না থেকেও থাকলেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ম্যাচ হয়েছে ভ্যালাদোলিদের ন্যুয়েভো হোসে জমিয়া স্টেডিয়ামে। অন্যটি মালাগায়। মাঝখানে সোয়া সাত শ কিলোমিটার ব্যবধান। কিন্তু সেটি ঘুচে গেল অন্তত দুই ম্যাচের শুরুর দৃশ্যে। বার্সেলোনা ও ভ্যালাদোলিদের খেলোয়াড়েরা মাঠে নেমেছেন টিটো ভিলানোভাকে শুভকামনা জানানো বার্তা লেখা টি-শার্ট পরে। দুই ঘণ্টা পর শুরু মালাগা-রিয়াল মাদ্রিদ ম্যাচেও দুই দলের খেলোয়াড়েরা পরলেন এক রকমের জার্সি। মিলটা এই পর্যন্তই। এ ছাড়া বার্সা ও রিয়ালের রাতটা আবারও কাটল ভিন্ন রকম। ভ্যালাদোলিদকে ৩-১ গোলে হারিয়ে বড়দিনের ছুটিতে গেল বার্সা। আর মালাগার কাছে ৩-২ গোলে হেরে ছুটিটা মাটি হয়ে গেল রিয়ালের। বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধানও গিয়ে পৌঁছাল ১৬। কাল ম্যাচের আগে রিয়ালের ঘোষিত একাদশ অনেকের কাছেই ছিল বিস্ময়ের। মরিনহো দলেই নেননি ইকার ক্যাসিয়াসকে! গত ১০ বছরে বেঞ্চে বসে থাকার অভিজ্ঞতা এই প্রথম হলো স্পেন ও রিয়াল অধিনায়কের। কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতিই হলো বেশি। রিয়াল অবশ্য ম্যাচটা শুরু করেছিল দারুণভাবে। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত এক ফ্রি-কিক তার চেয়েও দুর্দান্তভাবে সেভ করেছেন মালাগার আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবালেরো। প্রথমার্ধ কাটে গোলশূন্য, দ্বিতীয়ার্ধের শুরুতেই মালাগাকে এগিয়ে দেন ইসকো। কিন্তু ৬৬ মিনিটে সার্জিও সানচেজের আত্মঘাতী গোল ফেরায় সমতা। ৫ মিনিটের মধ্যে জোড়া গোল করে মালাগাকে ৩-১-এ এগিয়ে দেন রকি সান্তা ক্রুজ। রিয়ালের দ্বিতীয় গোলরক্ষক আন্তোনিও আদান কিছুই করতে পারেন না। রিয়াল সমর্থকদের এই আক্ষেপ ম্যাচ শেষে আরও বেড়েছে। ৮২ মিনিটে করিম বেনজেমা ব্যবধান কমালেও সমতা ফেরানো গোলের দেখা আর পায়নি রিয়াল। শুধু বার্সার থেকে নয়, দুইয়ে থাকা অ্যাটলেটিকোর (৪০ পয়েন্ট) চেয়েও ৭ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল। চ্যাম্পিয়নস লিগে সরাসরি কোয়ালিফাই করার জন্য তৃতীয় হওয়াটা জরুরি। তারা এখনো তিনেই আছে। কিন্তু চারে থাকা মালাগার সঙ্গে ব্যবধান মাত্র ২ পয়েন্ট। টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থাকার অভিজ্ঞতাও অনেক দিন পর হলো মরিনহোর। লিগে আগের ম্যাচে এসপানিওলের সঙ্গে ড্র করেছে রিয়াল, কাপে হেরেছে সেল্টা ভিগোর কাছে। এই জয় দিয়ে একটা ব্যক্তিগত প্রতিশোধও নিলেন রিয়াল থেকে ছাঁটাই হয়ে মালাগায় আসা কোচ পেলেগ্রিনি। তাঁর জায়গাতেই কোচ হয়ে আসেন মরিনহো।বার্সেলোনা যেন আরও অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেছে সামনে। ভিলানোভার অসুস্থতা অবশ্যই প্রভাব ফেলেছে, কিন্তু সেটা ইতিবাচকভাবে। কোচের জন্য কিছু একটা করার প্রেরণা নিয়ে খেলা বার্সা বছরটা শেষ করল দারুণভাবে। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফেরা ভিলানোভাও পেলেন ভালো খবর। ৪৩ মিনিটে জাভির পর ৫৯ মিনিটে মেসির গোলে হয় ২-০। ৮৯ মিনিটে জাভি গুয়েরা এক গোল শোধ করে দিলে বার্সা একটু কেঁপে ওঠে। ওই সময় বদলি হিসেবে ক্রিস্টিয়ান তেয়োকে নামান ভারপ্রাপ্ত কোচ জর্ডি রৌরা। তেয়ো মাঠে নামার এক মিনিটের মধ্যেই দলের তৃতীয় গোল করে যাবতীয় শঙ্কা উড়িয়ে দেন। এই জয় ভিলানোভাকে উৎসর্গ করেছে বার্সা। এএফপি, রয়টার্স।