না থেকেও ছিলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশে লিওনেল মেসিকে রাখেননি কোচ জেরার্ডো মার্টিনো। বদলি খেলোয়াড়ের তালিকায় ছিলেন, তবে শেষ পর্যন্ত কারও বদলি হিসেবেও মেসিকে মাঠে নামাননি মার্টিনো। আসলে দরকার হয়নি। মেসিকে ছাড়াই কোপা ডেল রের দ্বিতীয় লেগে লেভান্তেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৯-২ ব্যবধানে জিতে উঠে গেছে কোপা ডেল রের সেমিফাইনালেও।
অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকোও। প্রথম লেগটা ডিয়েগো সিমিওনের দল জিতেছিল ১-০ গোলে। সেমিফাইনালে অ্যাটলেটিকো খেলবে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। গত মৌসুমে এই অ্যাটলেটিকোর কাছেই কোপা ডেল রের ফাইনালে হেরেছিল রিয়াল। এবার সেই হারের শোধ নেওয়ার সুযোগটা সেমিফাইনালেই পেয়ে যাচ্ছে আনচেলত্তির দল।
ন্যু ক্যাম্পে শুধু মেসি নন, একাদশে ছিলেন না নিয়মিত দুই ডিফেন্ডার জেরার্ড পিকে, জর্ডি আলবা ও এক নম্বর গোলরক্ষক ভিক্টর ভালদেসও। বার্সেলোনার খেলা দেখে অবশ্য সেটা বোঝার উপায় ছিল না। জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস সানচেজ। চিলিয়ান স্ট্রাইকারের জোড়া গোলের পাশাপাশি লেভান্তের জালে বল পাঠিয়েছেন আদ্রিয়ানো, কার্লোস পুয়োল ও সেস ফ্যাব্রিগাস। ম্যাচের অন্য গোলটিও বার্সা মিডফিল্ডার সার্জি রবার্তোর, তবে আত্মঘাতী।
না খেললেও ম্যাচ শেষেও মেসিই ছিলেন আলোচনায়। চোট থেকে ফিরে আসার পর লিগে কোনো ম্যাচে গোল পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে মার্টিনোকে। তবে ব্যাপারটা নিয়ে যে মোটেও উদ্বিগ্ন নন সেটা বোঝা গেছে বার্সেলোনা কোচের জবাবেই, ‘সে প্রতি ম্যাচে গোল করল কি করল না সেটা বড় ব্যাপার নয়। ও সব সময়ই ম্যাচের গতি বদলে দেওয়া মুহূর্ত তৈরি করে দেয়।’ শুধু ফরোয়ার্ড হিসেবে নয়, অন্য যেকোনো ভূমিকায়ও মেসি দারুণ খেলবেন বলে রসিকতাও করেছেন মার্টিনো, ‘আমি ওকে আক্রমণভাগের সব পজিশনেই ভালো খেলতে দেখেছি। আমার বিশ্বাস, সে গোলরক্ষক হিসেবে খেললেও ভালো করবে।’ এএফপি।