না থেকেও ছিলেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বিশ্বকাপে ছিলেন উরুগুয়ের সাফল্যের প্রতীক, এবার ফোরলান ব্যর্থতার প্রতীক l রয়টার্স
গত বিশ্বকাপে ছিলেন উরুগুয়ের সাফল্যের প্রতীক, এবার ফোরলান ব্যর্থতার প্রতীক l রয়টার্স

বাড়িতে টেলিভিশনের সামনে বসে যখন খেলা দেখছিলেন, নিশ্চয়ই নিজের হাত নিজেরই কামড়াতে ইচ্ছা করছিল তাঁর? ইতালি ডিফেন্ডার জর্জিও কিয়েলিনিকে কামড়ে দেওয়ার অপরাধে নিষেধাজ্ঞায় থাকা লুইস সুয়ারেজের আর কীই-বা করার ছিল পরশু? সুয়ারেজবিহীন উরুগুয়ে কলম্বিয়ার কাছে হেরে নকআউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছে।
মারাকানার ড্রেসিংরুমে ছিল না প্রিয় সতীর্থ সুয়ারেজ। তাই সুয়ারেজের ৯ নম্বর জার্সির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন উরুগুয়ের ফুটবলাররা। আর ম্যাচ শুরুর আগে উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সেই ছবিটা সবার উদ্দেশে ছেড়ে দেয়। ড্রেসিংরুমে না থাকলেও গ্যালারিতে ঠিকই ছিলেন সুয়ারেজ। তবে সশরীরে নয়, তাঁর মুখোশ নিয়ে গ্যালারিতে এসেছিল সমর্থকেরা। মোট কথা, না থেকেও যেন সারাক্ষণ মাঠেই ছিলেন কলঙ্কিত নায়ক। তাঁর লিভারপুল-সতীর্থ সেবাস্তিয়ান কোটেসের কথাটা শুনুন, ‘লুইস একজন বড় মাপের খেলোয়াড় এবং আমরা ওর অভাবটা বুঝতে পেরেছি।’
সংবাদ সম্মেলনেও বারবার ঘুরেফিরে এসেছে একই প্রসঙ্গ। তবে কি সুয়ারেজই খেলার মাঠের সব মনোযোগ কেড়ে নিয়েছিলেন? উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ স্পষ্টই বলে দিলেন, ‘আমি জানি না আমাদের এ ব্যাপারে আর কত কথা বলতে হবে। আমরা মেনেই নিয়েছি যে সে নিষেধাজ্ঞা পেয়েছে তবে যেভাবে তাকে শাস্তি পেতে হলো, সেটার সমালোচনা করেছি। এটাই ছিল গুরুত্বপূর্ণ এবং এটাই সত্যি। কিন্তু যারা ফুটবল দেখে তারা সবাই বিষয়টা বুঝতে পেরেছে।’ ম্যাচ শুরুর আগে সবাইকে এটা নিয়ে না ভাবতেও বলেছিলেন তাবারেজ, ‘ম্যাচের আগে কথা বলার সময় আমরা জানতাম কী হতে পারে। কিন্তু ওদের বলেছিলাম, এসব নিয়ে ভাবা বন্ধ করা দরকার এবং ইতিবাচক বিষয়গুলোই আমাদের বের করতে হবে।’
সুয়ারেজের না-থাকাটা যেকোনো দলেরই জন্যই বড় ক্ষতি। তাবারেজের চেয়ে ভালো তা কে জানেন, ‘ফুটবলে সুয়ারেজের মতো ভালো খেলোয়াড় সব সময় দরকার। আমরা জানি সেও মানুষ এবং তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তবে সুয়ারেজ...সুয়ারেজ...সুয়ারেজ শুনতে শুনতে রীতিমতো বিরক্ত এই উরুগুইয়ান, ‘যেহেতু সে আমাদের সঙ্গে আর থাকতে পারছে না তাই বিষয়টা এখানেই শেষ হওয়া উচিত। আমি এটা নিয়ে প্রকাশ্যে আর কিছু বলতে চাই না।’ এএফপি, গোলডটকম।