নাইজেরিয়ার ওপর ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার
নাইজেরিয়া ফুটবল দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ শুক্রবার এ খবর জানিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন থেকে আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে দেশটি।রয়টার্স জানায়, ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে গত সোমবার নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করে ফিফা। ফিফার নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নাইজেরিয়া কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফিফার বার্ষিক দুই লাখ ৫০ হাজার ডলারের অনুদান থেকেও বঞ্চিত হবে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনের ওপর বাইরের হস্তক্ষেপ বন্ধ এবং ফেডারেশন কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজের সুযোগ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে লজ্জাজনক বিদায়ের পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথনের তোপের মুখে পড়েছিল নাইজেরিয়ান ফুটবল। দুই বছরের জন্য সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাইজেরিয়ার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। সে সময় ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ না করার জন্য নাইজেরিয়াকে সতর্ক করে দিয়েছিল ফিফা। কিন্তু সে সতর্ক বার্তায় কোনো কাজ না হওয়ায় আন্তর্জাতিক ফুটবল থেকে নাইজেরিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ফিফা।