না না র ঙে র বি শ্ব কা প
আফ্রিকায় প্যারিসউল্টোপাল্টা কাজ-কারবারে তাঁর জুড়ি মেলা ভার! দুদিন বাদে বাদে পুলিশ-আদালত করা যেন পান্তাভাত হয়ে গেছে মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনের কাছে। ঢেঁকি যে স্বর্গে গেলেও ধান ভানে, তাও প্রমাণ করে দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ৩১ বছর বয়সী বান্ধবী জেনিফার রোভেরোকে নিয়ে, ব্রাজিল-হল্যান্ডের ম্যাচটি দেখবেন বলে। কিন্তু সেখানেও পুলিশ-আদালত দর্শন না করে পারলেন না তিনি। গত শুক্রবার ম্যাচ শেষে মারিজুয়ানা বহনের দায়ে পুলিশ গ্রেপ্তার করে প্যারিস ও তাঁর বান্ধবীকে। তবে সেদিনই আদালত প্যারিসকে বেকসুর খালাস দিলেও তাঁর বান্ধবীকে দোষী সাব্যস্ত করেন। ৩০ দিনের জেল অথবা ১২৮ ডলার জরিমানা করা হয় তাঁর বিরুদ্ধে। জরিমানা দিয়ে তিনিও রেহাই পেয়েছেন। এএফপি।ম্যারাডোনার গানদুই হাতে দুই ঘড়ি, জপমালা, ধূসর স্যুট—কোচ ডিয়েগো ম্যারাডোনার কুসংস্কারের অন্ত নেই যেন! দলকে জেতানোর ব্যাপারে কুসংস্কারের বাকি রাখছেন না কোচ। এবার তাঁর আরেকটি অভ্যাস কিংবা কুসংস্কারের খোঁজ মিলেছে। ম্যাচের আগে তিনি একটি গান গুনগুন করে গেয়ে থাকেন। আর্জেন্টিনার জাতীয় সংগীত? উহু, আর্জেন্টিনার ব্যান্ড লা কোঙ্গার ‘লা কাবানা’ নামের একটি গান। বাংলায় গানটির কথাগুলো এ রকম—‘তোমার স্বামীর আড়ালে, আড়ালে আমার স্ত্রীর...!’ বুঝুন অবস্থা! মাঠে নামার আগে নাকি এই পরকীয়া প্রেমের জয়গান গাওয়া গানটিই ভাজতে থাকেন ম্যারাডোনা। তাঁর বিশ্বাস, জয়ের পেছনে এই গানটি টোটকা হিসেবে কাজ করে! ওয়েবসাইট।অভাগা জ্যাগারঅভাগা যেদিকে ধায়, সাগর শুকায়ে যায়! রোলিং স্টোনস ব্যান্ডের গুরু মিক জ্যাগারকে অভাগা না বলে উপায় কী? ব্রাজিলের সমর্থক ছিলেন এই ভদ্রলোক, তাই ব্রাজিল হেরে গেছে—অনেকটা এমন সুরেই ব্রাজিলের পত্রপত্রিকাগুলো অপয়া হিসেবে বিবেচনা করছে জ্যাগারকে! এই বিশ্বকাপে এর আগে যুক্তরাষ্ট্রের সমর্থক ছিলেন জ্যাগার। শেষ ষোলোতেই দলটি বিদায় নেওয়ায় ভিড়েছিলেন ইংল্যান্ডের কাতারে! এরপর ব্রাজিলিয়ান মডেলের ঘরে জন্মানো তাঁর ছেলেকে নিয়ে মাঠে গিয়েছিলেন ব্রাজিলকে সমর্থন দিতে। বুঝতেই পারছেন, জ্যাগারকে কেন অপয়া হিসেবে দাবি করছে ব্রাজিলের প্রচারমাধ্যমগুলো। ও এসতাদো ডে সাও পাওলো নামের একটি পত্রিকা লিখেছে, ‘যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড আর ব্রাজিলকে সমর্থন দিয়ে তো বাইরেই পাঠিয়ে দিলেন, সামনে এবার কোন দলকে ডোবাবেন জ্যাগার?’ এএফপি।টিকিট জালিয়াতিদক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের টিকিট জালিয়াতির দায়ে গত বৃহস্পতিবার পুলিশের হাতে পাকড়াও হয়েছিলেন দুজন—ইংল্যান্ডের ৩৮ বছর বয়সী ক্যারেন সরেনসন এবং জিম্বাবুয়েতে জন্ম নেওয়া ৩৯ বছর বয়সী মার্কিন নাগরিক ব্রেন্ডন ইভানস। দক্ষিণ আফ্রিকার আইন ভেঙে অবৈধ পথে বিশ্বকাপের টিকিট বিক্রির দায়ে তাঁদের খুঁজছিল পুলিশ। সপ্তাহখানেক আঁতিপাঁতি করে খোঁজাখুঁজির পর তাঁদের হদিস মিলেছিল জোহানেসবার্গের উত্তরে স্যান্ডটন নামের একটি হোটেলে। পুলিশ ১২২টি টিকিট ও ল্যাপটপ-মোবাইল জব্দ করে আদালতে পাঠিয়ে দেয় সরেনসন ও ইভানসকে। ২ হাজার ডলারের বিনিময়ে জামিন পেলেও, ২৮ জুলাই আবার আদালতে হাজির হতে হবে এই দুজনকে। ওয়েবসাইট।