না না র ঙে র বি শ্ব কা প
ক্ষুব্ধ মন্ত্রীখেপেছেন ইতালির আইন সংস্কারবিষয়ক মন্ত্রী রবার্তো কালদেরোলি। বিশ্বকাপ থেকে ইতালির লজ্জাজনক বিদায়ের পর তীব্র সমালোচনা হচ্ছে আজ্জুরিদের। অভিবাসীবিরোধী হিসেবে পরিচিত নর্দার্ন লিগ পার্টির সমন্বয়কারী এই মন্ত্রীর অভিযোগও ‘বিলাসী অভিবাসী’ ফুটবলারদের ওপরেই। তাঁর মতে, ইতালির ক্লাবগুলোয় এখন বিদেশি ফুটবলারে ছেয়ে গেছে। ইতালির ফুটবলাররা তাই নিজেদের মেলে ধরতে পারছে না। ঝরে পড়ছে তরুণ সম্ভাবনাময় খেলোয়াড়েরা। বিদেশি এই ফুটবলারদের পেছনে অগুনতি টাকা ঢেলে নাকি ধ্বংস করা হচ্ছে ইতালির ফুটবলকেও। কালদেরোলি কোচ মার্সেলো লিপ্পিকেও খোঁচা মারতে ছাড়েননি, ‘লিপ্পির দুর্ভাগ্য, এই “বিলাসী অভিবাসী”রা জাতীয় দলে খেলতে পারে না। আমরা যে ফলাফলটা দেখছি, সেটা তারই নির্মম পরিণতি।’ ওয়েবসাইট।গুণিন অক্টোপাসশেষ ষোলোয় ইংল্যান্ড-জার্মানিমুখোমুখি হবে আগামীকাল। তবে এ ম্যাচের ফলাফল যদি জানতে চান আগেই, উপায় আছে সেটারও। শুধু একটু কষ্ট করে জার্মানির ওবারহাউসেন সি লাইফ সেন্টারে যেতে হবে। সেখানে দেখা পাবেন পল নামের এক গুণিন অক্টোপাসের! হ্যাঁ, গুণিনই বটে। এবারের বিশ্বকাপে জার্মানির দুটি ম্যাচের ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিয়েছে এই গুণিন। কালকের ম্যাচটি নিয়েও তাই পলের ভবিষ্যদ্বাণীর দিকে চেয়ে আছেন অনেকেই। গুণিন পলের ট্যাংকের নিচে সেন্ট জর্জের ক্রস চিহ্নিত ইংল্যান্ডের একটি ও জার্মানির পতাকাওয়ালা আরেকটি বাক্স রাখা হয়েছে, ভেতরে আছে মজাদার খাবার। পল যে বাক্সটা প্রথমে তুলবে সেই দলই নাকি জিতে যাবে ম্যাচে! ওয়েবসাইট।আনেলকার সান্ত্বনাবিশ্বকাপে দল থেকে বহিষ্কৃত হওয়ার ব্যথাটা কিছুটা হলেও উপশম হচ্ছে আনেলকার। গত বৃহস্পতিবার তাঁর ক্লাব চেলসি জানিয়ে দিল, আরও এক বছর ব্লুদের জার্সি পরে মাঠে নামবেন এই ফরাসি। চুক্তিপত্রে সই করে আনেলকাও বেশ খুশি, ‘চেলসিতে এসেই চেয়েছিলাম অন্যান্য ক্লাবের থেকে এখানেই বেশিদিন থাকব। এটা একটা বড় ক্লাব, এখানে খেলা যায় বড় ফুটবলারদের সঙ্গে। আর লন্ডনও আমার পছন্দের শহর। চুক্তিপত্রে সই করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’ চেলসির ম্যানেজার কার্লো আনচেলত্তি সন্তুষ্ট আনেলকার মেয়াদ বাড়ায়, ‘চেলসি তো আনেলকার নিজের বাড়ি। তার সঙ্গে আরও এক বছর কাজ করার জন্য মুখিয়ে আছি।’ এএফপি।