না থেকেও থাকলেন সিদ্দিক
কুর্মিটোলা গলফ কোর্সে ঢোকার আগেই গাড়ি রাখার জায়গায় একটা জটলা। নীল-সাদা গেঞ্জি পরে নানা বয়সী মানুষ ভিড় করেছেন। সবাই উত্তেজিত।কাছে যেতেই উত্তেজনার কারণটা বোঝা গেল। মাঝবয়সী এক ভদ্রলোক বলছেন, ‘এত সাংবাদিক আসছে আমাগো সিদ্দিকের ইন্টারভু নিতে।’ সঙ্গে সঙ্গে কমবয়সী একজন প্রতিবাদ করলেন, ‘ধেৎ! সিদ্দিক তো দেশেই নাই। আর আজ তো সিদ্দিকের অনুষ্ঠানও না।’কথা সত্যি। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে সিদ্দিকুর রহমানকে নিয়ে কোনো অনুষ্ঠান ছিল না। ছিল ‘১২৩তম শ্রীলঙ্কান ওপেন অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ’ জিতে আসা দুলাল হোসেন ও জাকিরুজ্জামানের সংবর্ধনা। কিন্তু ক্লাবজুড়ে কর্মকর্তা-খেলোয়াড়দের কথাবার্তা, সাংবাদিকদের প্রশ্ন, উৎসবমুখর পরিবেশ দেখে বারবার মনে হলো, এটা ‘সিদ্দিকের অনুষ্ঠান’! পরশু ক্যারিয়ারের প্রথম পেশাদার শিরোপা, ব্রুনাই ওপেন জয়ের পর সিদ্দিকুর রহমান এখনো দেশে ফেরেননি। কিন্তু কর্মকর্তাদের কথাবার্তায় মনে হলো, শুরু হয়ে গেছে সিদ্দিকুরকে বরণ করার প্রক্রিয়া। কাল অবশ্য বরণ করে নেওয়া হলো শ্রীলঙ্কা থেকে একটি অপেশাদার টুর্নামেন্ট জিতে আসা দুলাল ও জাকিরকে। গত ২৪ থেকে ২৯ জুলাই ‘রয়্যাল কলম্বো গলফ ক্লাবে’ হওয়া এই টুর্নামেন্টে দলীয় চ্যাম্পিয়ন হয়েছেন দুলাল-জাকির। টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে রানারআপও হয়েছেন জাকির।যদিও এসএ গেমসে সোনাজয়ী দুলাল নিজেকে নিয়ে আরেকটু বেশি আশা করছিলেন। কিন্তু দুলালের দুঃখ, ইনজুরি তাঁকে সেরা পারফর্ম করতে দেয়নি, ‘একটা ইনজুরি নিয়েই খেলতে গিয়েছিলাম। প্রথম দুই দিন ভালো খেললেও পরে ব্যথার জন্য আর ভালো করতে পারিনি। তার পরও দলীয় সাফল্য পেয়েছি, তাতেই আমি গর্বিত।’জাকিরের এমন আফসোস করার কিছু নেই। তার পরও তিনি বললেন, আরও ভালো হতে পারত তাঁদের পারফরম্যান্স, ‘আসলে দুলালের ইনজুরি একটা সমস্যা ছিল। তারপর কোর্সটাও আমাদের পরিচিত গলফ কোর্সের মতো না। যদিও এসব সমস্যার মধ্যে থেকেই ভালো করতে হবে। আশা করি, সেটা ভবিষ্যতে পারব।’ভবিষ্যতে কী করবেন, তার একটা মানদণ্ড এরই মাঝে দাঁড়িয়ে গেছে দুলাল-জাকিরদের সামনে—সিদ্দিক-মান! হ্যাঁ, বাংলাদেশের গলফের সীমানা এখন সিদ্দিক। তিনি যা করছেন, যা করবেন; তাই ছোঁয়ার স্বপ্ন এঁকে চলেছেন অন্য গলফাররা। সেই কথাই বললেন দুলাল, ‘সিদ্দিক ভাই আগে থেকেই আমাদের সামনে উদাহরণ তৈরি করে ফেলেছেন। উনি যা করেছেন, তা বাংলাদেশের আর কেউ কখনো করেননি। আমরাও তাঁর মতো একদিন এশিয়ান প্রফেশনাল ট্যুর জিততে চাই।’এই স্বপ্নটা পূরণ করতে কোনো তাড়াহুড়ো করতে চান না দুলালরা। জাকির বললেন, কবে থেকে পেশাদার গলফে খেলবেন, সে সিদ্ধান্তের জন্য তাঁরা কোচ বাবু আহমেদের ওপর নির্ভর করছেন, ‘বছরখানেকের মধ্যে আমরা পেশাদার গলফে যাচ্ছি না। ওই জগৎটা অনেক কঠিন। তখন নিজের খরচ নিজেকেই চালাতে হবে। টুর্নামেন্টে ভালো করে খরচ জোগাড় করার যোগ্যতাও থাকতে হবে। নিজেদের সে রকম যোগ্য করে তবেই পেশাদার গলফে যাব।’সিদ্দিক আর সিদ্দিক! সংবর্ধনা অনুষ্ঠান হলো দুলাল-জাকিরের; কিন্তু তাঁদেরও চুপ করে বসে শুনতে হলো সিদ্দিক-বন্দনা। সিদ্দিকের ভবিষ্যৎ প্রসঙ্গে গলফ ফেডারেশনের মহাসচিব মির্জা বাকের সারোয়ার আহমেদ বললেন, ‘এরপর সিদ্দিক জাপান সার্কিটে খেলবে, নাকি সরাসরি ইউরোপিয়ান সার্কিটে বাছাইয়ের জন্য খেলবে; সেটা ও-ই ঠিক করবে। আমরা বরং সিদ্দিকের জন্যই অপেক্ষা করি।’কিন্তু এখন অপেক্ষা করতে কার ইচ্ছে হয়!