নাইজেরিয়াকে কীভাবে ভোলেন!
ছিয়াশি-ছিয়াশি একটা আবহ তৈরি হয়ে গিয়েছিল। সেই প্রবল প্রতাপ, সেই ক্ষিপ্রতা, গোল করা ও করানোর সেই ক্ষুধা নিয়ে যেন ফিরে এলেন ১৯৯৪ বিশ্বকাপে। আর্জেন্টাইনরা উল্লাস শুরু করে দিল—ফিরে এসেছেন আমাদের ঈশ্বর।হ্যাঁ, টুর্নামেন্টটা হয়তো আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার আরেকটি সাফল্যগাথা হয়ে থাকতে পারত। কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল একটা খবরে। ২৫ জুন নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে ফিফার ঘোষণা—ডোপ টেস্টে ধরা পড়েছেন ডিয়েগো ম্যারাডোনা! শেষ হয়ে গেল ম্যারাডোনার বিশ্বকাপ, শেষ হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ, শেষ হয়ে গেল ম্যারাডোনার ফুটবল। আজ জোহানেসবার্গের এলিস পার্ক স্টেডিয়ামে আর্জেন্টিনা যখন আরেকবার নাইজেরিয়ার মুখোমুখি, বারবার ফিরে আসছে ১৯৯৪ সালের সেই ২৫ জুন। সেদিন এই নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলে শেষ হয়ে গিয়েছিল ম্যারাডোনার বিশ্বকাপ। আর আজ সেই নাইজেরিয়ার বিপক্ষেই আরেকটা ম্যাচ দিয়ে আবার বিশ্বকাপ শুরু করবেন ম্যারাডোনা!আর্জেন্টিনা ১৯৯০ বিশ্বকাপের রানার্সআপ হয়েছিল বটে, কিন্তু ছিয়াশির ম্যারাডোনাকে ঠিক দেখা যায়নি ইতালিতে। বরং মাদকসহ নানা অভিযোগে জর্জরিত ম্যারাডোনাকে ১৯৯৪ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই ‘পুরোনো ম্যারাডোনা’ বলে মনে হচ্ছিল।গ্রিসের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলা তৈরি করে দেওয়া থেকে শুরু করে ৬০ মিনিটে নিজে একটি গোলও করেছিলেন। ওই গোলই অবশ্য একটা সন্দেহের ধোঁয়া ছড়িয়ে দিয়েছিল সংবাদমাধ্যমে। গোল করার পর ক্যামেরাম্যানদের সামনে গিয়ে ছিয়াশির বিশ্বকাপজয়ী অধিনায়কের ‘ভয়ংকর’ উল্লাস দেখে কেউ কেউ অনুমান করেছিলেন, এই উল্লাস স্বাভাবিক নয়।সন্দেহবাদীদের এসব কথায় কেউ পাত্তা দেয়নি। পাত্তা দেওয়ার দরকারও পড়েনি। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আবারও স্বরূপে ম্যারাডোনা। নিজেদের প্রথম ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারানো নাইজেরিয়ানরা শুরুতেই এক গোল করে এগিয়ে গিয়েছিল।তাতে কখনোই অবশ্য মনে হয়নি, আরেকটা অঘটন ঘটতে যাচ্ছে। বারবার নাইজেরিয়ার ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দিচ্ছিলেন ম্যারাডোনা-ক্যানিজিয়া। ম্যারাডোনারই দুর্দান্ত পাস থেকে ক্যানিজিয়া আর্জেন্টিনাকে ২-১ গোলে ম্যাচ জেতালেন। আর আর্জেন্টিনাকে পায় কে!কিন্তু সেই আর্জেন্টিনাই বজ্রাহত হয়ে গেল। ওই ম্যাচের দিনই ফিফার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, ‘ডোপ টেস্টে’ ম্যারাডোনার মূত্রনমুনায় মাত্রাতিরিক্ত এফেড্রিনসহ পাঁচ ধরনের ভিন্ন ভিন্ন নিষিদ্ধ উপাদান ধরা পড়েছে। যেহেতু এর আগেও একবার ডোপ টেস্টে দোষী প্রমাণিত হয়েছিলেন, শাস্তিটাও হলো কঠোর। সঙ্গে সঙ্গে ম্যারাডোনাকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হলো এবং ১৫ মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে ফেরত পাঠিয়ে দেওয়া হলো দেশে। বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো। কেউ বলল, এ রকমই হবে জানতাম। কেউ বলল, এটা আর্জেন্টিনার বিপক্ষে ষড়যন্ত্র।ম্যারাডোনা নিজেও নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রথমে তিনিও ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ দাঁড় করাতে চেয়েছিলেন। পরে অবশ্য আত্মজীবনীতে দাবি করেছেন, তাঁর ব্যক্তিগত ট্রেইনারের সুপারিশ করা ‘রিপ ফুয়েল’ নামের শক্তিবর্ধক খেয়েই ওই অবস্থা হয়েছিল। আরও পরে ম্যারাডোনা একবার দাবি করেছিলেন, ফিফা আগে থেকেই জানত তাঁর রক্তে এসব মাদকের নমুনা আছে। জেনেশুনেই বিশ্বকাপের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য ফিফা নাকি তাঁকে খেলার অনুমতি দিয়েছিল।পরস্পরবিরোধী ও অসংলগ্ন এসব ব্যাখ্যা কোনো কাজে দেয়নি। ম্যারাডোনাকে জরিমানা দিতে হয়েছে, দেশে ফিরে যেতে হয়েছে। ফলে, আগের ম্যাচের দাপুটে আর্জেন্টিনা পরের ম্যাচেই পুতুলের মতো মাঠে দাঁড়িয়ে বুলগেরিয়ার বিপক্ষে হেরেছিল ০-২ গোলে।এসবই কাগুজে কথাবার্তা। এসব কথাবার্তা ঠিক বোঝাতে পারবে না ২৫ জুন, ১৯৯৪ আসলে ঠিক কী পরিবর্তন এনে দিয়েছিল ফুটবলে। নাইজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচের ভেতর দিয়েই আসলে শেষ হয়ে গেল ফুটবলের একটি অধ্যায়—ম্যারাডোনা অধ্যায়।১৯৮২ বিশ্বকাপে যে অধ্যায় শুরু হয়েছিল, ১৯৮৬-এর শিরোপা ও ১৯৯০-এর রানার্সআপ ট্রফি হয়ে সেই অধ্যায় শেষ হয়ে গেল যুক্তরাষ্ট্রের ফক্সবোরো স্টেডিয়ামে।এরপর অনেক অনেক জল গড়িয়েছে। ম্যারাডোনা গ্রেপ্তার হয়েছেন, কর ফাঁকির অভিযোগে সাজা পেয়েছেন। নেশা ও বেঢপ স্বাস্থ্য জীবন থেকেই ছিটকে দিচ্ছিল তাঁকে। হূদযন্ত্রের রোগ ও শ্বাসকষ্টে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কী করে যেন বাকি সবার চেয়ে নিজেকে আলাদা করে ফেলেন ম্যারাডোনা। সেই ‘নরক’ থেকে নিজেকে আবার তুলে আনেন সর্বোচ্চ ফুটবলে। কী করে তিনি এলেন, এ এক বিস্ময়।সেই বিস্ময়ের ঘোর লাগা চোখেই আজ দেখতে হবে ম্যারাডোনার নতুন এক শুরু। প্রতিপক্ষ সেই নাইজেরিয়া। আরেকটি রূপকথার শেষ এখানে? নাকি রূপকথা কেবল শুরু!