জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকা বিভাগ রাজশাহীর চেয়ে ২৩৩ রানে এবং খুলনা বিভাগ বরিশালের চেয়ে ১০৩ রানে এগিয়ে আছে। অপর খেলায় রংপুর বিভাগের চেয়ে ১২৭ রানে পিছিয়ে আছে সিলেট।ঢাকা-রাজশাহী: প্রথমে ব্যাট করা ঢাকা ১১৬ রানে অলআউট হয়েছিল। জবাবে গতকালই দিন শেষে ঢাকার ইনিংসের চেয়ে ২১ রানে এগিয়ে ছিল রাজশাহী, হাতে ছিল চার উইকেট। আজ নিজেদের ইনিংসটা বেশি দূর টেনে নেয়নি রাজশাহী। ১৭৮ রান করেই ইনিংস ঘোষণা করে তারা।প্রথম ইনিংসে রাজশাহীর চেয়ে ৬২ রানে পিছিয়ে থাকা ঢাকার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ২৯৫ রান। আবদুল মজিদ ৫০ ও শরীফ ২৩ রানে অপরাজিত আছেন। মোশাররফ হোসেন ৬৯ ও নুরুল হাসান ৬২ রান করেন।খুলনা-বরিশাল: ৯ উইকেটে ২৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল খুলনা। নিজেদের সংগ্রহকে ৩১৪ পর্যন্ত নিতে পেরেছে আবদুর রাজ্জাকের দল। জবাবে সোহাগ গাজীর সেঞ্চুরির ওপর ভর করে বরিশাল তোলে ২৭৮ রান। সোহাগ ১১৯ ও অধিনায়ক শাহরিয়ার নাফীস ৬০ রান করেন। প্রথম ইনিংসে ৩৬ রানে এগিয়ে থাকা খুলনার দ্বিতীয় ইনিংসে দিন শেষে সংগ্রহ ৫ উইকেটে ৬৭ রান। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো সোহাগ গাজী একাই তুলে নিয়েছেন খুলনার চারটি উইকেট।রংপুর-সিলেট: গতকাল দিন শেষে রংপুরের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২২২ রান। ব্যক্তিগত ৮৮ রানে অপরাজিত থাকা নাঈম ইসলাম আজ কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পেয়ে গেছেন। রংপুরের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৫ রানে। নাঈমকে অবশ্য ফেরাতে পারেননি সিলেটের বোলাররা। ব্যক্তিগত ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। এনামুল হক জুনিয়র পাঁচটি ও নাজমুল হোসেন তিনটি উইকেট শিকার করেন।জবাবে ব্যাট করতে নামা সিলেটের দিন শেষে সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। অলক কাপালি ৪৭ ও গোলাম মাবুদ ২ রানে অপরাজিত আছেন। সিলেটের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন রুম্মান আহমেদ।