফির জায়গায় আজ একাদশে আসছেন পেসার রুবেল হোসেন। সঙ্গে এ ম্যাচেই অভিষেক হবে অলরাউন্ডার মোহাম্মদ সোহরাওয়ার্দীর। রুবেলের খেলা বা সোহরাওয়ার্দীর অভিষেক নিয়ে বিতর্ক নেই, বিতর্ক হলো সোহরাওয়ার্দীকে জায়গা ছেড়ে দিয়ে দলের বাইরে চলে যাওয়া জুনায়েদ সিদ্দিককে নিয়ে। মাশরাফি সিরিজ থেকে সরে যাওয়ায় একাদশের বাইরে এখন একমাত্র ক্রিকেটার জুনায়েদ। কিন্তু তাঁর নাকি দ্বাদশ ব্যক্তি হওয়ারও যোগ্যতা নেই! সে জন্য সিরিজের বাকি দুই ওয়ানডেতে প্রয়োজনে শুধু ফিল্ডিং করার জন্য জাতীয় লিগ থেকে জরুরি তলব করা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার নাসির হোসেনকে। জাতীয় লিগের চলতি রাউন্ডে রাজশাহীর হয়ে খুলনায় ঢাকার বিপক্ষে ম্যাচ খেলছিলেন তিনি।কোচ-নির্বাচকদের এই সিদ্ধান্ত ক্রিকেটাঙ্গনে যথেষ্টই হাস্যরস জোগাচ্ছে। জুনায়েদের ফিল্ডিংয়ের প্রতি এতটা অনাস্থা দেখানোর পরও তাঁকে ওয়ানডে সিরিজের দলে রাখার তো একটাই অর্থ—ব্যাটিংয়ে তাঁর অসামান্য কিছু দেওয়ার সামর্থ্য আছে। সেটাই যদি হবে, মাত্র একটা ম্যাচেই ব্যর্থ হওয়ার পর জুনায়েদকে বসিয়ে দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন আছে আরও। গত পাঁচ ওয়ানডেতে জুনায়েদের রানের ক্রম এ রকম—০, ১৯, ৮, ৫ ও ২৩। আর মোহাম্মদ আশরাফুলের ৩১, ১, ৫, ৪, ১৩। যোগ করলে জুনায়েদের (৫৫) চেয়ে মাত্রই ১ রান পিছিয়ে আশরাফুল (৫৪)। কিন্তু ফিল্ডিংয়ে তো অবধারিতভাবেই আশরাফুল এগিয়ে! দল নির্বাচনের যোগ-বিয়োগে তাহলে কেন দুজনের ভাগে দুই রকম ফল?এসব প্রশ্ন পেছনে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটা খেলতে নামছে বাংলাদেশ দল। যে ম্যাচের আগে বাংলাদেশ সহ-অধিনায়ক মুশফিকুর রহিম বললেন চমকে দেওয়ার মতো কথা। এই ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য পেতে নাকি এমন দারুণ কোনো ক্রিকেট খেলার দরকার নেই, ‘গত ম্যাচে স্বাভাবিক ক্রিকেট খেললেই আমাদের স্কোরটা ২৭০-এর বেশি হতে পারত। ওদের বোলিং আহামরি কিছু নয়। আমার মনে হয় এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে না আমাদের, যেটা স্বাভাবিক খেলা সেটাই যদি খেলি, আর যদি ৫০ ওভার ব্যাট করি, এই উইকেটে আমরা সহজেই ২৭০-এর বেশি রান করতে পারব।’ মুশফিকুরের মতে, বাংলাদেশে আসা ইংল্যান্ডের বিপক্ষে ২৫০-এর বেশি রান করলেই লড়াই করা সম্ভব।কথাটা তিনি কেভিন পিটারসেনকে ধরে বললেন নাকি না ধরে বললেন কে জানে! দুটি প্রস্তুতি ম্যাচের পর প্রথম ওয়ানডেতেও ব্যর্থ কেপি। তবে দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান আশার কথাই শুনিয়ে গেলেন পিটারসেনকে নিয়ে, ‘তিন ম্যাচে কেপিকে রান না পেতে দেখে একটু অবাকই হয়েছি। দুবাইয়ে তো ওকে ভালো ফর্মে আছে বলেই মনে হলো! নেটেও দারুণ ব্যাটিং করছে, ম্যাচে একটা বড় রান কেবল সময়ের ব্যাপার। ১০-১৫টা বল খেলতে পারলেই বড় ইনিংস আসবে।’সোয়ানদের ভাবনা যেখানে কেবল কেভিন পিটারসেনকে নিয়ে, বাংলাদেশের ভাবনায় দলের প্রায় সব ব্যাটসম্যান। কে কবে বড় ইনিংস খেলবেন সেটা আগেই জানার ব্যবস্থা থাকলে অবশ্য ম্যাচপ্রতি ভাবনায় একজন করে ব্যাটসম্যান কম থাকতেন। প্রতি ম্যাচে একজন বড় রান করবে—এটাই যে নিয়ম এখন বাংলাদেশ দলের!