না না র ঙে র বি শ্ব কা প
উৎসব মাটিসবকিছু চলছিল ঠিকঠাকভাবেই। ফি-বছরের মতো এবারও ইংল্যান্ডের গ্লাসটনবারি শহরে বসেছিল ৪০তম গ্লাসটনবারি উৎসবের আসর। নাচ-গান হইহল্লায় যোগ দিয়েছিলেন প্রায় লক্ষাধিক মানুষ। গত রোববার ইংল্যান্ড-জার্মানির খেলা দেখার জন্য গ্লাসটনবারির দুটি মাঠে বড় পর্দার সামনে প্রায় ৮০ হাজার দর্শক জড়ো হয়েছিলেন। কিন্তু ক্লোসার গোলেই উৎসবের আনন্দ মাটি! আর রেফারির ইংল্যান্ডের গোলবঞ্চিত করার অদ্ভুতুড়ে সিদ্ধান্তে তো অনেকেই হতভম্ব! এরপর কি আর উৎসব জমে? ১-৪ গোলের পরাজয় হজম করাটা বেশ কষ্টেরই ছিল ইংলিশ সমর্থকদের। এএফপি।মার্কেলের জয়বিশ্বকাপ ফুটবল উত্তেজনার কমতি নেই কানাডার জি-২০ সম্মেলনেও। বিশেষ করে গত রোববার জার্মানি ও ইংল্যান্ডের দুই নেতা যখন পাশাপাশি বসে দেখলেন নিজেদের ফুটবল লড়াই। ইংল্যান্ডকে একদম ধরাশায়ীই করে ছাড়ল জার্মানরা। খেলা শেষে স্বভাবতই ইংল্যান্ড প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হতাশ, ‘এটা গভীর হতাশার! খেলা দেখেছি এবং খেলার সবকিছুই দেখেছি।’ রেফারির সিদ্ধান্তে আর সবার মতোই ইংলিশ প্রধানমন্ত্রীও বেজায় নাখোশ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তাঁকে জানিয়েও বলেছেন, ‘আমি এখনো রোমাঞ্চিত! শুধু বলতে পারি, জার্মান দল যেভাবে খেলল, তা অসাধারণ! ক্যামেরন আমাকেও শুভেচ্ছা জানিয়েছেন।’ এএফপি।মাঠের বাইরেওএকে তো মাঠে খাইয়েছেন নাকানি-চুবানি, তার ওপর টিপ্পনি কেটেও ইংলিশদের এক হাত নিলেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। গত রোববারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশদের নাক-উঁচু ভাবটাকে অনেকেই নিয়েছিলেন ‘উদ্ধত’ হিসেবে। লামের মতে, অন্যের প্রতি শ্রদ্ধাবোধের অভাবেই জার্মানির কাছে হেরেছে ইংল্যান্ড, ‘ইংলিশরা হয়তো সেদিন খেলার জন্য পুরো প্রস্তুত ছিল না। হয়তো বা তারা আমাদের দলটিকে আমলেও নেয়নি, কারণ আমাদের দলে তো তাদের মতো তারকা ফুটবলার নেই!’ ইংল্যান্ডের সঙ্গে নিজেদের পার্থক্যের কথাটাও আকারে-ইঙ্গিতে জানিয়ে দিলেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার, ‘তাদের ডিফেন্স আমাদের সামলাতে পারেনি, কারণ আমাদের স্ট্রাইকাররা দুর্দান্ত।’ ওয়েবসাইট।বাজির বাজারবিশ্বকাপে দুনিয়াজুড়ে বাজিকরদের অবস্থা রমরমা। বাজি নিয়ে বাড়াবাড়িও হচ্ছে মাঝেমধ্যে। এই যেমন গত সোমবার হংকং পুলিশ বিশ্বকাপকে ঘিরে অবৈধ বাজিকরদের কাছ থেকে রেকর্ড সংখ্যক ২ কোটি ২০ লাখ ডলার জব্দ করেছে। ঘটনায় জড়িত চারজন গ্রেপ্তারও হয়েছে সে সময়। এ ছাড়া বিশ্বকাপ শুরুর পর থেকে কমপক্ষে তিন ডজন সন্দেহভাজনের সর্বশেষ বাজির রেকর্ড জব্দ করেছে হংকং পুলিশ। সব মিলিয়ে এবার এই অবৈধ বাজিকরদের কাছ থেকে পাকড়াও করা অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার! তারপরও পুলিশের ধারণা, তারা এখনো পুরোপুরিভাবে অবৈধ বাজির শেকড় তুলে ফেলতে পারেনি। এ মাসের শুরুতে শেনজেন শহর থেকে চীনা পুলিশ ৪৪ মিলিয়ন হংকং ডলারসহ কমপক্ষে ৪৫ জন বাজিকরকে পাকড়াও করেছিল। এএফপি।