নাইজেরিয়ার তৃতীয় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুরকিনা ফাসোর রূপকথার গল্পটা শেষ পর্যন্ত পূর্ণতা পেল না। ঠিক যেন বিয়োগান্ত উপন্যাস! পুরো টুর্নামেন্টে স্বপ্নরাজ্যে উড়ে বেড়ানোর পর শেষটা সব হারানোর আক্ষেপ। বুরকিনা ফাসো-রূপকথায় যতি বসিয়ে তৃতীয়বারের মতো নেশনস কাপের শিরোপা জিতেছে নাইজেরিয়া। পরশু বিশ্বকাপ ফাইনালের স্মৃতিবিজড়িত সকার সিটির ফাইনালে নাইজেরিয়া সানডে এমবাহর একমাত্র গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে।নাইজেরিয়া সর্বশেষ নেশনস কাপ জিতেছিল ১৯৯৪ সালে, যে দলের অধিনায়ক ছিলেন স্টিফেন কেশি। ১৭ বছর পর তৃতীয় শিরোপাটিও ‘সুপার ইগল’রা জিতল সেই কেশির হাত ধরেই। এবার জেতালেন কোচ হিসেবে। আর এই শিরোপা কেশিকে তুলে এনেছে ইতিহাসের পাতায়। ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে গড়লেন খেলোয়াড় ও কোচ হিসেবে আফ্রিকান নেশনস কাপ জয়ের রেকর্ড। এত দিন এই কীর্তিটা শুধু ছিল মিসরের মাহমুদ এল গোহারির। গোহারির কীর্তিতে ভাগ বসাতে পেরে কেশি উচ্ছ্বসিত। তার চেয়েও বেশি উচ্ছ্বসিত দেশবাসীকে আরেকবার শিরোপা জয়ের আনন্দে ভাসাতে পেরে।সত্যিকার অর্থেই শিরোপা-আনন্দে উদ্বেলিত নাইজেরিয়ানরা। ২০১০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে দুই বছরের জন্য নাইজেরিয়ার জাতীয় দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। ২০১২ নেশনস কাপে পেরোতে পারেনি বাছাইপর্ব। সেই দলটিই এক বছরের ব্যবধানে চ্যাম্পিয়ন। নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসে বড় পর্দায় খেলা দেখা তরুণ ওয়াল্টার স্যামুয়েল বললেন, ‘এরাই সেই সুপার ইগলস, যাদের আমরা অনেক দিন ধরে খুঁজছি।’ প্রেসিডেন্ট জোনাথনও কোচ কেশি এবং তাঁর দলকে জানিয়েছেন অভিনন্দন।পরশুর ফাইনালে নাইজেরিয়াই ছিল ফেবারিট। যদিও মাঠের খেলায় বুরকিনা ফাসোও খুব একটা পিছিয়ে থাকেনি। প্রথম আফ্রিকান নেশনস কাপ জয়ের স্বপ্নে বিভোর বুরকিনা ফাসো লড়েছে সমানে সমান। স্কোরলাইনও সেটাই বলে। পুরো ম্যাচে দুই দল মিলেই গোলের সুযোগ সৃষ্টি করতে পেরেছে হাতেগোনা কয়েকটি। এ রকমই একটা সুযোগ কাজে লাগিয়ে ৪০ মিনিটে নাইজেরিয়াকে এগিয়ে দেন সানডে। আইভরি কোস্টের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও জয়সূচক গোলটি করেছিলেন এই সানডে। দ্বিতীয়ার্ধে বুরকিনা ফাসো গোল পরিশোধে মরিয়া থাকলেও পারেনি। ম্যাচ শেষে নাইজেরিয়ার কোচ বলেছেন, ‘আপনারা বুঝতে পারবেন না, শেষ কয়েকটি মিনিট আমার মনের মধ্যে কী হচ্ছিল।’ অধিনায়ক জোসেফ ইয়োবোর কথা, ‘এটা অসাধারণ এক অনুভূতি। এটা ছিল আমার ষষ্ঠ এবং শেষ নেশনস কাপ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমরা যেন এটা জিততে পারি। ঈশ্বরের আশীর্বাদে আমরা তা পেরেছি। ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ।’শিরোপাস্বপ্ন পূরণ না হলেও মাথা উঁচু করেই বাড়ি ফিরছে বুরকিনা ফাসো। কোচ পল পুটের কথা, ‘আপনি তখনই বড় হবেন যখন হারবেন, আর ছোট হবেন যখন জিতবেন।’ প্রথমবারের মতো রানার্সআপ হওয়ার তৃপ্তির সঙ্গে বুরকিনার প্রাপ্তি আছে আরও একটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এ দলেরই মিডফিল্ডার জোনাথন পিত্রোইপা। এএফপি, রয়টার্স।