নজিরবিহীনযুক্তরাষ্ট্র এখন কাঁপছে! শ্বাসরুদ্ধ একটি ম্যাচ শেষে স্মরণীয় জয়। তাই এই কাঁপুনি! গত বৃহস্পতিবার সম্প্রচার সংস্থা ইএসপিএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচটি দেখার জন্য নজিরবিহীন সংখ্যক মার্কিন নাগরিক হুমড়ি খেয়ে পড়েছিল ইন্টারনেট ও মোবাইলের ওপর। তাদের মতে, গত বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের কমপক্ষে ১১ লাখ মানুষ ইএসপিএনের ওয়েবসাইটে ম্যাচটির কোনো না কোনো অংশ উপভোগ করেছে। এই সংখ্যা ইএসপিএনের অনলাইন সম্প্রচারের আগের সব রেকর্ডই ভেঙে ফেলেছে। তারা আরও জানিয়েছে, সেদিন খেলার আপডেট ও খবর জানার জন্য ইএসপিএন ডট কম ওয়েবসাইটটিতে একই সময়ে একসঙ্গে চোখ রেখেছিল প্রায় ১৭ লাখ ফুটবল অনুরাগী। এ ছাড়া ইএসপিএন চ্যানেল এবং স্প্যানিশ ভাষার চ্যানেল ইউনিভিশনেও চোখ রেখেছিল প্রায় ৮৬ লাখ দর্শক। এএফপি।ভুভুজেলায় স্বপ্নভুভুজেলা আর কারও ঘুম ভাঙালেও, পিওতর জাবাজিন্সকিকে স্বপ্নই দেখাচ্ছে! পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে এই ক্ষুদ্র ব্যবসায়ী প্লাস্টিকের ফ্লোর টাইলসের কারবার করেন। এখন স্বপ্ন দেখছেন ভুভুজেলা নিয়ে! বছরখানেক আগে প্লাস্টিকের বোতল বানানোর মেশিন সস্তায় কিনেছিলেন পিওতর। এত দিন সেটা পড়েই ছিল। কিন্তু পিওতর এখন সেটার ওপর জমে থাকা ধুলো ঝেড়ে-মুছে নিয়েছেন। চিন্তা করছেন, মেশিনটা একটু এদিক-সেদিক করে ভুভুজেলা বানাতে শুরু করবেন! তাঁর দাবি, এটা দিয়ে এক মিনিটে চারটি ভুভুজেলা বানানো যাবে। প্রতিটির জন্য খরচ পড়বে ১৫ সেন্ট। পোল্যান্ডে ভুভুজেলা আসে চীন থেকে। পিওতরের দাবি, ‘আমি নিশ্চয়তা দিতে পারি, আমার তৈরি ভুভুজেলায় বিশ্বকাপের ভুভুজেলার মতোই শব্দ পাওয়া যাবে।’ এএফপি।বিয়ারের মজুদআগামী রোববার বিষম লড়াই। ইংল্যান্ড বনাম জার্মানি। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির মতে, সেদিন ব্লুমফন্টেইনে লোকে লোকারণ্য অবস্থা দাঁড়াবে। তাদের ধারণা, ইংল্যান্ড ও জার্মানির ৩৫ হাজারেরও বেশি দর্শক আসবে মাঠে খেলা দেখতে। এ নিয়ে চিন্তায় পড়েছেন ব্লুমফন্টেইনের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী জর্জ মোহলাকোয়ানা। তিনি ভালো করেই জানেন, ইংলিশ ও জার্মানদের বিয়ারপ্রীতির কথা। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক আইনানুযায়ী রোববার অ্যালকোহলজাতীয় পানীয়ের পাইকারি বিক্রি বন্ধ থাকে। তবে রেস্তরাঁ বা পানশালায় তা বিক্রিতে বাধা নেই। বিশাল সংখ্যক ইংলিশ ও জার্মান সমর্থকের কথা চিন্তা করে মোহলাকোয়ানা তাই রেস্তরাঁ ও পানশালাগুলোকে আগে থেকেই বিয়ারের যথেষ্ট মজুদ গড়ে রাখতে পরামর্শ দিয়েছেন। এএফপি।