নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়লেন হোয়াটমোর
আইপিএল ফ্র্যাঞ্চাইজ কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়েছেন ডেভ হোয়াটমোর। তিনি পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচের দায়িত্ব পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে।নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেনকি মাইসোর বলেছেন, ‘আন্তর্জাতিক দলের দায়িত্ব নিতে হোয়াটমোরের আগ্রহের প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছি আমরা। কলকাতা নাইট রাইডার্সকে নতুন কোচ নিয়োগে সহযোগিতার অংশ হিসেবেই আগেভাগে দায়িত্ব ছেড়েছেন তিনি। এ জন্য হোয়াটমোরের প্রতি আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে গত দুই বছরে তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।’ কোচ হিসেবে নিয়োগ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে এ মাসের দ্বিতীয় সপ্তাহে হোয়াটমোরকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্ভাব্য ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনেরও এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ কয়েক দিন আগে বলেছিলেন, ‘হোয়াটমোরের সঙ্গে আলোচনায় আছি আমরা। আগামী মাসে চুক্তির শর্ত নিয়ে আলোচনার জন্য তাঁকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারব আমরা।’ ওয়েবসাইট।