নাকানিচুবানি খেয়ে ফলোঅনে অস্ট্রেলিয়া
অ্যাশটন অ্যাগারের রেকর্ডগড়া ৯৮ রানের ইনিংসে ভর করে প্রথম টেস্টে রক্ষা পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টে আর সেটা সম্ভব হলো না। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ফলোঅনের লজ্জাটাও এড়াতে পারল না মাইকেল ক্লার্কের দল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ১২৮ রানে। পাঁচটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে সত্যিই নাকানিচুবানি খাইয়েছেন ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ান। ট্রেন্ট ব্রিজ টেস্টের মতো লর্ডসেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সঙ্গী হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। মাত্র ৬৯ রানেই ৪ উইকেট হারানোর পর অস্ট্রেলীয় অধিনায়ক নিজে শক্ত হাতে হাল ধরার চেষ্টা করেছিলেন ডুবতে বসা জাহাজটির। কিন্তু সফল হতে পারেননি। ফিরে গেছেন মাত্র ২৮ রান করে। তখন স্কোরবোর্ডের অবস্থা ছিল ৬ উইকেটে ৯১ রান। এরপর অ্যাগারের ব্যাটের দিকে তাকিয়ে হয়তো আরও একটা চমকের আশাই করেছিলেন অস্ট্রেলিয়ার সমর্থকেরা। কিন্তু অ্যাগারকে ফিরতে হয় রানআউটের ফাঁদে পড়ে। অথচ এর আগে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডকে ৩৬১ রানে অলআউট করার পর ১২ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৪২ রান। ত্রয়োদশ ওভারে ভর করল অপয়া তেরোর ভূত। টিম ব্রেসনানের শিকার হয়ে ফিরলেন শেন ওয়াটসন (৩০)। এরপরই শুরু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ১ উইকেটে ৪২ থেকে স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৪ উইকেটে ৬৯ রান।