নাঈমের সেঞ্চুরিতেও উজ্জ্বল আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট ল একটা উদাহরণ পেয়ে গেলেন। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো ম্যাচের আগে টপ অর্ডার ব্যাটসম্যানদের বলতে পারেন, ‘বিসিবি কাপে “এ” দলের বিপক্ষে ম্যাচটার কথা মনে করো। অন্তত ও রকম ব্যাটিং চাই।’টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে বিসিবি কাপের কালকের ব্যাটিংটাই সব সময় প্রত্যাশা থাকে বাংলাদেশ দলের কাছে। তামিম-শাহরিয়ারের ১১৮ রানের ওপেনিং জুটি, ওপরের দিকের চার ব্যাটসম্যানের ফিফটি মিলেই ২৬১ রান! পুরো ইনিংসে একটাও সেঞ্চুরি নেই, তাতেই ৯ উইকেটে ৩১১ রানের পাহাড়।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটা যেহেতু বিদেশি কোনো দলের বিপক্ষে ছিল না, প্রতিপক্ষের পারফরম্যান্সেও খুশি হতে পারেন। বৃষ্টিতে দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ‘এ’ দলের পরিবর্তিত টার্গেট দাঁড়িয়েছিল ৩৯ ওভারে ২৭১। নাঈম ইসলামের সেঞ্চুরির সৌজন্যে রান ৮ উইকেটে ২৩৪, হার ৩৬ রানের। জাতীয় দল আর ‘এ’ দলের ম্যাচে যে লড়াইটা সবাই খুঁজছিল, কিছুটা হলেও তো তা মিলল! যদিও আরেকটা কারণে এই ম্যাচের দিকে সবার চোখ ছিল, মুশফিক-মাহমুদউল্লাহর অধিনায়কত্বে আলাদা কোনো বিশেষত্ব চোখে পড়ল না। মুশফিকের কাজ সহজ করে দিয়েছেন ব্যাটসম্যানরাই। ‘এ’ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ সুনির্দিষ্ট ভুল যেমন করেননি, তেমনি অধিনায়কত্বের ঝলক দেখানোর মতো কিছুও নয়।ম্যাচের কেন্দ্রীয় চরিত্রে মুশফিক-মাহমুদউল্লাহকে ছাপিয়ে তাই অনেক মুখের ভিড়। ৯৯ বলে অপরাজিত ১০১ রান করে শেষ দিকে আলোটা নিজের ওপর ফেলেছেন নাঈম। ৯৬ রানে ৩ উইকেট হারানোর পর বলতে গেলে একাই লড়েছেন। তৃতীয় উইকেটে জুনায়েদের সঙ্গে ৬৯ ও চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৫৬ রানের জুটি। বৃষ্টির কারণে দেড় ঘণ্টা বিরতির পর ২৭ ওভারে আরও ২২০ রান লাগত, সেটি হয়ে যেতে পারে এমন অবশ্য কখনোই মনে হয়নি।সাত বাউন্ডারি আর দুই ছক্কায় ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন, অন্য প্রান্ত থেকে একটু সমর্থন পেলে হয়তো ম্যাচের শেষটা অমন ম্যাড়মেড়ে হয় না। ‘এ’ দলের ইনিংস যদি হয় নাঈমের ‘ওয়ানম্যান শো’, জাতীয় দলের ৩১১ রানকে বলতে পারেন ‘সমবায় সমিতি’র সুফল। তবে এই সমিতিতে শেষ সাত ব্যাটসম্যানের অবদান মাত্র ২৯। ৩২ রানে পড়েছে শেষ ৬ উইকেট।ব্যাপারটাকে উল্টো করেও দেখতে পারেন। তামিমের আউটের মধ্য দিয়ে শাহরিয়ারের সঙ্গে ১১৮ রানের ওপেনিং জুটি ভেঙেছে ২১.