নাইজেরিয়াকে হারাতে পারবে না আর্জেন্টিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনেদু ওবাসি
চিনেদু ওবাসি

বিশ্বকাপে যেন আর্জেন্টিনা আর নাইজেরিয়ার সম্পর্ক একই সুতোয় গাঁথা। তা নাহলে ভাগ্যের খেলা কেন বারবার একই গ্রুপে এনে ফেলবে দুই দলকে? আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে চতুর্থবারের মতো আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়েছে নাইজেরিয়া। আগের তিনটি মুখোমুখি লড়াইয়েই সুপার ইগলদের হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। তবে এবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে না বলেই মনে করছেন নাইজেরিয়ার তারকা ফুটবলার চিনেদু ওবাসি। কারণ তাঁর মতে, আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিই যে ক্লান্ত হয়ে পড়েছেন।

আর্জেন্টিনা যে বিশ্বকাপ মিশনের রণকৌশল মেসিকে কেন্দ্র করেই সাজাবে, সেটা সবারই জানা। আর মেসিকে যদি নিষ্প্রভ করে রাখা যায়, তাহলেই আর্জেন্টিনা-বধের কাজটা সহজে করে ফেলা যাবে বলে মনে করছেন ওবাসি। সম্প্রতি এক সাক্ষাত্কারে শালকের এই ফরোয়ার্ড বলেছেন, ‘আর্জেন্টিনার সবকিছু মেসিকে কেন্দ্র করেই গড়ে উঠবে। আর মেসি ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছে।’

আর্জেন্টিনা বরাবরই নাইজেরিয়াকে হারালেও প্রত্যেকটি জয়ই ছিল ন্যূনতম ব্যবধানের। বিশ্বকাপে আর্জেন্টিনা আর নাইজেরিয়া প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ১৯৯৪ সালে। সেবার ম্যারাডোনা-ক্যানিজিয়াদের কাছে সুপার ইগলরা হেরেছিল ২-১ গোলে। দ্বিতীয়বার ২০০২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। গত বিশ্বকাপেও এই একই ব্যবধানের জয় পেয়েছিল আর্জেন্টিনা।

একটু এদিক-ওদিক হলেই যে ম্যাচগুলোর ফলাফল অন্যরকম হতো, সেই পরিসংখ্যান থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন ওবাসি। বলেছেন, ‘জাতীয় পর্যায়ে আর্জেন্টিনা আমাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। আর তারা বরাবরই আমাদের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু এবার আমরা সেটা কোনোভাবেই হতে দেব না। আমি সত্যিই মনে করছি যে আগামী বছর আমরা তাদের আধিপত্য রুখে দিতে পারব।’