না থেকেও থাকছেন টেন্ডুলকার
তাঁকে সশরীরেই চেয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। আজ ইডেনে সাবেক-বর্তমান তারকাদের সংবর্ধনা দেওয়া হবে সংস্থাটির পক্ষ থেকে। কিন্তু পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বলে আসতে পারেননি শচীন টেন্ডুলকার। মাত্রই কিছুদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলা রেকর্ডের মহারাজা হয়তো থাকছেন না। কিন্তু থাকছে তাঁর শুভকামনা। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়া নিজের দলকে শুভকামনা জানিয়ে টেন্ডুলকার বলেছেন, নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ভারত।গত বছরটা খুব খারাপ কেটেছে ভারতের। নতুন বছরে প্রথম ম্যাচের আগে দুঃসময়ে দলের পাশে থাকাই যে আসল সমর্থকের পরিচয়, সেটাই মনে করিয়ে দিয়েছেন টেন্ডুলকার, ‘আমার কোনো সন্দেহই নেই, দল ঘুরে দাঁড়াবে। আমি হয়তো দলের সঙ্গে নেই, কিন্তু আমার হূদয় সব সময়ই দলের সঙ্গে থাকে। এ মুহূর্তে আমাদের দলের প্রয়োজন সবার সমর্থন আর শুভকামনা, যেন তারা ভালো খেলতে পারে।’এ সুযোগে তাঁর দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে পাওয়া সমর্থনের জন্য আবারও সবাইকে ধন্যবাদও জানিয়েছেন, ‘২৩ বছর ধরে ওয়ানডে দলের অংশ ছিলাম। এটা ছিল স্মরণীয় এক যাত্রা। আমার সুসময়-দুঃসময়ে যারা পাশে ছিল, সবাইকে ধন্যবাদ জানাই। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার।’ সবাইকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন, ‘২০১৩ সাল মাত্র শুরু হলো। সবার সুখ আর সুস্বাস্থ্য কামনা করছি।’ছুটি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরছেন টেন্ডুলকার। ৬ জানুয়ারি শুরু রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের হয়ে খেলবেন। সেদিনই দিল্লিতে ভারত-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়েবসাইট।