না না রঙের বিশ্বকাপ
জিম্বাবুয়ের দোষ কী!কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নের কথা আগেই বলেছে আয়ারল্যান্ড, কানাডা। বড়দের স্বপ্ন গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ের তরুণ দলটিও। ১৯৯৯ ও ২০০৩—দুটি বিশ্বকাপেই সুপার সিক্সে উঠেছিল জিম্বাবুয়ে। এবারও এমন সাফল্যই তাদের প্রত্যাশা। অধিনায়ক চিগুম্বুরাসহ জিম্বাবুয়ের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের ৯ জনেরই বয়স ২৫ বা এর কম। দলের একমাত্র তিরিশোর্ধ্ব খেলোয়াড় স্পিনার রেমন্ড প্রাইস। অধিনায়ক চিগুম্বুরাও বিশ্বকাপ-স্বপ্নে বিভোর। তবে অধিনায়কত্ব তাঁর কাছে একটা চ্যালেঞ্জ হয়ে এসেছে। অধিনায়কত্ব পেয়ে দলের সেরা অলরাউন্ডারটি হারিয়ে ফেলেছেন ফর্ম। গত মে মাসে অধিনায়ক হওয়ার পর এ পর্যন্ত সর্বোচ্চ ৪১ রানের একটি ইনিংস খেলেছেন চিগুম্বুরা, বল হাতে ১৪ ম্যাচে উইকেট পেয়েছে মাত্র ২টি! এএফপি।দুই মেরুতে ওরাম-মরগানবিশ্বকাপের আগে জ্যাকব ওরাম আর এউইন মরগানের হচ্ছে দুই রকম উপলব্ধি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ওরাম অনুশীলনে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি। তবে ভয় কেটে গেছে। শঙ্কামুক্ত হয়েই নিজের তৃতীয় বিশ্বকাপে যাবেন। কিউই অলরাউন্ডার তাই দারুণ উচ্ছ্বসিত। ঠিক উল্টো জায়গায় দাঁড়িয়ে মরগান। চোটের কারণে বিশ্বকাপ-স্বপ্নটাই মাটি হতে বসেছে। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ছিলেন আয়ারল্যান্ড দলের সদস্য। ঠিকানা বদলে এবার তিনি ইংল্যান্ডের। কিন্তু আঙুলের চোটের কারণে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে পারেননি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মরগানের বিশ্বকাপ খেলাটাই এখন গুরুতর শঙ্কার মুখে। এএফপি।চৌহানের আহ্বানভারতের বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে এবার—এমন বিশ্বাসীদের তালিকায় নাম ওঠালেন চেতন চৌহানও। ভারতের সাবেক টেস্ট ওপেনারের বিশ্বাস, ২৮ বছরের শিরোপা-খরা ঘোচানোর দারুণ সুযোগ এবার ভারতের। কিন্তু তাঁর ভয়, ‘শচীনের জন্য বিশ্বকাপ’ জয়ের যে স্লোগান তোলা হয়েছে, সেটা দলের জন্য বাড়তি চাপ বয়ে আনবে। ‘গোপন করার কিছু নেই, দলটি শচীন টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ জিততে চাইবে। এটা দলের মধ্যে শুধু একটা চাপই তৈরি করবে, যা ভালো হবে না’—বলেছেন ৬৩ বছর বয়সী চৌহান। টেন্ডুলকার সম্পর্কে বলেছেন, ‘দুই দশকের বেশি সময় ধরে ক্রিকেট খেললেও শচীন বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারেনি। কাজেই সেও দেশবাসীকে শিরোপা উপহার দিতে চাইবে। সে এটা আরও বেশি করে চাইবে, কারণ এটাই তার শেষ বিশ্বকাপ।’ ওয়েবসাইট।