না না র ঙে র বি শ্ব কা প
মেসি-প্রেমলিওনেল মেসিতে মুগ্ধ হওয়াটা দোষের কিছু না। কিন্তু মুগ্ধতা প্রকাশের তো একটা সময় আছে! ২২ জুন রাতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে গ্রিস। নাইজেরিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়া গ্রিসদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া না-যাওয়াও নির্ভর করছে এই ম্যাচের ওপরই। এমন একটা সময়ে কোথায় আর্জেন্টিনাকে হারানোর কৌশল আঁটবেন তা না, গ্রিক স্ট্রাইকার জিওর্জিস সামারাস মেসির সঙ্গে খেলবেন ভেবেই রোমাঞ্চিত! নিজেই বলছেন, ‘মেসি সেরা খেলোয়াড়। আমি তো তার সামনে কিছুই না।’ তবে পরে অবশ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্যের কথাও বলেছেন। মেসিদের বিপক্ষে ওটার জন্যই লড়বে গ্রিস। ওয়েবসাইট।টিকিট চুরিদক্ষিণ আফ্রিকার পুলিশ বড়ই নাছোড়বান্দা হয়ে উঠছে! বেচারা কুনলে বেঞ্জামিন চুরি করে হজম তো করতে পারলেনই না; বিশ্বকাপের একটি বিশেষ আদালত জানিয়েছেন, গোটা ত্রিশেক টিকিট চুরির দায়ে এই নাইজেরিয়ানের জেলও হয়ে গেছে তিন বছরের! এতই তাঁর বদ নসিব যে, প্রথমে চুরি নয়, প্রিটোরিয়ার রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছিল। একসময় তাঁর উল্টোপাল্টা কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিশ্বকাপের ৩০টি টিকিট খুঁজে পায়। টিকিটগুলো নাকি ইন্টারনেটে বিক্রির ব্যবস্থাও করে ফেলেছিলেন কুনলে। ব্যস, এই টিকিট চুরির দায়েই পাক্কা তিন বছরের জন্য লাল দালানের টিকিট পেয়ে গেলেন তিনি! ওয়েবসাইট।মেসির এসএমএসএসএমএস সংসারই ভেঙে দিয়েছে বিশ্বসেরা অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্নের। লিওনেল মেসির অবশ্য সংসার-টংসার নেই, তাই সংসার ভাঙারও ভয় নেই। আর থাকলেও তা ভাঙার সম্ভাবনা ছিল না। কারণ ওয়ার্নের মতো মেসি তো আর কোনো মেয়েকে এসএমএস পাঠাননি, এসএমএস পাঠিয়েছেন তিনি সেস ফ্যাব্রিগাসকে। এসএমএসের বক্তব্য—স্প্যানিশ এই প্লে-মেকারকে বার্সেলোনায় চান মেসি। বারবার মুঠোফোন বার্তা পাঠিয়ে আর্সেনাল অধিনায়ককে সেটাই বললেন, ‘আমি ওকে বার্সেলোনায় আসার জন্য রাজি করাতেই এসএমএস পাঠাই।’ নিজেদের যুব প্রকল্পের আবিষ্কার ফ্যাব্রিগাসকে পেতে ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে বার্সা। তবে বার্সেলোনার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আর্সেনাল। ওয়েবসাইট।ওয়াগদের আগমনস্ত্রী-বান্ধবীর সঙ্গ পাওয়ার জন্য কোচ ক্যাপেলোর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাঁরা। বেরসিক ক্যাপেলো নিজের সিদ্ধান্তে অটল থাকায় সঙ্গীকে কাছে পাননি ইংলিশ ফুটবলাররা। তাই বলে ওয়াগরা তো আর ঘরে বসে থাকতে পারেন না। প্রিয় মানুষটির পাশে না যেতে পারেন, অন্তত মাঠে বসে তো তাঁর খেলা দেখতে আটকাতে পারবেন না ক্যাপেলো। গতকাল তাই ইংল্যান্ড-আলজেরিয়া ম্যাচে তাঁরা গিয়েছিলেন দল বেঁধে। সেই দলের নেতৃত্বে ছিলেন দুই সন্তানসহ এমিলি হেসকির বাগদত্তা চ্যানটেলে ট্যাগো, চার বছরের জ্যাডেন ও দুই বছরের রিগ্যান। এ ছাড়া ছিলেন গ্লেন জনসনের স্ত্রী লরা, ম্যাথু আপসনের গিন্নি এলি ডারবি, পিটার ক্রাউচের বান্ধবী অ্যাবি ক্লান্সেও। ওয়েবসাইট।খাদ্যে বিষক্রিয়াদুনিয়ার অধিকাংশ মানুষ যখন বিশ্বকাপজ্বরে ভুগছে, তখন তাঁরা ভুগছেন খাদ্যে বিষক্রিয়ায়! বিশ্বকাপ আয়োজক কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, গত শুক্রবার নেলসপ্রুইট শহরের ৯০ জন স্বেচ্ছাসেবীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে গমনের কারণ হিসেবে জানানো হয়েছে, ‘খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমনটা হয়েছিল। সমস্যাটি ছিল তাঁদের সকালের নাশতায়। তবে সবাই এখন সুস্থ, হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন।’ এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। আর নেলসপ্রুইটেই আছেন ৯৮৫ জন। এএফপি।সমব্যথী দুজনকি চায়ের কাপে, কি গুরুত্বপূর্ণ সভায়—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ ফুটবল। বাদ পড়েনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আলোচনার টেবিলও। গত পরশু এই দুই নেতা বসেছিলেন লন্ডনের ডাউনিং স্ট্রিটে। আলোচনার বিষয় আফগানিস্তান যুদ্ধ এবং সামনের জি২০ সামিট। কিন্তু এত রাশভারী আলোচনার মধ্যেও বিশ্বকাপের কথা না তুলে পারেননি দুই নেতা। তুলবেনই বা না কেন? ইংল্যান্ড ও ফ্রান্স যে একই পথের যাত্রী, এবারের বিশ্বকাপে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলতে হচ্ছে তাদের! দুজনের ব্যথাই যে সমান। তাই বিশ্বকাপে হতাশার কষ্টই হয়তো ভাগাভাগি করেছেন ক্যামেরুন-সারকোজি। এএফপি।