না থেকেও আছেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে তুরস্কেরই একটি ক্লাবের বিপক্ষে ম্যানইউয়ের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। একই সঙ্গে সেটি ছিল তাঁর ইউরোপ-অভিষেকও। লাল জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন ১৮ বছর বয়সী তরুণ। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকের সেই রেকর্ড আজও অটুট। কিন্তু টলে গেছে ম্যানইউয়ে তাঁর আসন। ছয় বছর পেরিয়ে এসে আরেক তুর্কি ক্লাব বুরসাসপরের বিপক্ষে সেই ওল্ড ট্র্যাফোর্ডেই যখন নামছে ম্যানইউ, প্রশ্নটা উঠছে—ওয়েইন রুনি আজ থাকছেন তো!কাল এ প্রশ্নটাই ঘুরে ফিরল ইংলিশ মিডিয়ায়। ফার্গুসন অবশ্য পরশু জানিয়ে দিয়েছিলেন, দল ঘোষণা তিনি করবেন ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে। ওই দলে রুনি না থাকলে সেটি হতো ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের জন্য একটা চমক। হয়তো একটি বার্তাও। ধরে নিতে হতো, রুনি অধ্যায় আসলেই শেষ হয়ে আসছে ম্যানইউয়ে। যে সংশয়ের মেঘ কদিন ধরেই ওড়াউড়ি করছে ইউরোপিয়ান ফুটবলের আকাশে।কিন্তু এই জল্পনার জাল বেশিক্ষণ বোনা গেল না। ইনজুরিতে পড়ে রুনি নিজেই ছিটকে গেলেন আজকের ম্যাচ থেকে। কাল অনুশীলনে অ্যাঙ্কেলে চোট পাওয়ার পর স্ট্রেচারে করে বের করে নিয়ে আসা হয় তাঁকে। কাকতালীয় হলো, রুনিকে না খেলানোর কারণ হিসেবে ফার্গুসন এই অ্যাঙ্কেলে চোটের কথাই বলেছিলেন, পরে রুনি যেটি অস্বীকার করেন। এ নিয়েই ম্যানইউয়ের সঙ্গে এই স্ট্রাইকারের সম্পর্কে শেষের শুরু হয়ে গেছে বলে মনে করছেন অনেকে।সব মিলে ম্যানইউয়ের সুখের সংসারে অহেতুক উৎপাত। যার ফল খেলাতেও পড়ছে। লিগে সর্বশেষ তিন ম্যাচেই ড্র করেছে ম্যানইউ। গত ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে দু দুবার এগিয়ে গিয়েও যেমন ধরে রাখতে পারেনি লিগ। পুঁচকে বুরসাসপর তাই আজ ম্যানইউয়ের দিকেও চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাচ্ছে। তুর্কি ক্লাবটির কোচ আর্তুগ্রুল সাগলাম যেমন বলছেন, ‘ইউনাইটেড কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। বিস্ময়কর ফল নিয়ে তুরস্কে ফিরে না আসার কোনো কারণই আমি দেখছি না।’অঘটন ঘটানোর অনুপ্রেরণা বুরসাসপর খুঁজে নিতে পারে ইতিহাস থেকেই। তুর্কি কোনো দলের বিপক্ষে গত তিন ম্যাচের দুটোই হেরেছে ম্যানইউ। গত বছর এই ওল্ড ট্র্যাফোর্ডেই তাদের হারিয়ে দিয়েছিল বেসিকতাস। ১৯৯৬ সালে ফেনেরবাচে তো পেয়েছিল ঐতিহাসিক জয়, ইউরোপিয়ান পর্যায়ে নিজেদের মাঠে যেটি ছিল ম্যানইউয়ের প্রথম পরাজয়।অবশ্য বুরসাসপর শক্তি-মানে ধনে-সম্পদে মোটেও সেই পর্যায়ের দল নয়। তার পরও কথায় বলে, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। দেখা যাক, রুনিকে ছাড়াই গত ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে জিতে আসা ম্যানইউ আজ ৩ পয়েন্ট আদায় করে নিতে পারে কি না।এসব ঝক্কি-ঝামেলা সামলেও ম্যানইউ কিন্তু ঠিকই ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। বার্সেলোনার কথা ধরুন। ‘ডি’ গ্রুপে কিন্তু দ্বিতীয় স্থানে থেকেই আজ মাঠে নামতে হচ্ছে তাদের। স্প্যানিশ ক্লাবটির (৪ পয়েন্ট) সামনে অবশ্য সুযোগ এসেছে আজই পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে কোপেনহেগেনকে (৬ পয়েন্ট) নামিয়ে ফেলার। নিজেদের মাঠে খেললেও বার্সার জন্য আজ কঠিন প্রতিপক্ষ হয়েই দেখা দিতে পারে এই মৌসুমের চমক ডেনিশ ক্লাবটি। কোপেনহেগেনের প্রথম দুই ম্যাচই জিতেছে কোনো গোল না খেয়ে। ইউরোপীয় পর্যায়ে কখনোই কোনো স্প্যানিশ ক্লাবকে হারাতে না পারলেও স্পেনে এসে দুটো ড্র নিয়ে ফেরার নজির আছে তাদের। আজ ন্যু ক্যাম্প থেকে একটা পয়েন্ট পেলেও সেটি হবে তাদের জয়।ওদিকে ‘এ’ গ্রুপে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও টটেনহাম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার চ্যাম্পিয়নস লিগে তাদের সর্বশেষ দশ ম্যাচের আটটিই জিতেছে। এর মধ্যে আছে গত মৌসুমে চেলসিকে হোম-অ্যাওয়ে দুই ম্যাচেই হারিয়ে দেওয়ার রেকর্ডও। ইংলিশ ক্লাবের বিপক্ষে তো বটেই, ইতালিয়ান ক্লাবটির হোম রেকর্ডও দারুণ। অন্যদিকে টটেনহাম ইতালিতে এসে কখনো জিততেই পারেনি। তবে হ্যারি রেডন্যাপ দলকে পড়ে শোনাতে পারেন পেপ গার্দিওলার এই বাণীটি: ‘ফুটবল অনেকটাই মানসিক লড়াইও’। এএফপি ও রয়টার্স।আ জ মু খো মু খি ম্যানচেস্টার ইউনাইটেড : বুরসাসপর বার্সেলোনা : কোপেনহেগেন ইন্টার মিলান : টটেনহাম এফসি টুয়েন্টি : ভেরডার ব্রেমেন শালকে জিরোফোর : হাপোয়েল তেল আবিব অলিম্পিক লিওঁ : বেনফিকা রেঞ্জার্স : ভ্যালেন্সিয়া প্যানাথিনাইকস : রুবিন কাজান• প্রথমে স্বাগতিক দল