শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ‘সেমিফাইনাল’-এ মুখোমুখি ‘এফ’ গ্রুপের দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও বসনিয়া। বাংলাদেশ সময় রাত চারটায় হবে এই ম্যাচ।
নাইজেরিয়া আফ্রিকান চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু দলে এমন কোনো তারকা নেই, যিনি একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। ম্যাড়মেড়ে ম্যাচে সুপার ইগলরা ইরানের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় দলটি অসন্তুষ্ট। তবে আর্জেন্টিনার সঙ্গে হেরেও হতাশ নয় বসনিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রায় সমান তালে টক্কর দিয়েছে । পরাজয় সত্ত্বেও তাই সবার প্রশংসাই পাচ্ছে দলটি।
গত মঙ্গলবার রাতে নাইজেরিয়ার দামাতারুতে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখতে গিয়ে দুষ্কৃতকারীদের বোমা হামলায় ২১ জন নাইজেরিয়ান মারা যান। ইমানুয়েল এমেনিকে, ওবি মিকেলরা বলেছেন, এই শোককে তাঁরা জয়ের অনুপ্রেরণা বানাবেন । তবে বসনিয়া কোচ সাফেত সুসিচও একটা বার্তা দিয়ে রেখেছেন নাইজেরিয়ানদের, ‘আমরা এখনো আমাদের সামর্থ্যের প্রতিফলন দেখাতে পারিনি।’ আর্জেন্টিনার বিপক্ষে বদলি নেমে গোল করা ভেদাদ ইবেসেভিচকে আজ প্রথম একাদশেই নামাতে পারেন কোচ। এডিন জেকো চাইবেন সব আলো নিজের দিকে টেনে নিতে।
দুই দলের প্রধান শক্তি তাদের শারীরিক শক্তি, গতি। সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলকই হয়তো এগিয়ে দেবে কোনো দলকে। তথ্যসূত্র: এএফপি।