৪ ওভারে। ২৩.৪ ওভারে ১২৫ রানের মাথায় শাহরিয়ারও বিদায় নেওয়ার পর তৃতীয় উইকেটে আশরাফুল-মুশফিকুরই উইকেটে ছিলেন ৪২ ওভার পর্যন্ত, যোগ করেছেন ১৩০ রান। ইলিয়াস সানির বলে আশরাফুলের এলবিডব্লুর পরও ৬১ বলে ৬৩ রান করে ৪৭.৫ ওভার পর্যন্ত উইকেটে ছিলেন চার নম্বর ব্যাটসম্যান মুশফিকুর। বাকিদের খুব বেশি কিছু করার তো সুযোগও ছিল না!এর আগে টসে হেরেও ব্যাটিং পেয়ে জাতীয় দলের জন্য সকালটাকে উজ্জ্বল করে তুলেছিলেন তামিম। ১০ ওভারে দলের রান ৫০, তামিমের একারই ৪০। ৪৬ বলে ফিফটি পাওয়া তামিমের রান অবশ্য শেষ পর্যন্ত এগিয়ে থাকেনি বলের চেয়ে। ৬৭ বলে ৬৫ করে স্লগ সুইপ করতে গিয়ে মাহমুদউল্লাহর বলে বোল্ড।ততক্ষণে শাহরিয়ারেরও হাত খুলে গেছে। ১৬তম ওভারে শাহাদাতকে পরপর দুই ফ্রি হিটে লং অন দিয়ে ছক্কা ও মিড অন দিয়ে চার। ইমরুল কায়েসের জায়গায় সুযোগ পাওয়া আশরাফুলও হাঁটলেন ওপেনারদের দেখানো পথেই। সেঞ্চুরি না পাওয়ার অতৃপ্তি থাকতে পারে আশরাফুলের, তবে দুই-আড়াই হাজার দর্শক অনেক দিন পর দেখল আরেকটা আশরাফুলীয় ইনিংস।৭২ বলে ৮৩ রানের ইনিংসে ফিফটি ৪৭ বলে, আটটি বাউন্ডারি সেখানেই। ফরহাদের ফুল টসকে স্কয়ার লেগ দিয়ে চার বানিয়ে ফিফটি করার আগে ঝড়টা বেশি গেছে শাহাদাতের ওপর দিয়ে। ২৯তম ওভারে পরপর তিন বাউন্ডারি। ফিফটির পরও চার মেরেছেন আরও চারটি, ফ্রি হিটে মিড উইকেট দিয়ে একটা ছক্কাও। শেষ পর্যন্ত ইলিয়াস সানিকে ফ্লিক করতে গিয়ে এলবিডব্লু। তবে যেটা খেলেছেন, ম্যাচ শেষে সাবেক অধিনায়ক সেটার কৃতিত্ব দিলেন নতুন কোচ স্টুয়ার্ট লকেও, ‘নতুন কোচ আমাকে অনেক সাপোর্ট করছেন। ধারাবাহিকতার সমস্যা ছিল আমার। কোচ সেটা কাটিয়ে উঠতে সাহায্য করছেন।’সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ৫০ ওভারে ৩১১/৯ (তামিম ৬৫, শাহরিয়ার ৫০, আশরাফুল ৮৩, মুশফিক ৬৩, শুভাগত ৭, অলক ৫, নাসির ১৪, সোহরাওয়ার্দী ৩, রাজ্জাক ০, নাজমুল ০*, রুবেল ০*।্ররবিউল ৮-১-৪৯-০, ফরহাদ ৭-০-৫২-০, শাহাদাত ৫-০-৪৮-২, নাঈম ১০-১-৩৮-০, মাহমুদউল্লাহ ১০-০-৭৫-৪, ইলিয়াস ৮-০-৩৩-৩, নাদিফ ২-০-১০-০)।বাংলাদেশ ‘এ’: ৩৯ ওভারে ২৩৪/৮ (জহুরুল ৭, জুনায়েদ ৪৫, রকিবুল ০, নাঈম ১০১*, মাহমুদউল্লাহ ৩০, শামসুর ৩, নাদিফ ৩, ফরহাদ ২, ইলিয়াস ১৫, শাহাদাত ৭*। নাজমুল ৮-১-৩৭-১, রুবেল ৮-০-৩৮-৩, নাসির ৭-০-৩৯-১, রাজ্জাক ৮-০-৪৪-২, সোহরাওয়ার্দী ৬-০-৫৩-০, অলক ২-০-১৩-১)। ফল: বাংলাদেশ ৩৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।