না বলাটা সহজ নয়!
একজন বিতর্ক মাথায় নিয়েও আক্রমণের তুরুপের তাস। আরেকজন অনেক দিন থেকেই শেষ প্রহরীর দায়িত্ব পালন করছেন পরম নির্ভরতায়। কিন্তু লুইস সুয়ারেজ ও পেপে রেইনার কণ্ঠে এখন অভিন্ন সুর। সুয়ারেজ বলছেন, মাদ্রিদের প্রস্তাব তাঁর পক্ষে ফিরিয়ে দেওয়া কঠিন। রেইনাও গলা মিলিয়েছেন লিভারপুল সতীর্থের সঙ্গে। একটু পার্থক্য আছে অবশ্য। রিয়াল নয়, বার্সেলোনা চাইছে এই গোলরক্ষককে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সামনের মৌসুমে সুয়ারেজ-রেইনার ঠিকানা হচ্ছে স্পেন। লুইস সুয়ারেজের খেলোয়াড়ি দক্ষতা নিয়ে কখনোই কোনো সংশয় ছিল না। লিভারপুলের হয়ে এই মৌসুমে ২৩ গোল করেছেন। চেলসি ডিফেন্ডার ইভানোভিচের হাত কামড়ে দশ ম্যাচের নিষেধাজ্ঞায় শেষ চার ম্যাচ খেলতে না পারায় সংখ্যাটা বাড়তে পারেনি। এমনিতে বিতর্কের সঙ্গে এই স্ট্রাইকারের সখ্য অনেক দিন থেকেই। কিন্তু সবকিছুর পরও লিভারপুলে থাকবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু নেইমারকে না পেয়ে এখন রিয়াল মাদ্রিদ নাকি সুয়ারেজকে চাইছে। রেডিও স্পোর্ট ৮৯০-এর কাছে ক্লাব ছাড়ারই ইঙ্গিত দিয়েছেন সুয়ারেজ, ‘আমার লিভারপুলের সঙ্গে এখনো চুক্তি আছে, কিন্তু রিয়াল মাদ্রিদকে না বলাটা খুব কঠিন হবে।’ইংলিশ সংবাদমাধ্যমই তাঁকে ‘ভিলেন’ বানিয়ে তুলেছে বলে দাবি সুয়ারেজের, ‘আমি লিভারপুলে সুখী। একটা ভুল আমি করেছি, কিন্তু আমিও তো মানুষ। কিন্তু তারা (ইংলিশ মিডিয়া) আমার সম্পর্কে যেভাবে বলেছে, সেটা উচিত হয়নি। আমার পরিবারকে ভুগতে হয়েছে। সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। এ নিয়ে আমি ক্লান্ত। আমার মেয়ে ও স্ত্রী ভুগেছে। আমি ইংলিশ সাংবাদিকদের হাতে আর ভোগান্তি পোহাতে রাজি নই। তারা আমাকে কখনোই খেলোয়াড় হিসেবে প্রশংসা করেনি, আমার আচরণগত দিকটাই দেখেছে।’ ওয়েবসাইট, এএফপি।রেইনার জন্য ব্যাপারটা একটু অন্য রকম। সুয়ারেজের মতো মাঠের বাইরে এত কাণ্ডকীর্তি তাঁর নেই। সেই ২০০৫ সাল থেকেই সামলাচ্ছেন লিভারপুলের গোলবার। তবে ক্যাসিয়াসের কারণে স্পেন দলে কখনোই থিতু হতে পারেননি। সম্প্রতি ভালদেসের কারণেও স্পেন দলে পিছিয়ে পড়েছেন। এই ভালদেসের শূন্যস্থানই হয়তো পূরণ করতে হবে বার্সেলোনায়। সে রকমই ইঙ্গিত দিয়েছেন, ‘বার্সেলোনা বিশাল এক ক্লাব। এমন ক্লাবকে না বলা সব সময়ই কঠিন। কিন্তু এসব এখনো অনুমান। লিভারপুল ছাড়া সব সময়ই কঠিন। যদি আমি এটা করি, সেটা খেলোয়াড় হিসেবে আমার উন্নতির জন্যই। এই মুহূর্তে লিভারপুলের সঙ্গে আমার চুক্তি আছে। ইংল্যান্ডে আমি সুখী। এখন আমাকে লিভারপুলেই থাকতে হচ্ছে। এখন শুধু কথাই শোনা যাচ্ছে। সরাসরি কোনো যোগাযোগ হয়নি।’ ১৯৯৯ সালে বার্সার যুবদলেই ক্যারিয়ার শুরু করেছিলেন রেইনা। এই ক্লাবকে না বলাটা তো কঠিনই!