না থেকেও থাকলেন সেরেনা
চোটের কারণে টুর্নামেন্টে নেই। ৩০ আগস্ট শুরু হওয়া ইউএস ওপেনেও বিরাজ করছিল একটা শূন্যতা। অবশেষে সেই শূন্যতা ঘুচল পরশু। পঞ্চম দিনে এসে গ্যালারিতে দেখা মিলল হাস্যোজ্জ্বল সেরেনা উইলিয়ামসের। আর গ্যালারিতে কখনো বসা, কখনো দাঁড়ানো ছোট বোনের এই দেখা পাওয়াটাই কোর্টের ভেনাস উইলিয়ামসের জন্য হলো প্রেরণা।লুক্সেমবার্গোর প্রতিপক্ষ মান্ডে মিনেল্লার এমনিতেই ভেনাসের পথের কাঁটা হয়ে দাঁড়ানোর সামর্থ্য নেই। তার ওপর ছোট বোনের উপস্থিতি আরও তাতিয়ে দিয়েছিল। দুইয়ে মিলিয়ে কোর্টে স্রেফ উড়ে গেলেন মিনেল্লা। ভেনাস জিতেছেন ৬-২, ৬-১ গেমে। সেরেনার উপস্থিতি কতটুকু মানসিক তৃপ্তি দিয়েছে, ম্যাচ শেষে ভেনাসের কথাতেই সেটা স্পষ্ট, ‘ওকে দেখতে পাওয়াটা ছিল দারুণ। সাধারণত আমরা টুর্নামেন্টে একসঙ্গেই থাকি। কিন্তু এই সময়ে সেটা হচ্ছে না। কিন্তু তাকে ফিরতে দেখাটাও অসাধারণ।’এই জয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেলেন ২০০০ ও ২০০১ সালে টানা শিরোপা জেতা উইলিয়ামস বোনদের বড়জন। তাঁকে অনুসরণ করে শেষ ষোলতে নাম লিখিয়েছেন কিম ক্লাইস্টার্স, আনা ইভানোভিচ, ফ্রান্সেস্কা শিয়াভোনে, এলেনা দেমেন্তিয়েভা।জিতেছেন রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে। তবে তাঁদের জয়টা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। ক্যারিয়ার স্লাম জয়ের প্রত্যাশায় আরেক ধাপ এগোতে নাদাল ৬-২, ৭-৬ (৭-৫), ৭-৫ গেমে হারিয়েছেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের সিমোন জিলেস। যিনি ৪-৬, ৬-৩, ১-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ফিলিপ কোলশ্রাইবারকে। জ্যামাইকান দাস্তিন ব্রাউনকে মারে হারিয়েছেন ৭-৫, ৬-৩, ৬-০ গেমে।ইউএস ওপেনে নিজেকে ফিরে পেতে শুরু করেছেন ২০০৮-এর ফ্রেঞ্চ ওপেনজয়ী আনা ইভানোভিচ। অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায়, উইম্বলডনে প্রথম রাউন্ডেই বাদ। তৃতীয় রাউন্ডে ফ্রান্সের ভার্জিনি রাজানোকে ৭-৫, ৬-০ গেমে হারিয়ে সেই ইভানোভিচ পা রাখলেন চতুর্থ রাউন্ডে। কিন্তু দুঃখের কথা, শেষ ষোলতেই তাঁকে পড়তে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্লাইস্টার্সের সামনে। ক্লাইস্টার্স ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন পেত্রা কেভিতোভাকে। অ্যালোনা বন্দারোঙ্কোর বিপক্ষে ফ্রেঞ্চ ওপেনজয়ী শিয়াভোনের জয়টি ৬-১, ৭-৫ গেমে। দেমেন্তিয়েভা ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন স্লোভাক দানিয়েলা হান্তুচোভাকে। এএফপি।