না না র ঙে র বি শ্ব কা প
ব্রাজিল বিহনেকিসের ফাইনাল, কিসের কী! ব্রাজিল নেই তো বিশ্বকাপ নেই! ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মন ভেঙে গেছে। বিশ্বকাপের ওপর রুচি উঠে গেছে পুরোপুরি। হল্যান্ডের কাছে হেরে সেলেকাওদের বিদায় মেনে নেওয়া যে ভীষণ কষ্টের। লুলাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফাইনাল ও তাঁর খেলা দেখা নিয়ে। উত্তরে বলেছেন, ‘ব্রাজিলিয়ানরা যখন ট্রফির জন্য শেষ লড়াইয়েই নামতে পারল না, তখন চাই না এই খেলা দেখতে!’ ব্রাজিল না হয় গেল, দক্ষিণ আমেরিকার শেষ প্রতিনিধি উরুগুয়েকেই সমর্থন দিয়েছিলেন শেষতক। কিন্তু ওই যে ডাচ দস্যুরা, তাদেরও হটিয়ে দিল! লুলা জাম্বিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় গেছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে দেখা করতে। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। কিন্তু ব্রাজিল বিহনে পরিকল্পনা পাল্টে ফেলেছেন তিনি। গতকাল না পারলে আজই তার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা। এএফপি।স্পেনের পলপ্রীতিজার্মানরা খুব কুসংস্কারাচ্ছন্ন জাতি, এমন কথা কেউ হলফ করে বলতে পারে না। তবে জার্মানি স্পেনের সঙ্গে সেমিফাইনালে হারার পর গুনিন অক্টোপাস পলের পেছনে তারা যেভাবে লেগেছে, তাতে কিন্তু তা-ই মনে হচ্ছে! কেউ বলছে, ‘ব্যাটাকে কুচি কুচি করে কেটে ভেজে তার মাঝে লেমন জুস, অলিভ অয়েল আর রসুন দিয়ে খেতে অমৃতের মতো লাগবে!’ স্প্যানিশ সরকার আবার এসব কথাবার্তায় পলকে নিয়ে ভীষণ চিন্তিত। দেশটির প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো বলেছেন, ‘অক্টোপাসটির ব্যাপারে উদ্বিগ্ন আমি...চিন্তা করছি তার নিরাপত্তার জন্য লোক পাঠাব!’ কথাগুলো তিনি বলেছেন দুষ্টুমি করেই। পরিবেশ ও মৎস্যমন্ত্রী এলেনা এসপিনোসা আবার এক কাঠি বাড়া, ‘আগামী সোমবার ইউরোপিয়ান মন্ত্রীদের কাউন্সিলে পলকে খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারটি তুলব, তাহলে আর জার্মানরা তাকে খেতে পারবে না।’ এএফপি।বস্ত্রহরণদুর্দান্ত খেল দেখিয়ে এসেছেন তাঁরা। ড্রেসিংরুমে চলছে হইচই হুল্লোড়। তারই মধ্যে স্পেনের রানি ডোনা সোফিয়ার আচমকা প্রবেশ! লা ফুরিয়া রোজাদের বীরত্ব দেখে ড্রেসিংরুমে না এসে যে পারলেন না! অনেকেই জার্সি পরে থাকলেও কয়েকজন স্প্যানিশ ফুটবলার তখন অর্ধনগ্ন। সেই অবস্থায় রানির সঙ্গে হাত মেলাতে শুরু করলেন সবাই। সেদিনের ম্যাচের নায়ক কার্লোস পুয়োল তখন কেবল একটা তোয়ালে পরে ছিলেন। ওই অবস্থাতেই আর সবার মতোই তিনি হাত মেলান রানির সঙ্গে। রানি যাওয়ার পর পরই সতীর্থরা ঝাঁপিয়ে পড়লেন পুয়োলের ওপর! মুহূর্তেই লজ্জা নিবারণের শেষ সম্বল বস্ত্রটি হরণ করে নিলেন তাঁরা! পুয়ো তখন লজ্জায় পড়িমড়ি করে ছুটলেন লজ্জা ঢাকতে। ‘পুয়ো পুয়ো’ কোরাসে হাসতে হাসতে গড়িয়ে পড়লেন সবাই। ওয়েবসাইট।ফাইনালে ইংল্যান্ডইংলিশরা তাহলে ফাইনালে মাঠে নামছে! না, না, আবোল-তাবোল কথা নয়। গত বৃহস্পতিবার ফিফা জানিয়েছে, ফাইনালে রেফারির দায়িত্বে থাকবেন ৩৯ বছর বয়সী ইংলিশ হাওয়ার্ড ওয়েব। সাবেক এই পুলিশ কর্মকর্তা ২০০৫-এ ফিফার তালিকাভুক্ত হয়েছিলেন। মাদ্রিদে গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেফারি ছিলেন তিনি। ১৮ বছর বয়স থেকে ম্যাচ পরিচালনায় হাতেখড়ি। ২০০৩-এ যাত্রা শুরু করেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ২০০৭-এ আর্সেনাল-চেলসির লিগ কাপ ফাইনালও পরিচালনা করেন হাওয়ার্ড। সে বছরই ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও রেফারির তালিকায় নাম ছিল তাঁর। এরপর ২০০৮-এ ইউরো, ২০০৯-এ কনফেডারেশন্স কাপেও তাঁরই হাতে ছিল বাঁশি। এএফপি।