না না র ঙে র বি শ্ব কা প
টুটুর চাওয়াবেকহামের আফসোসটা হয়তো আরেকটু বেড়েই গেল। এক ইনজুরির কারণেই ডেসমন্ড টুটুর মতো মানুষের চাওয়াটাকে বাস্তবে রূপ দিতে পারছেন না তিনি! কিন্তু বেকহামের কাছে কী চেয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী টুটু? বেকহাম সেদিন জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে গিয়েছিলেন ডেসমন্ড টুটু পিস সেন্টারে। টুটুর সঙ্গে বসে চা খেয়েছেন। আর টুটু তাঁর সইসহ তিনটি ব্যাকপ্যাক উপহার দিয়েছেন বেকহামের বাচ্চাদের জন্য। তখনই টুটু তাঁর চাওয়ার কথা বলেছিলেন, ‘তুমি মাঠে নামলে ভারী খুশি হতাম।’ বেকহামও জানিয়েছেন নিজের চাপা কষ্টের কথা, ‘খেলতে পারলে আমি নিজেও খুব খুশি হতাম। কিন্তু এমন কিছু ব্যাপার (ইনজুরি) আমাদের জীবনে ঘটেই।’ এএফপি।ফের ডাকাতি! দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোর-ডাকুদের উৎসবের শুরু। এই নিয়ে যে কতবার এমনটা ঘটল, তার কোনো লেখাজোকা নেই। শুধু জাপানিরাই তো আক্রমণের শিকার হলো কয়েকবার! তবে আশার কথা, অপরাধ করে এবার আর পার পায়নি ডাকাতেরা। পুলিশ জানিয়েছে, গত পরশু এক জাপানিকে আক্রমণ করেছিল পাঁচ ডাকাত। সেই দলে ছিল তিন টিনএজারও! জাপান-ক্যামেরুন ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে ব্লুমফনটেইনের রাস্তায় ডাকাতেরা ৩২ বছর বয়সী এই জাপানির কাছ থেকে ক্যামেরা, তিনটি লেন্স এবং একটি মানিব্যাগ নিয়ে যায়। প্রায় ১৫ হাজার ৯০০ ডলার মূল্যের জিনিসপত্র ছিল সেখানে। করিৎকর্মা পুলিশ পাঁচ ডাকাতকেই পাকড়াও করেছে। জাপানিকে ফিরিয়ে দিয়েছে তাঁর জিনিসপত্রও! এএফপি।ছদ্মবেশী ওয়াগফেবারিট স্পেন কেন সুইজারল্যান্ডের কাছে হারল? অনেকেই হয়তো বলবেন, স্পেনের রক্ষণ ছিল বাজে, কিংবা ভালো ফিনিশারের অভাব ছিল সেদিন। কিন্তু স্পেন সমর্থকেরা বলছে, সব দোষ ওই সারা কারবোনেরো নামের এক টেলিভিশন সাংবাদিকের! কী দোষ তাঁর? দোষের কথা শোনার আগে জেনে নিন, একটি ভোটের ফলাফলে দুনিয়ার সবচেয়ে আবেদনময়ী সাংবাদিক কিন্তু এই ভদ্রমহিলাই। আর টেলেসিনকো নামের চ্যানেলটির এই সাংবাদিকই স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের মনের মানুষ! স্পেন শিবিরে ওয়াগ নিষিদ্ধ হলেও সেই সারা এখন তাঁর পেশাগত দায়িত্ব পালনে দক্ষিণ আফ্রিকাতেই আছেন। সুযোগ পেয়ে এক ঢিলে দুই পাখি মারছেন তাঁরা। স্পেনিয়ার্ডদের বিশ্বাস, সেখানে গিয়েই গোলরক্ষকের মাথা খেয়েছেন এই ছদ্মবেশী ওয়াগই! এএফপি। রুনির জুতায় একি!মুখ খারাপ করার জন্য এরই মধ্যে সাবধান করে দেওয়া হয়েছে ওয়েইন রুনিকে। এবার তাঁর পা-ও উল্টাপাল্টা ‘বকছে’! সম্প্রতি ছবি তোলার সময় দেখা যায় রুনির দুই পায়ের জুতায় দুটি শব্দ লেখা। এক পায়ে ছাপার অযোগ্য চার অক্ষরের একটা ইংরেজি গালির বর্ণগুলো শুধু একটু ওলটপালট করে বসানো। কিন্তু একনজর দেখলেই বোঝা যায়, সেটি একটা অশিষ্ট গালির মতোই। অন্য পায়ে লেখা ‘ফ্লয়েড’। ব্যাপারটার অর্থ কী বা এ ফ্লয়েডই বা কে, সেটির কোনো ব্যাখ্যা মেলেনি। তবে ওই ‘গালি’র ব্যাখ্যা আছে। ওটি আসলে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফ্রেঞ্চ কানেকশন ইউকে’ (সংক্ষেপে এফসিইউকে)-এর লোগো। ঘটনা যাই হোক, মহাতারকা রুনির বিনিময়ে মুফতে একটা প্রচার তো হয়ে গেল তাদের! ওয়েবসাইট।ভুভুজেলা নিষিদ্ধ?শেষতক বিষম জ্বালা ভুভুজেলা নিষিদ্ধ হলো! টেলিভিশনের সামনে বসে আপনিও নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছিলেন। তাই খবরটা শুনে হাঁফ ছাড়লেন কি? না ছাড়লে থাক। কারণ নিষিদ্ধ ঘোষণাটি এসেছে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর মুখ থেকে! এমনিতেই দল ভালো করেনি। তার ওপর সেদিন রাত তিনটার দিকে হোটেলে শুয়েও শোনেন ভুভুজেলার প্যাঁ-পোঁ! ৬৪ বছর বয়সী এই ভদ্রলোকের ধৈর্যের বাঁধ আর কতক্ষণ টিকে থাকে! তাই সোজা হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, অন্তত এই হোটেল থেকে ভুভুজেলা হটাও! ইংল্যান্ডের মতো ভিআইপিদের কথা তো রাখতেই হয়। কথা বাসি হওয়ার আগেই হোটেলের ত্রিসীমানা থেকে ভুভুজেলা নিষিদ্ধ ঘোষণা না করে পারেনি কর্তৃপক্ষ। ওয়েবসাইট।কলকাতাতেওউত্তর কলকাতার কুমারটুলিতে এখন ধুন্ধুমার কাণ্ড। যেন পূজাই লেগে গেছে! কুমারদের দম ফেলার ফুরসত নেই। দলে দলে মানুষ এসে ধরনা দিচ্ছে দ্বারে, ‘দাদা, একটা মেসি চাই যে!’ মনের মন্দিরে তো মূর্তি গড়াই আছে। এবার মেসি, কাকা ও ম্যারাডোনার ভক্তরা প্রিয় তারকাকে দেখতে চাইছেন কাদামাটির মূর্তির আদলে। কাছ থেকে না দেখলেও এই মূর্তিগুলোই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। তারকাদের মূর্তিগুলোতে চাপছে আকাশি-সাদা আর হলুদ রঙের জার্সি। কলকাতার ‘জয়ী সংঘ’ নামের একটি ক্লাব তো পুরো এলাকাই বিশ্বকাপের রঙে রাঙিয়ে ফেলেছে। দল বেঁধে দেখছে খেলা, পাশে থাকছে প্রিয় তারকার মূর্তি। ওয়েবসাইট।