নাইজেরিয়াকে উড়িয়ে দিলেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না নাইজেরিয়া! এর আগে তিনবার হারের স্বাদ পেলেও আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে আর পরাজয়ের স্বাদ নিতে চায় না ‘সুপার ইগল’রা। বরং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকেই হারিয়ে দেবে বলে হুমকি দিয়েছেন নাইজেরিয়ার তারকা ফরোয়ার্ড চিনেসু ওবাসি!

পাল্টা তোপ দেগে সেই ‘সম্ভাবনা’ উড়িয়ে দিলেন খোদ ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর মতো শক্তি নাইজেরিয়ার নেই বলেই মন্তব্য করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। শুধু নাইজেরিয়াই নয়, ‘এফ’ গ্রুপের অন্য কোনো দলই আর্জেন্টিনাকে হারাতে পারবে না বলে আশাবাদী ম্যারাডোনা।

নাইজেরিয়াকে ভালোই চেনা আছে ম্যারাডোনার। ১৯৯৪ সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষেই ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ১৯৯৪ সালে ম্যারাডোনার অধিনায়কত্বেই নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০০২ সালের পর আবারও গত বিশ্বকাপে ম্যারাডোনার আর্জেন্টিনার বিপক্ষেই মাঠে নেমেছিল সুপার ইগলরা। এবার ম্যারাডোনা ছিলেন ডাগআউটে। দুবারই ১-০ ব্যবধানের জয় পেয়েছিল আর্জেন্টিনা।

এবারও সেই ইতিহাসের ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন ম্যারাডোনা, ‘এফ গ্রুপের কোনো দলই আমাদের হারাতে পারবে বলে মনে হয় না। আমরা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ এফ গ্রুপে আর্জেন্টিনার অপর তিন সঙ্গী নাইজেরিয়া, ইরান ও বসনিয়া।