নাখোশ ডালমিয়া
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বিরুদ্ধে অসম নীতির অভিযোগ এনেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি, আইসিসির সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া। ইডেন গার্ডেন থেকে ভারত-ইংল্যান্ড ম্যাচ সরিয়ে নেওয়ায় ক্ষুব্ধ এই ক্রিকেট সংগঠক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রতি ইঙ্গিত করে বলেছেন, মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা মাঠ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের ছাড়পত্র পেতে পারে না।ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংস্কারকাজে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত সন্তোষ প্রকাশ করায় প্রচণ্ড খেপেছেন ডালমিয়া, ‘সমালোচনা করতেও রুচিতে বাধে। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা এখনো পর্যন্ত কোনো টেস্ট, ওয়ানডে এমনকি ফার্স্ট ক্লাস ম্যাচ পর্যন্ত আয়োজন করেনি। ফার্স্ট ক্লাস ম্যাচ কী, তা আপনাদের সবারই জানা আছে।’ ওয়াংখেড়ে স্টেডিয়ামের পক্ষে আইসিসির অবস্থানকে চ্যালেঞ্জ করে ডালমিয়া বলেছেন, ‘এটা মর্যাদাহানির বিষয় হয়ে দাঁড়িয়েছে। কী হচ্ছে, আমরা সবাই তা জানতে চাই। যথেষ্ট হয়েছে, পুরুষ মানুষের মতো পরিষ্কার করে বলুন, দোষটা কোথায় ছিল। কেন আমরা ইংল্যান্ড-ভারত ম্যাচটা পেলাম না?’ আইসিসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ডালমিয়া বলেছেন, ‘আইসিসির অবস্থানকে আমি চ্যালেঞ্জ করছি। (তারা যা করেছে) কেউই এটা করতে পারে না। এ ব্যাপারে আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। পারলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। (আইসিসির) বিশেষজ্ঞ কারা, তাঁরা কোত্থেকে এসেছেন, তা আমরা জানতে চাই।’বিসিসিআইয়ের সচিব এন শ্রীনিবাসনের কাছে পাঠানো একটি চিঠিতে ডালমিয়া বলেছেন, ‘আইসিসির স্টেডিয়াম শর্ত অনুযায়ী বিশ্বকাপের ভেন্যু হতে অন্তত ছয় মাস আগে কমপক্ষে দুটি টেস্ট অথবা ওয়ানডে অথবা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ এক মৌসুম ফার্স্ট ক্লাস ম্যাচ হওয়ার বিধান আছে। কিন্তু স্থানীয় টি-টোয়িন্ট ম্যাচ কোনো মাপকাঠি হতে পারে না। গত ফেব্রুয়ারিতে এই ম্যাচ হয়। আশ্চর্য হলো, আইসিসির বিশেষজ্ঞরা তাঁদের ক্ষমতার বাইরে গিয়ে এই মাঠটিকে ছাড়পত্র দিলেন।’