না না র ঙে র বি শ্ব কা প
সমর্থনশেষ ষোলোতেই দক্ষিণ কোরিয়ার আলো নিভে যাওয়ায় এশিয়ার সবার চোখ এখন সূর্যোদয়ের দেশ জাপানের ওপর। এমনকি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ইয়ুং-বাকও বিশ্বকাপে টিকে থাকা এশিয়ার একমাত্র প্রতিনিধিদলটির দিকেই বাড়িয়ে দিয়েছেন তাঁর সমর্থন। কানাডার টরন্টোতে জি-৮ সম্মেলনে যোগ দিতে যাওয়া এই নেতা জাপানের প্রধানমন্ত্রী নায়োতো কানকে শুভকামনা জানিয়েছেন, ‘আশা করি, এশিয়ার প্রতিনিধি জাপান প্যারাগুয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পা রাখবে।’ নিজের দলের ছিটকে পড়ায় দুঃখও প্রকাশ করেছেন তিনি। জাপান প্রধানমন্ত্রী নায়োতো কান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিকে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা জাপানি দলে পৌঁছে দেব।’ এএফপি।জরুরি অবতরণপুরো পরিবার নিয়ে ব্লুমফন্টেইনে রওনা দিয়েছিল পরিবারটি। উদ্দেশ্য জার্মানি-ইংল্যান্ড মহারণ দেখা। কিন্তু পরিবারটিকে বহন করা হালকা বিমানটি ব্লুমফন্টেইনের বিমানবন্দরে না নেমে, নেমে গেল একটি রাস্তায়! হঠাৎ করে পথে নেমেই পড়ার কারণ যান্ত্রিক গোলোযোগ। যান্ত্রিক সমস্যায় পড়ে পাইলট বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য হয়েছেন রাস্তার ওপরই। বিমানে চারজন যাত্রী ছিল, চারজনই এক পরিবারের। পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনায় হতাহত হয়নি কেউ। জরুরি অবতরণ ব্লুমফন্টেইন থেকে ২৫ কিলোমিটারই দূরে হলেও হাতে সময় থাকায় বিশ্বকাপ-যাত্রীদের ঠিক সময়েই পৌঁছে যাওয়ার কথা স্টেডিয়ামে। এএফপি।দমকা বাতাসশেষ ভরসা ঘানা শেষতক ডিঙিয়েছে শেষ ষোলোর দেয়াল। আফ্রিকার দেশটির খেলা দেখার জন্য তাই মুখিয়ে ছিল কেপটাউনের লোকজন। কিন্তু বাগড়া বাধাল দমকা বাতাস। কেপটাউনে গত শনিবার রাতে প্রায় পাঁচ শ দর্শক জড়ো হয়েছিলেন সমর্থকদের এক উৎসবে। ইচ্ছে ছিল সবাই মিলে যুক্তরাষ্ট্র-ঘানার জম্পেশ ম্যাচ দেখবেন। কিন্তু দমকা বাতাস আর সময় পায়নি, ঠিক খেলা শুরুর মোক্ষম সময়েই দর্শকদের পুরো ছত্রভঙ্গ করে ছেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ধরে দমকা বাতাস বইছিল কেপটাউনে। রয়টার্স।সুবাতাসবিশ্বকাপ আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা কতটা সফল, তা বুঝতে হয়তো আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। তবে আয়োজক হিসেবে যে তারা এরই মধ্যে বিশাল লাভের মুখ দেখেছে, তা বেশ বোঝা যাচ্ছে দেশটির পর্যটন কর্তৃপক্ষের কথায়। তাদের দাবি, বিশ্বকাপের ফলে অর্থনীতিতে সুবাতাস বইছে। সামনে সেটা আরও বেগবান হবে, কারণ শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকা দেশগুলোর অধিকাংশই অথনৈতিকভাবে সচ্ছল। দক্ষিণ আফ্রিকা গত চার বছরে আয়োজক হিসেবে নিজেদের অবকাঠামো উন্নয়নে খরচ করেছিল বিশাল পরিমাণ অর্থ। পর্যটন কর্তৃপক্ষের আশা, সেই খরচাপাতি খুব সহজেই উঠে আসবে বিশ্বকাপে। পাশাপাশি বিশ্বের সামনে নিজেদের এক নতুন পরিচয়ও মেলে ধরতে পারল তারা। এএফপি।প্রথম দেখাজাম্বিয়ার পশ্চিমের জেলা মঙ্গুর প্রত্যন্ত একটি গ্রাম নামুসকেকেন্দে। এখানকার অধিকাংশ মানুষই জেলে। বিদ্যুৎ তো নেই-ই, নেই আধুনিকতার বিন্দুমাত্র ছোঁয়া। বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বলতে রেডিও, তা-ও যদি ব্যাটারি থাকে! সেখানকার দুই-একজনের হয়তো সৌভাগ্য হয়েছে টিভি দেখার। গত শনিবার বিশ্বকাপে আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানার খেলা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। জাতিসংঘের শিশু তহবিলের উদ্যোগে সেই ম্যাচটি নামুসকেকেন্দের শ-খানেক গ্রামবাসী উপভোগ করলেন মন ভরে। এবারই প্রথম তাদের গ্রামে টিভি চলল! পুরো গ্রামে কেবল একটাই ঘানার পতাকা খুঁজে পাওয়া গিয়েছিল সে সময়, আর ছিল একটি ভুভুজেলা! ঘানা গোল দিতেই উল্লাসে মেতে ওঠে সবাই। খেলা দেখার পাশাপাশি তরুণদের এইডস এবং শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কাজটিও করছে জাতিসংঘ। এএফপি।জার্সি বদলশেষ ষোলোতেই শেষ বাঁশি বেজে গেছে যুক্তরাষ্ট্রের। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা ঘানার প্রেসিডেন্ট জন আট্টা মিলসকে আগেই কথা দিয়ে রেখেছেন—জার্সি বদল করবেন তাঁরা। গত পরশু ঘানা-যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছিলেন, ‘সামনে যখন এই দুই নেতার দেখা হবে, তখন তাঁরা উভয় দেশের জার্সি বদল করবেন।’ এর আগে শেষ ষোলোতে জায়গা পাওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্র দলকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রকে হারানোর পর ঘানার প্রেসিডেন্ট ওবামাকে সহানুভূতি জানিয়েছেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। এএফপি।