না হওয়া গোলের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক ফন বোমেল তর্জনী উঁচিয়ে শাসাচ্ছেন। দশ বছর মিলানেই কাটিয়ে জুভেন্টাসে নাম লেখানো আন্দ্রে পিরলোও দাঁতমুখ খিঁচে তার পাল্টা জবাব দিচ্ছেন। মাঠে দুই দলের খেলোয়াড়দের জটলা। ঠিক কোন দুজন বোঝা গেল না, তবে দুই দলের দুই খেলোয়াড় মাথায় মাথা ঠুকে যেন ষাঁড়ের লড়াই করছেন! এই উত্তাপ, ‘মৃদু’ হাতাহাতিতে শেষ পর্যন্ত কোনো দলই জেতেনি। ড্র হয়েছে (১-১)। সব অর্থেই আসলে ড্র হয়েছে পরশু ইতালিয়ান লিগের এসি মিলান-জুভেন্টাস ম্যাচটাই।শিরোপার ইঁদুর-দৌড় চলছে এই দুই দলের মধ্যেই। মাত্র এক পয়েন্টের ব্যবধান। দুই দলের উত্তপ্ত লড়াই তাই অনুমিতই ছিল। ম্যাচটা আরও উত্তাপ ছড়িয়েছে রেফারির দুটি বিতর্কিত সিদ্ধান্ত। দুই দলেরই একটি করে গোল বাতিল হয়েছে। রিপ্লে বলছে, দুই ক্ষেত্রেই ভুল করেছেন রেফারি। এখানে সমতাই ছিল। ১৪ মিনিটে আন্তোনিও নচেরিনো গোল করে এগিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের, ৮৩ মিনিটে সেটাই শোধ করে দিয়েছেন আলেসান্দ্রো মাত্রি।রেফারির প্রথম বিতর্কিত সিদ্ধান্তটি ২৫ মিনিটে। সুলে মুনতারির হেড গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু রেফারির তেমনটা মনে হয়নি। অন্যদিকে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে ‘অফসাইডে’র খাঁড়ায় কাটা পড়েছে মাত্রির একটি গোল। রিপ্লে দেখিয়েছে, লাইন্সম্যান পতাকা না উঁচিয়ে ধরলেও পারতেন।স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। কিন্তু সেটা শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের সঙ্গে বিরতির সময় নাকি তুমুল বাগ্যুদ্ধ হয়েছে মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির। ম্যাচে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য কন্তে অবশ্য স্টেডিয়ামের আবহ আর মিলানের সমর্থক-কর্মকর্তাদের ওপরই দোষ চাপিয়েছেন, ‘আগে থেকেই এই ম্যাচ নিয়ে বাড়াবাড়ি রকমের উত্তেজনা ছড়ানো হয়েছে। যে আবহ ছিল, সেটা খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয়। এমন অনেক ঘটনা ঘটেছে ফুটবলের সঙ্গে যেটির সম্পর্কই নেই।’অন্যদিকে মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি মনে করছেন, প্রাপ্য জয় থেকে বঞ্চিত হয়েছে তাঁর দল, ‘ওই ঘটনাটি (গোল বাতিল) ম্যাচের ফলই পাল্টে দিয়েছে। হয় লাইনের দাগটা ভুল করে টানা হয়েছে, নয় তো লাইনটা তুলনায় বেশি বড় ছিল। রিপ্লে দেখার দরকার নেই। স্টেডিয়ামের সব জায়গা থেকেই পরিষ্কার বোঝা গেছে, ওটা গোল।’৫১ পয়েন্ট নিয়ে মিলানই শীর্ষে থাকল, জুভদের পয়েন্ট ৫০। জুভরা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। এএফপি।