না না র ঙে র বি শ্ব কা প
এবার শিম্পাঞ্জিকুসংস্কার বিষয়টি ভয়াবহ রকমের সংক্রামক! আর তার সঙ্গে যোগ হয়েছে বিখ্যাত হওয়ার হাস্যকর প্রতিযোগিতা। জার্মানির পলের পর শোনা গিয়েছিল ডলফিন সেকো, তান্ত্রিক কবুতর, জ্যোতিষ অজগর এবং টিয়াপাখি মনির কথা। এবার শোনা গেল শিম্পাজি-পণ্ডিত পিনোর কথা! হল্যান্ডের এক চিড়িয়াখানার এই পণ্ডিত গত শুক্রবার ভবিষ্যৎ দেখে জানিয়েছে, আজ হল্যান্ডই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। আমস্টারডামে জন্ম নেওয়া পিনোকে নিয়ে আসা হয়েছিল তালিন চিড়িয়াখানায় ১৯৯৪ সালে। সেদিন শিম্পাঞ্জিটির সামনে স্ন্যাকসভর্তি দুটি কাগজের ব্যাগ ধরা হয়েছিল। একটিতে হল্যান্ড, আরেকটিতে স্পেনের পতাকা আঁকা। কোনো রকম না ভেবেই নাকি ডাচদের পতাকাওয়ালা ব্যাগটিই তুলে নিয়েছিল পিনো। এএফপি।উৎসবে অসম্মতিহল্যান্ডের ইরিনে ভিসার চান না ডাচরা বিশ্বকাপ জিতুক! কেন? শুনুন তাঁর মুখেই, ‘হল্যান্ডে একমাত্র আমিই চাই কমলারা হারুক! ঘরের সবকিছু আপনারই সামনে ডুবে যেতে দেখলে মোটেও ভালো লাগার কথা নয়!’ এই কথাগুলোর মানে খুঁজে বের করতে হলে, যেতে হবে ১৯৮৮ সালে। সেবার ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছিল ডাচরা। তাই ফুটবলারদের সম্মানার্থে আমস্টারডামের ঐতিহ্যবাহী হাউসবোটে চেপে উৎসবে মেতে উঠেছিল সবাই। কিন্তু নদীর বুকে ভেসে থাকা নৌকার বাড়িগুলো ডুবে গিয়ে অনেকেই মারা পড়েছিল সেবার। বলা বাহুল্য, উৎসব মাটি হয়ে গিয়েছিল সে যাত্রা। সেই ঘটনার সাক্ষী ইরিনে। এবারও ডাচরা চাইছে বিশ্বকাপ জিতলে আমস্টারডামে হাউসবোটে উৎসব করা হবে। আয়োজন করা হবে ক্যানাল প্যারেডের। কিন্তু ইরিনের মতো আর সব হাউসবোটের মালিকেরা এতে সম্মতি দিতে পারছেন না সংগত কারণেই। রয়টার্স।গুরুর অনুসারীরাজার্মানির গুনিন পলের ঝকমারিতে অনেকেই মুগ্ধ, অনেকের চোখেই তা অপবিজ্ঞান। একের পর এক ঠিকঠাক আগাম ফল বলে দিয়ে এই আটপেয়ে এখন গুরুভক্তিই পাচ্ছে ব্রিটিশ জুয়াড়িদের কাছ থেকে! গত শুক্রবার ফাইনালের ভবিষ্যদ্বাণী করে ব্রিটিশ বাজিকর প্রতিষ্ঠানগুলোতে তুমুল আলোড়নই ফেলে দিয়েছে এই অ্যাকুয়ারিয়ামবাসী। ইংল্যান্ডের পেডি পাওয়ার নামের একটি বাজিকর প্রতিষ্ঠান জানিয়েছে, ‘পলের প্রভাবে বাজির ক্ষেত্রে দারুণ ওলটপালট হয়ে গেছে। তার ভবিষ্যদ্বাণীর পর অনেক জুয়াড়িই এখন স্পেনের পক্ষে বাজি ধরছে।’ গত শুক্রবারের আগে পেডি পাওয়ারের হিসাব অনুযায়ী, ৫৪ শতাংশ জুয়াড়িই বাজি ধরেছিল ডাচদের পক্ষে। আর পল যখন বলেছে স্পেনই জিতবে, তখন লা ফুরিয়া রোজাদের পক্ষে বাজি ধরেছে ৫৬ শতাংশ জুয়াড়ি! এএফপি।ভুভুজেলা হারামএত দিন তো নিষিদ্ধ করা হয়েছে, এবার বলা হলো হারাম! গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাতীয় পত্রিকা জানিয়েছে, দেশটিতে ভুভুজেলার ওপর ফতোয়া জারি করা হয়েছে। জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টসের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, ‘ভুভুজেলা যদি শ্রবণশক্তির কোনো ক্ষতির কারণ হয়, তবে তা হারাম।’ তাদের মতে, কোনো রকম ক্ষতির কারণ না হলে স্টেডিয়ামে তা বাজানো যেতে পারে। তবে এও বলেছে, ‘আমদানিকারক এবং ব্যবসায়ীদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ভুভুজেলার শব্দ যেন ১০০ ডেসিবলের ওপরে না যায়। কারণ, এই মাত্রা শ্রবণশক্তির জন্য ভীষণ ক্ষতিকর।’ এএফপি।