না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাঁখের করাতউভয় সংকটে পড়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন। একদিকে বিশ্বকাপের ব্যর্থতার দায়ে চটেমটে আছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন। আগামী দুই বছরের জন্য নাইজেরিয়া কোনো আন্তর্জাতিক ফুটবল খেলতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। আর অন্যদিকে সেই ঘোষণার বিপক্ষে দাঁড়িয়ে গেছে ফিফা। গতকালের মধ্যে এই নিষেধাজ্ঞা তুলে না নিলে খোদ ফেডারেশনের ওপরই নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়ে রেখেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তাই বিপদে পড়েছেন ফেডারেশনের কর্তারা। সেখানকার নয়জন কর্মকর্তা এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, ফেডারেশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাহী কমিটির এক সদস্যকে পদচ্যুত করাবেন। আর এর মধ্যেই সেই নয়জন তাঁদের নিঃশর্ত ক্ষমা চেয়ে নাইজেরিয়া প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন। এএফপি।স্পনসরদের উপেক্ষাআগে হয়তো তাদের তেলা মাথায় বহু তেল পড়েছিল। কিন্তু মাথায় যে এখন তেলের চিহ্নমাত্র নেই! তাই ইংলিশ দল এখন ভীষণ তেলখরায় আছে। বিশ্বকাপের বিবর্ণ পারফরম্যান্সের পর স্পনসররা মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের থেকে। কথা ছিল, এ মাসের শেষে ন্যাশনওয়াইড নামের একটি প্রতিষ্ঠান ফের চার বছরের জন্য স্পনসরশিপের চুক্তি নবায়ন করবে। ফুটবল ফেডারেশন আশা করেছিল, ২০ মিলিয়ন পাউন্ড বাগানো যাবে তাদের কাছ থেকে। কিন্তু বিশ্বকাপে ব্যর্থ দলটির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে প্রতিষ্ঠানটির অনেকেরই অনিচ্ছা ছিল। শেষে ইংলিশ দলের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছেঁটেই ফেলল ন্যাশনওয়াইড। তাই আগামী আগস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে নতুন স্পনসর খুঁজতে হবে ফুটবল ফেডারেশনকে। ওয়েবসাইট।জার্মানদের খবরএ যেন অঙ্কে ফেল মারা বন্ধুর কাছ থেকে সূত্র শেখার চেষ্টা। যে জার্মানির কাছে নাকানি-চুবানি খেয়ে বিশ্বকাপকে বিদায় বলল ইংল্যান্ড, সেই ইংলিশদের কাছ থেকেই নাকি জার্মানদের হালহকিকত জানার চেষ্টা করছেন স্পেনের ফার্নান্দো তোরেস! লিভারপুলের দুই ইংলিশ সতীর্থ স্টিভেন জেরার্ড ও জেমি ক্যারাঘারের কাছে নাকি জার্মানি-বধের সূত্র জেনে নিচ্ছেন তোরেস! তবে স্পেনের এই স্ট্রাইকার বলছেন, ‘স্টিভেন এবং জেমির সঙ্গে কথা বলেছি ঠিক আছে, কিন্তু জার্মানদের নিয়ে নয়। তবে এটা নিশ্চিত, সামনে হয়তো কিছু দিনের মধ্যেই এই বিষয়ে কথা বলব।’ দেখা যাক, ফেল মারা বন্ধুদের কাছ থেকে কী সূত্র পান তোরেস! এএফপি।উন্মাদনা!‘ফুটবল উন্মাদনা’—শব্দ দুটি যতটা নিরীহ, ঠিক ততটাই ভয়ংকর কিছু কিছু সময়! এই যেমন কেনিয়ায় গত শুক্রবার রাতে ঘানা-উরুগুয়ে ম্যাচটির পর ফুটবল উন্মাদনার কারণেই বলি হতে হলো দুজনকে। ঘটনাটি ঘটেছিল নাইরোবি থেকে ২০ কিলোমিটার দূরে গিথুয়ারাই কিম্বো আবাসিক এলাকায়। সেখানকার একটি বারে প্রায় একশ জনের মতো দর্শক কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটি দেখছিলেন। খেলা শেষে হঠাৎ দুজন লোকের মধ্যে ভীষণ তর্ক বেজে যায়। আর তর্কের একপর্যায়ে তর্কবাজদের একজন আরেকজনের পাকস্থলী বরাবর ছুরি মেরে বসে। সেখানেই মৃত্যু হয় সেই অভাগার। তাই জনতা আর চুপ থাকেনি। খুনিকে ধরে উত্তমমধ্যম দিতে শুরু করলে সেও একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওয়েবসাইট।