নাকও ডেকো, গোলও কোরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি রাতের বেলায় প্রচণ্ড নাক ডাকেন। এ তথ্য জানিয়েছেন বিশ্বকাপে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পে মেসির রুমমেট হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তিনি মজা করে জানিয়েছেন, আর কিছু না হোক মেসি ইতিমধ্যেই একটি ব্যাপারে বিশ্বজয় করেছেন, আর তা হলো—নাক ডাকা। প্রতি রাতেই নাকি মেসির নাক ডাকায় অস্থির হয়ে কানে বালিশ চেপে ঘুমান ভেরন! তবে ভেরন বলেছেন, প্রচণ্ড নাক ডাকলেও এক কক্ষে থাকার ব্যাপারে মেসির সঙ্গে কারোরই তুলনা হয় না। দক্ষিণ আফ্রিকার দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে সেবাস্তিয়ান ভেরন আরও জানিয়েছেন, ‘নাক ডাকার সমস্যাটি একটি বিশেষ বালিশ দিয়েই সমাধান করা যেতে পারে। কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাফল্য পেতে হলে মেসির ফর্মে থাকার বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘আশা করা যায়, মেসি বিশ্বকাপে ফর্মেই থাকবে। কারণ, সে একটি চমত্কার মৌসুম কাটিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। বার্সেলোনার হয়ে অন্য গ্রহেরই ফুটবল খেলেছে মেসি।’হুয়ান সেবাস্তিয়ান ভেরন বলেছেন, মেসি যদি একটু নাক ডাকেও তাতে আপত্তি নেই, তবে মেসিকে গোল করতে হবে। বিশ্বকাপে মেসি গোল করলে নাক ডাকার শব্দও মধুর মনে হবে তাঁর কাছে।এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দল লিওনেল মেসির ঝলকের অপেক্ষায় রয়েছে। কেবল আর্জেন্টিনা দল নয়, গোটা দেশই তাকিয়ে আছে মেসির দিকে। সবার প্রত্যাশা মেসি তাঁর নিজ কারিশমাতেই আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ে ভূমিকা রাখবেন।বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নাইজেরিয়া, গ্রিস ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১২ জুন নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম খেলা।