নাইজেরিয়াই জিতুক
পরশু ঢাকা এসেছেন। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখবেন। তাঁর মনের মধ্যে নাইজেরিয়ার ছবি আঁকা। এই দলেরই অংশ ছিলেন একসময়। আশির দশকে ঢাকা মোহামেডানের জার্সি গায়ে বাংলাদেশের ফুটবল মাতিয়ে গেছেন। বাংলাদেশকে বলেন নিজের ‘দ্বিতীয় বাড়ি’, এখানে এসে মেসি-জাদু দেখার একটা আগ্রহ আছে এমেকা ইজিওগোর। তবে তার আগে চাইবেন নাইজেরিয়ার জয়।কিছুদিন আগেই সস্ত্রীক মোহামেডানের পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছিলাম। এবার এলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে। উপলক্ষ—আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। এ জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাফুফেকে। সত্যি করে বলছি, এখানে এসে আমার অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। বাংলাদেশ তো আমার দ্বিতীয় বাড়ি। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি নাইজেরিয়া জাতীয় দলের হয়ে খেলেছি। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে একটা ম্যাচে খেলেছিলাম। আমি এমন এক খেলোয়াড়, যে কি না পোস্টের নিচে দাঁড়ানো ছাড়া সব পজিশনেই খেলেছি। ঢাকায় আসা নাইজেরিয়ার বর্তমান দলটির কোচ স্যামসন সিয়াসিয়া এবং গোলরক্ষক কোচ ইকে শরুনমুর সঙ্গে জাতীয় দলে ছিলাম। তাদের সঙ্গে বরাবরই আমার একটা সুসম্পর্ক আছে। আমি নিজেও ২০০৬ সালে বছর খানেক নাইজেরিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলাম। কাজেই দলের ভেতরের অনেক কিছুই আমার জানা।নাইজেরিয়ার এই দলটা তারুণ্যনির্ভর। বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপে খেলে। দলটার গুছিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আমরা যখন খেলতাম, সেই সময়ের চেয়ে নাইজেরিয়ার এই দলটা একটু পিছিয়ে। মানে একটু কম শক্তির। আগামী বিশ্বকাপে নাইজেরিয়াকে খুব ভালো কিছু উপহার দেবে বর্তমান দলটা।কিন্তু আজ? মাদাগাস্কারের সঙ্গে আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বের ম্যাচ খেলে দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি দূর করার সময় মিলল না। তিন দিনে খেলতে হচ্ছে দুটি ম্যাচ। বেশ কঠিন কাজ। ম্যাচের আগের দিনের দুপুর পর্যন্ত নাইজেরিয়া দল বিমানে। ভাবুন একবার! ম্যাচের আগে ক্লান্তি না কাটিয়ে মাঠে নেমে পড়া ভীষণ কঠিন। মানসিক এবং শারীরিক ধকল কতটা কাটিয়ে উঠতে পারে নাইজেরিয়া, সেটিই হবে দেখার।মেসির দিকেই সবার চোখ থাকবে সন্দেহ নেই। আমি যুক্তরাষ্ট্রে থাকি, সেখানে বার্সেলোনা দলটা যায়। আমেরিকায় গেলে আমি বার্সেলোনার ম্যাচ দেখি। মেসি বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়। জানি, এখানে সবাই মেসি-জাদু দেখতে চায়। সেটাই স্বাভাবিক। সবচেয়ে বড় বিষয়, এই ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য মাইলফলক। জয়-পরাজয় কিংবা প্রতিদ্বন্দ্বিতা সবকিছু ভুলে যান, চোখ বন্ধ করে ভাবুন, বাংলাদেশের মাটিতে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ হচ্ছে, এর চেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য আর কিছু হাতে পারে না। এত কিছুর পরও এটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। দুই দলই জিততে চাইবে। দুই দলের সর্বশেষ সাক্ষাতে নাইজেরিয়া জিতেছে ৪-১ গোলে। গত জুনের সেই জয় আজ নাইজেরিয়ার জন্য বড় একটা প্রেরণা। আর্জেন্টিনার বিপক্ষে খেলাই আসলে নাইজেরিয়ার কাছে বিশাল ব্যাপার। এত বড় দল, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। জুনের ম্যাচটা দেখেছি মাঠে বসে। ভালোই লেগেছিল, নাইজেরিয়ার খেলাটা উপভোগ করেছি।যেটা বলছিলাম, নাইজেরিয়ার বর্তমান কোচ সিয়াসিয়া ঢাকায় আসার আগে আমার কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিল। সে জানে আমি একসময় ঢাকায় খেলেছি। আমাদের দুজনেরই বয়স—৪৪। এখানকার আবহাওয়া, মাঠ, মানুষজন, ফুটবল-সংস্কৃতি—সবকিছু নিয়েই তাকে বলেছি। আমি যখন খেলতাম, তখন ফুটবল নিয়ে এ দেশের মানুষের উন্মাদনার কথা শুনে সে অভিভূত। এখানে এলে ভালো লাগবে—এই কথাটা বারবারই বলেছি সিয়াসিয়াকে। বাংলাদেশে অনেক নাইজেরিয়ান ফুটবলার খেলে। তাদের মান দিয়ে নাইজেরিয়া ফুটবলের মান বিবেচনা করা যাবে না। মূল ব্যাপারটা হচ্ছে টাকা। টাকা দিলে আমাদের দেশের অনেক বড় মাপের খেলোয়াড় আনা যায়। বর্তমান দলটায় ওবি মিকেলের মতো খেলোয়াড় আছে, তাকে দিয়েই বুঝতে পারেন নাইজেরিয়ানদের ফুটবল মান। একটা কথা অনেকেই বলে, নাইজেরিয়ানসহ আফ্রিকানদের বড় শক্তি শারীরিক সক্ষমতা। তবে আমি বলব, টেকনিক্যাল ও ট্যাকটিক্যালি খুব ভালো না হলে ভালো করা অসম্ভব। নাইজেরিয়ানদের ওই সামর্থ্য আছে এবং আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার খেলায় সেটি আপনারা দেখবেন। ভয় একটাই—ভ্রমণক্লান্তি না রাশটা টেনে ধরে!