না না র ঙে র বি শ্ব কা প
জাবুলানির সুনামএবারের বিশ্বকাপের খলনায়ক নাকি জাবুলানি! বিশেষ করে ফ্যাবিও ক্যাপেলো তো জোর গলায় জাবুলানির বিপক্ষে একটা ভাষণও দিয়ে দিতে পারেন। কিন্তু নিন্দার ঝড়ের মধ্যেই বিশ্বকাপের বলটার প্রশংসা করার লোকও পাওয়া যাচ্ছে। জাবুলানির মাতুলালয় অ্যাডিডাসের কর্তাব্যক্তি হারবার্ট হেইনার বলছেন, ফুটবলাররা এখন জাবুলানিতে অভ্যস্ত হয়ে পড়ছে, ‘আমাদের প্রস্তুতকৃত সব বলের মধ্যে জাবুলানিই সবচেয়ে বেশি গোলাকার। বাতাসের সঙ্গে বেশ মানিয়ে চলা এই বলটি ছোটেও দ্রুত।’ আর যে কেউ নিন্দা করলেও স্বয়ং লিওনেল মেসিই যখন ‘জাবুলানি’র প্রশংসা করেছেন, তখন আর কী চাই হারবার্টের, ‘কিছুটা সময় লাগলেও সে (মেসি) এতে অভ্যস্ত হয়ে গেছে।’ জাবুলানি নিয়ে কথা শুনতে হলেও এবারের বিশ্বকাপ কিন্তু বেশ পয়মন্তই অ্যাডিডাসের কাছে। অ্যাডিডাসের বিশ্বাস, বিশ্বকাপে তাদের উৎপাদিত যাবতীয় ক্রীড়াসামগ্রী বিক্রি করে আয় হবে প্রায় ১৯০ কোটি ডলার! এএফপি।যত দোষ... বয়স ৩৬, ‘বুড়োদের দলের’ সবচেয়ে প্রবীণ তিনিই। সমালোচনা চলছিল অনেক আগে থেকেই। শেষতক সমালোচকদের কথাই সত্যি হলো। প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে নাক কাটা ড্র। ব্যস, সমালোচনার তুমুল ঝড় এখন বয়ে যাচ্ছে ইতালি এবং প্রবীণ অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর ওপর দিয়ে। তাঁর এজেন্টও আর মুখ না খুলে পারলেন না। ইতালির এই দুর্গতির ভার শুধু ক্যানাভারোই কেন নেবেন—এই প্রশ্ন তুলেছেন তাঁর এজেন্ট, ‘এটা পুরোপুরি অন্যায় সমালোচনা। প্যারাগুয়ের ম্যাচটিতে ডেনিয়েল ডি রসিরই ভুল ছিল, ক্যানাভারোর নয়। আর নিউজিল্যান্ডের ম্যাচেও তাঁকে দোষ দেওয়া চলে না।’ ওয়েবসাইট।লেপ চুরিজীবনের কুড়িটি মাস তাঁর জেলে কেটেছে। কাজ-কারবার বলতে কিছুই নেই, ঝাড়া হাত-পা একদম বেকার লোকটি। আর কিছু পেলেন না, চুরি করতে গেলেন একটা লেপ! গত সোমবার বিশ্বকাপের একটি বিশেষ আদালত জানিয়েছেন, এক পর্যটকের গাড়ি থেকে লেপ চুরির চেষ্টা করছিলেন এমসিবিসি পিকোকো নামের লোকটি। শেষতক পার পাননি। পুলিশ গ্রেপ্তার করে জেলে পুরেছে তাঁকে। এর আগেও চুরি, ভাঙচুরসহ একাধিক অপকর্ম করে পার পেয়ে গেছেন এই পিকোকো। এবারের বিশ্বকাপে ৫৬টি বিশেষ আদালতের ব্যবস্থা করেছে বিশ্বকাপ আয়োজক কমিটি। আশপাশে ঘটে যাওয়া অপরাধের দ্রুত বিচার, বিশেষ করে যেসব অপরাধে বিদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই সমস্যাগুলো সমাধানের জন্যই এ ব্যবস্থা। এএফপি।সমবেদনাকোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে নিকোলাস আনেলকা কেন অমন বাজে আচরণ করলেন, সেটা নাকি অনুমান করতে পারছেন সাবেক উইম্বলডন ফাইনালিস্ট মারিয়ন বারতোলি, ‘প্রত্যেকেই কখনো না কখনো কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, তখন বাজে বকাবকি করাটাও বিচিত্র কিছু নয়। তাই বলে আমি কখনোই মনে করি না, নিকোলাস বাজে মানুষ।’ ডমেনেখের সঙ্গে বিবাদে আনেলকার দিকে এখন শুধু ফ্রান্স নয়, সারা বিশ্ব থেকেই সমালোচনার তীর ছুটে আসছে। এই পরিস্থিতিতে আনেলকা তাই সমবেদনাই পাচ্ছেন বারতোলির কাছ থেকে, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি জানি, বিচলিত হলে কিংবা অস্থিরতার মধ্যে থাকলে দু-চারটি বাজে কথা মুখ দিয়ে বেরোতেই পারে।’ এএফপি।