না-ফেরার দেশে ডি স্টেফানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি স্টেফানো
ডি স্টেফানো

খেলোয়াড়ি জীবনে কত ডিফেন্ডারের কড়া ট্যাকল সামলে গেছেন, ফাঁকি দিয়েছেন কতজনকে! এবার আর পারলেন না ৮৮ বছর বয়সী আলফ্রেডো ডি স্টেফানো, বশ মানাতে পারলেন না তাঁর বেয়াড়া হৃদ্যন্ত্রটাকে। হার মেনে তাই কাল শেষ পর্যন্ত পাড়ি জমাতে হলো না-ফেরার দেশে। সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এসেছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ ও দেশ আর্জেন্টিনায়।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।গত শনিবার মাদ্রিদে নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার সময় বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তখনই জানা গেল, হার্ট অ্যাটাক হয়েছে। এর পর থেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোমায় ছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি।চিকিৎসকেরা আভাস দিয়েছিলেন অবস্থা আশঙ্কাজনক। এর আগে ২০০৫ সালেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল কিংবদন্তি এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।
ক্লাবের হয়ে অসাধারণ সব অর্জন হলেও কখনো বিশ্বকাপ খেলতে পারেননি স্টেফানো। তবে রিয়াল মাদ্রিদের হয়ে অর্জনের কারণেই তাঁকে পেলে-ম্যারাডোনাদের মতো সর্বকালের সেরাদের সারিতে রাখেন সবাই। ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ৩২৯ ম্যাচে ২২৭ গোল নিয়ে এখনো তিনি লা লিগার পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল (২১৬) করেছেন লা লিগায়। পঞ্চাশের দশকে রিয়ালের টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। আর্জেন্টিনা (৬ ম্যাচে ৬ গোল), স্পেন (৩১ ম্যাচে ২৩ গোল) ও কলম্বিয়ার (৪টি ম্যাচ) হয়ে খেলা স্টেফানো প্রথম ফুটবলার হিসেবে জায়গা পেয়েছিলেন ফিফার হল অব ফেমেও।
রিয়ালের হয়ে পাঁচবার ইউরোপিয়ান কাপ ও ৮টি লা লিগা জেতা ডি স্টেফানোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, তাঁর পরিবার-পরিজন, বন্ধু সবার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। বিবিসি।