না না রঙের বিশ্বকাপ
নিজদেশে পরবাসী!২০ ফেব্রুয়ারি হাম্বানটোটায় শ্রীলঙ্কা যখন মুখোমুখি হবে কানাডার, একটা দিক থেকে একই সমতায় থাকবে দুই দল। মাঠ-উইকেট দুই দলের কাছেই অচেনা! এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিশ্বকাপের নতুন দুই ভেন্যু পাল্লেকেলে ও হাম্বানটোটায় অনুশীলন করারই সুযোগ পায়নি শ্রীলঙ্কা দল। পাল্লেকেলেতে তা-ও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে, হাম্বানটোটায় সেই সুযোগও নেই। স্বাগতিক হয়েও তাই এই দুই ভেন্যুতে একরকম ভিনদেশি কুমার সাঙ্গাকারারা। হথাশ হলেও লঙ্কান দলপতি অবশ্য মেনে নিয়েছেন, ‘শ্রীলঙ্কার সবগুলো মাঠে অনুশীলন করতে পারলে অবশ্যই ভালো হতো। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধাও জরুরি। অনুশীলন উইকেট, জিম না থাকলে তো আর অনুশীলন করা যায় না। আমরা তাই মেনেই নিয়েছি কন্ডিশন জেনেই ওই মাঠগুলোয় খেলতে হবে আমাদের।’ ওয়েবসাইট।ছোটদের পাশে মার্শবিশ্বকাপ এলেই সবার মুখে মুখে ফেরে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—অল্প কয়েকটি নাম। কেনিয়া, আয়ারল্যান্ড, হল্যান্ড, কানাডার মতো দলগুলোর গায়ে সেঁটে দেওয়া হয় বিশ্বকাপ যাত্রীর তকমা। তবে রড মার্শের চিন্তাভাবনা একটু অন্য রকম। বিশ্বকাপে ছোটগুলোকে মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয় বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার। ৬৩ বছর বয়সী এই টেস্ট কিংবদন্তি আইসিসির বিশ্ব ক্রিকেট একাডেমির কোচিং পরিচালক। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই বছর ধরে কাজ করছেন আয়ারল্যান্ড, কেনিয়া, হল্যান্ড, কানাডার ক্রিকেটারদের নিয়ে। ‘আমি বলছি না যে এই দলগুলোর কোনোটা বিশ্বকাপ জিতবে। তবে তারা নিজেদের সামর্থ্যের ভালো একটা প্রমাণ দেবে।’ মার্শের বিশ্বাস, টেস্ট খেলুড়ে দেশগুলোর চেয়েও এসব ছোট দলের প্রস্তুতি ভালো! বিশেষ করে আয়ারল্যান্ডের। এএফপি।বাজিকরদের ফেবারিট ভারত-শ্রীলঙ্কাআন্তর্জাতিক ক্রিকেটেই বাজিকরদের দৌরাত্ম্য থাকে। তার ওপর বিশ্বকাপ। বাজিকরদের রমরমা ব্যবসা হবে এবারের বিশ্বকাপে। ধারণা করা হচ্ছে, এবার প্রায় ৫০ হাজার কোটি রুপির বাজি ধরা হবে ভারতে। অন্যান্য সবার মতো বাজিকরদের চোখেও এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট ভারত। প্রধান সহ-আয়োজক দেশটির পক্ষে বাজির দর প্রতি ১ রুপির বিপরীতে ৩.২০ রুপি। এর পরই আছে আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কা, তাদের বাজির দর ৫/১। ৫.৮০/১ নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এরপর পর্যায়ক্রমে দক্ষিণ আফ্রিকা (৬/১), ইংল্যান্ড (৭.৫০/১), পাকিস্তান (৯/১), নিউজিল্যান্ড ও ওয়েস্ট উইন্ডিজ (২২/১)। বাংলাদেশকে নিয়ে বাজির দর ৫০/১, জিম্বাবুয়ের জন্য এটা ৪০০/১। আয়ারল্যান্ড, কানাডা, কেনিয়া অথবা হল্যান্ডের পক্ষে বাজির দর ১০০০/১। ওয়েবসাইট।সুর মেলালেন লিওউপমহাদেশের উইকেট স্পিনের স্বর্গরাজ্যই বটে। কিন্তু অ্যালান বোর্ডার বলে দিয়েছেন, পেস বোলিং দিয়েই বিশ্বকাপ মাত করবে অস্ট্রেলিয়া। কিংবদন্তি বোর্ডারের সুরে সুর মিলিয়ে ব্রেট লিও বলছেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদেরই আধিপত্য থাকবে। লির ধারণা, শন টেইটের সঙ্গে তাঁর জুটিটাই হবে টুর্নামেন্টের সবচেয়ে আতঙ্কের জুটি, অস্ট্রেলিয়াকে টানা চতুর্থ বিশ্বকাপ জেতাতে তাঁদের ভূমিকাটাই হবে মুখ্য। দীর্ঘদিন পর দলে ফিরেই সামর্থ্যের প্রমাণ রেখেছেন লি। ইংল্যান্ডের সঙ্গে সদ্য শেষ হওয়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি, ৬ ম্যাচে ১১ উইকেট। আরও যেটি লক্ষণীয়, প্রতি ম্যাচেই গতিটা একটু একটু করে বাড়িয়েছেন। বিশ্বকাপে বল করতে চান ১৫০ কিলোমিটার বেগে। সঙ্গী টেইটের কাছে প্রত্যাশা আরও বেশি, ‘বিশ্বকাপে অবশ্যই তাঁকে আমি ১৬০ কিলোমিটার গতিতে বল করতে দেখতে চাই।’ ওয়েবসাইট।