নাইজেরিয়ার হতাশাই লিবিয়ার আনন্দ
কয়েক মাস ধরেই লিবিয়ানদের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। বুলেট, বারুদ এবং রক্ত যেন তাদের জীবনের অনুষঙ্গ। এই লিবিয়াই পরশু রাতে হয়ে উঠেছে উৎসবের নগর। দেশবাসীকে উৎসব আর প্রাণখোলা হাসির উপলক্ষ এনে দিয়েছেন ফুটবলাররা। এই দিনই জাম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আগামী বছরের আফ্রিকান নেশনস কাপে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।লিবিয়ার সঙ্গে আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে প্রবেশাধিকার পেয়ে গেছে আরও সাতটি দল। কিন্তু এই সাত দলের মধ্যে নেই নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকা তো গত বিশ্বকাপের আয়োজকই ছিল। সবাই ভাবছিল, বিশ্বকাপের অনুপ্রেরণা নিয়ে ‘বাফানা বাফানা’রা সত্যিই অনেক দূর এগিয়ে যাবে। নেশনস কাপের বাছাইপর্বের ব্যর্থতা সেই আলোচনায় পানি ঢালল নিঃসন্দেহে। আফ্রিকান নেশনস কাপের সবচেয়ে সফল দল, সর্বশেষ তিনবারসহ সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিসরের স্বপ্ন গুঁড়িয়ে গেছে আগেই। বাছাইপর্ব শেষ হলো তাদের ‘জি’ গ্রুপের সবার নিচে থেকে। পরশু বাদ পড়ল নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকাও। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির টুর্নামেন্টটি যেন বাছাইপর্বেই কিছুটা রং হারাল! এএফপি, রয়টার্স।অ্যাঙ্গোলা, ঘানা, গিনি, মালি, তিউনিশিয়া, জাম্বিয়া ও নাইজার—সাতটি দলই চূড়ান্ত পর্বে পা রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এখনো পর্যন্ত একমাত্র দল হিসেবে লিবিয়াই উঠেছে দুই গ্রুপের সেরা রানার্সআপ হয়ে। জাম্বিয়ার সঙ্গে ড্র করার পরও অবশ্য মূল পর্বে ওঠার উৎসব করতে লিবিয়াকে অপেক্ষায় থাকতে হয়েছে। কারণ, ‘বি’ গ্রুপে গিনির বিপক্ষে জিতলে লিবিয়ার বদলে নাইজেরিয়াই পেত চূড়ান্ত পর্বের টিকিট। গ্রুপ চ্যাম্পিয়ন গিনির বিপক্ষে নির্ধারিত সময়েও ২-১ গোলে এগিয়ে ছিল দুবারের চ্যাম্পিয়নরা। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে সমতা ফেরায় গিনি। শেষ হয়ে যায় নাইজেরিয়ার নেশনস কাপ স্বপ্ন, উল্লাসে মেতে ওঠে লিবিয়া।