না না রঙের বিশ্বকাপ
মাদিবার প্রেরণা‘মাদিবা’র প্রেরণা নিয়ে ২০১০ বিশ্বকাপে খেলেছিল ‘বাফানা বাফানা’। মাদিবা থাকছেন প্রোটিয়াদের সঙ্গেও। ২০১১ বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নেলসন ম্যান্ডেলার বার্তা, ‘এবার ট্রফি নিয়েই ফিরো।’ ৯২ বছর বয়সী ম্যান্ডেলার শারীরিক অবস্থা খুব ভালো নয়। কথা বলতে নিষেধ করে দিয়েছেন চিকিৎসক। তার পরও শুভেচ্ছাবার্তা তিনি পৌঁছে দিয়েছেন গ্রায়েম স্মিথের দলকে। কদিন আগে বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেখা করতে গিয়েছিলেন মাদিবার সঙ্গে। তিনিই বয়ে এনেছেন সেই বার্তা। দক্ষিণ আফ্রিকা দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে জুমা বলেছেন, ‘দেশে ফিরে এসে আমাদের প্রেসিডেন্ট ম্যান্ডেলার হাতে যতক্ষণ না আপনারা ট্রফি এনে দিচ্ছেন, আমরা আপনাদের সমর্থন দিয়েই যাব। ম্যান্ডেলার সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাকে বলেছেন, আমি যেন আপনাদের এই বার্তা দিই, আপনাদের সঙ্গে তিনিও আছেন। যতটুকু সম্ভব টিভিতে তিনি খেলা দেখবেন।’ ওয়েবসাইট।তবু আশাবাদএকসময় তারা এগিয়ে ছিল বাংলাদেশের চেয়েও। আজ কোথায় বাংলাদেশ, কোথায় কেনিয়া! এ নিয়ে আক্ষেপ করে লাভ নেই। বরং এবারের আসরেও চমকে দিতে চায় কেনিয়া, যেমনটা তারা দিয়েছিল ২০০৩ বিশ্বকাপে। উঠে গিয়েছিল সেমিফাইনালেও। কেনিয়ার কোচ এলডিন ব্যাপ্টিস্ট আশাবাদী। তবে একই সঙ্গে বাস্তবতাও তিনি বুঝছেন। গত তিন বছরে কেনিয়া ম্যাচ জিতেছে মাত্র ছয়টি, হেরেছে ২৮টি। সর্বশেষ ১০ ম্যাচেও যেমন আটটিতেই পরাজয়। ‘মানছি, আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তার পরও কিন্তু ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমরা ধারাবাহিক ছিলাম’—স্ববিরোধী উক্তিটা ব্যাপ্টিস্টের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত জানুয়ারিতে ভারত সফর করে গেছে কেনিয়া। ঘরোয়া দলগুলোর সঙ্গেই খেলতে হয়েছে অবশ্য। পরাজয় সেখানেও। কিন্তু তার পরও প্রস্তুতিতে খুশি ব্যাপ্টিস্ট। দারুণ আশাবাদী মানুষটি ২০১১ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই বিমানে উঠবেন বলে জানিয়েছেন। এএফপি।টেন্ডুলকারই নায়কযে ফর্ম তাতে অনেকেই আগামী বিশ্বকাপের সম্ভাব্য নায়কদের একজন হিসেবে দেখছে শেন ওয়াটসনকে। ২০০৮ আইপিএলে খেলে ৪৭২ রানের পাশাপাশি ১৭ উইকেট নিয়ে ওয়াটসন বুঝিয়ে দিয়েছিলেন, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মোটেও সমস্যা হবে না তাঁর। তবে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার কিন্তু নিজে বিশ্বকাপের নায়কের কাতারে সবার সামনে রাখছেন শচীন টেন্ডুলকারকে। এই বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের নাম বলতে গিয়ে টেন্ডুলকারের পর মাহেলা জয়াবর্ধনের নামও বলেছেন ওয়াটসন। বলেছেন ওয়েস্ট ইন্ডিজের উঠতি তারকা কাইরন পোলার্ডের নামও। নিজের নাম তিনি মুখেই আনেননি। বিশ্বের তাবৎ বোলাররা তাই দাবি করতে পারেন, ওয়াটসনের এই বিনয় যেন ব্যাটেও দেখা যায়। সেখানে যে তিনি ‘উদ্ধত’! কালও ৩৪ বলে করলেন ৫১। ওয়েবসাইট।